[1] “ইফিষে স্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধারণ করেন ও সাতটি সোনার দীপাধারের মধ্যে দিয়ে গমনাগমন করেন, তিনিই একথা বলছেন:
[2] আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুর্জন মানুষদের সহ্য করতে পারো না এবং নিজেদের প্রেরিতশিষ্য বলে দাবি করলেও যারা প্রেরিতশিষ্য নয়, তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ।
[3] তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছ ও কষ্ট সহ্য করেছ, অথচ পরিশ্রান্ত হওনি।
[4] তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে: তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ।
[5] কোনও উচ্চ স্থান থেকে পতিত হয়েছ, তা তুমি স্মরণ করো। তুমি মন পরিবর্তন করো ও প্রথমে যে কাজগুলি করছিলে, সেগুলি করো। কিন্তু যদি মন পরিবর্তন না করো, আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটি স্বস্থান থেকে অপসারিত করব।
[6] তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হল: তুমি নিকোলায়তীয়দের আচার-আচরণ ও প্রথা গুলিকে ঘৃণা করো, আমিও সেগুলিকে ঘৃণা করি।
[7] যার কান আছে, সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলিকে কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি ঈশ্বরের পরমদেশ স্থিত জীবনবৃক্ষের ফল খাওয়ার অধিকার দেব।
[8] “আর স্মূর্ণা স্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি প্রথম ও শেষ, যিনি মৃত্যুবরণ করেছিলেন ও পুনরায় জীবিত হয়েছেন, এগুলি তারই মুখনিঃসৃত বাক্য।
[9] আমি তোমার দুঃখকষ্ট ও তোমার দারিদ্র্যের কথা জানি, তবুও তুমি ধনী। নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্মনিন্দার কথাও আমি জানি।
[10] তোমাকে যে কষ্টভোগ করতে হবে, তার জন্য ভয় পেয়ো না। আমি তোমাকে বলি, তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করবে। এতে দশদিন পর্যন্ত তোমরা নির্যাতন ভোগ করবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থেকো, আমি তোমাকে জীবনমুকুট দেব।
[11] যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীগুলিকে কী বলছেন। যে বিজয়ী হয়, সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনও আঘাত পাবে না।
[12] “আর পর্গাম স্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি তীক্ষ্ণ ও দুদিকে শাণিত তরোয়াল ধারণ করেন, এগুলি তাঁরই মুখনিঃসৃত বাক্য,
[13] আমি জানি, তুমি কোথায় বাস করছ, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছ। আমার সেই বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস, যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল, যেখানে শয়তানের অধিষ্ঠান, তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করোনি।
[14] তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার কয়েকটি অভিযোগ আছে: তুমি সেখানে বিলিয়মের শিক্ষাবলম্বী কিছু মানুষকে থাকতে দিয়েছ, যে বালাককে কুশিক্ষা দিয়েছিল, যেন সে ইস্রায়েলীদের প্রলুব্ধ করে, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গীকৃত বলি ভক্ষণ করার ও অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার পাপ করে।
[15] একইভাবে, তোমার মধ্যেও নিকোলায়তীয়দের শিক্ষালম্বী কিছু মানুষ আছে।
[16] সেই কারণে, মন পরিবর্তন করো! অন্যথায়, আমি শীঘ্রই তোমার কাছে এসে আমার মুখের তরোয়াল দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করব।
[17] যার কান আছে, সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলিকে কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি কিছু পরিমাণ গুপ্ত মান্না দেব। এছাড়াও, তাকে আমি একটি শ্বেতপাথর দেব, যার উপরে একটি নতুন নাম লেখা আছে, কেউ সেই নাম জানতে পারে না, কেবলমাত্র যে তা গ্রহণ করে, সেই জানে।
[18] “থুয়াতীরা স্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি ঈশ্বরের পুত্র, যাঁর দুটি চোখ অগ্নিশিখার মতো ও যাঁর দু পা ঝকঝকে পিতলের মতো, এগুলি তাঁরই মুখনিঃসৃত বাক্য।
[19] আমি তোমার কাজকর্মগুলি, তোমার ভালোবাসা ও বিশ্বাস, তোমার সেবা ও ধৈর্য এবং প্রথমে কৃত কাজগুলি থেকেও এখনকার কৃত অধিকতর কাজে লিপ্ত রয়েছ, একথা আমি জানি।
[20] তবুও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা-ভাববাদী বলে। তার শিক্ষামালার দ্বারা সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উত্সর্গীকৃত বলি ভক্ষণ করার জন্য ভ্রান্তপথে চালিত করে।
[21] তার ব্যভিচার থেকে মন পরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি।
[22] সেই কারণে, আমি কষ্টভোগের জন্য তাকে শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করে, তারা যদি তার পথসমূহ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচণ্ড ক্লেশভোগে ফেলে দেব।
[23] আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী এবং আমি তোমাদের প্রত্যেকজনকে, তার কর্ম অনুযায়ী প্রতিফল দেব।
[24] এখন অবশিষ্ট তোমরা যারা থুয়াতীরাতে আছো, যারা তার শিক্ষাগ্রহণ করোনি এবং শয়তানের তথাকথিত গভীর তত্ত্বকথা শিক্ষা করোনি, ‘আমি তোমাদের উপরে আর কোনও ভার অর্পণ করতে চাই না:
[25] কেবলমাত্র তোমাদের যা আছে, আমার আগমন পর্যন্ত কেবলমাত্র সেটুকুই দৃঢ়রূপে ধারণ করে থাকো।’
[26] যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দের উপরে কর্তৃত্ব করতে দেব,
[27] ঠিক যেমন ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি, তার ফলে আর ‘সে লৌহদণ্ডের দ্বারা তাদের শাসন করবে; মৃৎ পাত্রের মতো সে তাদের করবে খণ্ড খণ্ড।’
[28] এছাড়াও আমি তাকে দেব প্রভাতিতারা।
[29] যার কান আছে, সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীগুলিকে কী বলছেন।