[1] তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। তার জল স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে নির্গত হয়ে
[2] নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুই পাশে ছিল জীবনবৃক্ষ, এক এক মাসে একবার করে তা বারো মাস ফল উৎপন্ন করে। আর সেই গাছের পাতা জাতিবৃন্দের আরোগ্যলাভের জন্য।
[3] সেখানে আর কোনও অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তাঁর দাসেরা তাঁর উপাসনা করবে।
[4] তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে এবং তাঁর শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে।
[5] সেখানে রাত্রি আর হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে।
[6] সেই স্বর্গদূত আমাকে বললেন, “এই সমস্ত বচন বিশ্বাসযোগ্য ও সত্যি। যা অবশ্যই সত্বর ঘটতে চলেছে, তা তার দাসদের প্রদর্শন করার জন্য প্রভু, ভাববাদীদের আত্মাসমূহের ঈশ্বর, তাঁর দূতকে প্রেরণ করেছেন।”
[7] “দেখো, আমি শীঘ্রই আসছি! ধন্য সেই জন, যে এই গ্রন্থে লেখা ভাববাণীর বচনগুলি পালন করে।”
[8] আমি যোহন, এসব বিষয় শুনলাম ও দেখলাম। আর যখন আমি সেগুলি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত সেগুলি আমাকে দেখাচ্ছিলেন, আমি তাঁর উপাসনা করার জন্য তাঁর চরণে প্রণত হলাম।
[9] কিন্তু তিনি আমাকে বললেন, “তুমি এরকম কোরো না। আমি তোমার সহদাস এবং তোমার ভাববাদী ভাইদের ও যারা এই গ্রন্থে লিখিত বচনগুলি পালন করে, তাদের সবারই সহদাস। ঈশ্বরেরই উপাসনা করো!”
[10] এরপর তিনি আমাকে বললেন, “এই গ্রন্থে লিখিত ভাববাণীর বচনগুলি মোহরাঙ্কিত কোরো না, কারণ সময় আগতপ্রায়।
[11] যে অন্যায় করে, সে এর পরেও অন্যায় করুক; যে কলুষিত, সে এর পরেও কলুষতার আচরণ করুক; যে ন্যায়সঙ্গত আচরণ করে, সে এর পরেও ন্যায়সঙ্গত আচরণ করুক; আর যে পবিত্র, সে এর পরেও পবিত্র থাকুক।”
[12] “দেখো, আমি শীঘ্র আসছি! আমার দেয় পুরস্কার আমার সঙ্গে আছে, আর আমি সকলের কৃতকর্ম অনুযায়ী প্রতিফল দেব।
[13] আমিই আলফা ও ওমেগা, প্রথম ও শেষতম, প্রারম্ভ ও সমাপ্তি।
[14] “ধন্য তারা, যারা নিজেদের পোশাক ধৌত করে, যেন তারা জীবনবৃক্ষের অধিকার লাভ করে ও নগরদ্বারগুলি দিয়ে প্রবেশ করে।
[15] বাইরে রয়েছে কুকুরেরা, আর যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অনুশীলন করে, যারা অবৈধ যৌনসংসর্গকারী, যারা খুনি এবং প্রতিমাপূজকেরা, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা বলেই যায়।
[16] “আমি যীশু, মণ্ডলীগুলির কাছে এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে প্রেরণ করেছি। আমিই দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী-তারা!”
[17] পবিত্র আত্মা ও কন্যা বলছেন, “এসো!” যে শোনে, সে-ও বলুক, “এসো!” যে তৃষ্ণার্ত, সে আসুক; আর যে চায়, সে বিনামূল্যের উপহার, জীবন জল গ্রহণ করুক।
[18] যারা এই গ্রন্থের ভাববাণীর বচনগুলি শোনে, আমি তাদের প্রত্যেককে সতর্ক করে বলছি: যদি এগুলির সঙ্গে কেউ আরও কিছু যোগ করে, ঈশ্বর সেই ব্যক্তির প্রতি এই গ্রন্থে লিখিত বিপর্যয়গুলিও যোগ করবেন।
[19] আবার কেউ যদি ভাববাণীর এই গ্রন্থ থেকে কোনও বচন হরণ করে, তাহলে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবনবৃক্ষ থেকে ও সেই পবিত্র নগর থেকে তার অংশও হরণ করবেন।
[20] যিনি এসব বিষয়ের সাক্ষ্য দেন, তিনি বলছেন, “হ্যাঁ, আমি শীঘ্র আসছি।” আমেন। প্রভু যীশু, এসো।
[21] প্রভু যীশুর অনুগ্রহ ঈশ্বরের সকল পবিত্রজনের সঙ্গে থাকুক। আমেন।