Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:52

[1] তারপর স্বর্গে এক বিশাল ও বিস্ময়কর চিহ্ন দেখা গেল, এক নারী, সূর্য তার বসন, চন্দ্র তার পদতলে এবং তার মাথায় বারোটি তারাখচিত এক মুকুট।

[2] সে ছিল সন্তান-সম্ভবা এবং প্রসব-যন্ত্রণায় কাতর হয়ে সে আর্তনাদ করছিল।

[3] এরপর মহাকাশে আর একটি চিহ্ন দেখা দিল; একটি অতিকায় লাল দানব, তার ছিল সাতটি মাথা ও দশটি শিং এবং তার মাথাগুলিতে ছিল সাতটি মুকুট।

[4] তার লেজ আকাশের এক-তৃতীয়াংশ নক্ষত্রকে টেনে পৃথিবীতে নিক্ষেপ করল। সেই দানব, আসন্ন-প্রসবা সেই নারীর সামনে এসে দাঁড়াল, যেন জন্ম হওয়ামাত্র সে তার শিশুকে গ্রাস করতে পারে।

[5] সে এক পুত্র-সন্তানের জন্ম দিল, যিনি লোহার রাজদণ্ডের দ্বারা সব জাতিকে শাসন করবেন। তার সেই শিশুকে সেই দানবের সামনে থেকে ছিনিয়ে নিয়ে ঈশ্বর ও তাঁর সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল।

[6] সেই নারী মরুপ্রান্তরে এক স্থানে পলায়ন করল, যে স্থান ঈশ্বর তার জন্য প্রস্তুত করেছিলেন, যেখানে সে 1,260 দিন পর্যন্ত প্রতিপালিত হবে।

[7] এরপর স্বর্গে একটি যুদ্ধ হল। মীখায়েল ও তাঁর দূতেরা সেই দানবের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর সেই দানব ও তার দূতেরাও যুদ্ধ করল।

[8] কিন্তু তার যথেষ্ট শক্তি ছিল না, তাই তারা মহাকাশ থেকে তাদের স্থানচ্যূত হল।

[9] সেই মহাদানবকে নিচে নিক্ষেপ করা হল—এ সেই পুরাকালের সাপ, যাকে দিয়াবল অপবাদকারী বা শয়তান বিপক্ষ বলা হয়, সে সমস্ত জগৎকে বিপথে চালিত করে। তাকে ও তার সঙ্গে তার দূতদেরও পৃথিবীতে নিক্ষেপ করা হল।

[10] এরপরে আমি স্বর্গে এক উচ্চ রব শুনতে পেলাম: “এখন পরিত্রাণ ও পরাক্রম ও আমাদের ঈশ্বরের রাজ্য এবং তাঁর খ্রীষ্টের কর্তৃত্ব উপস্থিত হল। কারণ আমাদের ভাইবোনেদের বিরুদ্ধে সেই অভিযোগকারী, যে আমাদের ঈশ্বরের সামনে তাদের বিরুদ্ধে দিনরাত অভিযোগ করে, সে নিক্ষিপ্ত হয়েছে।

[11] মেষশাবকের রক্তের দ্বারা ও তাদের সাক্ষ্যের বাণী দ্বারা তারা তাকে পরাস্ত করেছে; তারা নিজেদের প্রাণকেও এত প্রিয় জ্ঞান করেনি, যে কারণে মৃত্যুকেও তুচ্ছজ্ঞান করেছে।

[12] সেই কারণে স্বর্গলোক ও তার অধিবাসীরা, তোমরা আনন্দ করো! কিন্তু পৃথিবী ও সমুদ্রের দুর্দশা হবে, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে গিয়েছে! সে ক্রোধে পূর্ণ, কারণ সে জানে তার সময় সংক্ষিপ্ত।”

[13] সেই দানব যখন দেখল, তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, সে সেই নারীর পিছনে ধাবমান হল, যে পুত্রসন্তানের জন্ম দিয়েছিল।

[14] সেই নারীকে একটি বড় ঈগল পাখির মতো দুটি ডানা দেওয়া হয়েছিল, যেন মরুপ্রান্তরে তার জন্য যে স্থান প্রস্তুত করা হয়েছে, সে সেখানে উড়ে যেতে পারে। সে সেই দানবের নাগালের বাইরে, এক বছর, দুবছর ও ছয় মাস প্রতিপালিত হবে।

[15] তারপর সেই দানবটি তার মুখ থেকে নদীর মতো জলধারা উদ্‌গিরণ করল, যেন সেই নারীর নাগাল পায় ও তাকে জলের স্রোতে ভাসিয়ে দিতে পারে।

[16] কিন্তু পৃথিবী তার মুখ খুলে সেই নারীকে সাহায্য করল এবং সে নাগ-দানবের মুখ থেকে উদ্‌গীর্ণ সেই নদী গিলে ফেলল।

[17] তখন সেই নাগ দানব সেই নারীর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার বংশের সেই অবশিষ্ট মানুষদের সঙ্গে, যারা ঈশ্বরের আদেশ পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল।

[18] আর সেই নাগ দানব সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াল।

প্রকাশিত বাক্য — Chapters