Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:47

[1] দাউদ যখন বৃদ্ধ হয়ে গেলেন ও তাঁর আয়ু ফুরিয়ে আসছিল, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপর রাজা করে দিলেন।

[2] এছাড়াও তিনি ইস্রায়েলের সব নেতাকে, তথা যাজক ও লেবীয়দেরও সমবেত করলেন।

[3] ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000।

[4] দাউদ বললেন, “এদের মধ্যে 24,000 জন সদাপ্রভুর মন্দিরে কাজ করার দায়িত্ব পালন করবে এবং 6,000 জন হবে কর্মকর্তা ও বিচারক।

[5] 4,000 জন হবে দ্বাররক্ষী ও বাকি 4,000 জন সেইসব বাদ্যযন্ত্র নিয়ে সদাপ্রভুর প্রশংসা করবে, যেগুলি আমি সেই উদ্দেশ্যেই সরবরাহ করলাম।”

[6] গের্শোন, কহাৎ ও মরারি: লেবির এই ছেলেদের বংশানুসারে দাউদ লেবীয়দের কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন।

[7] গের্শোনীয়দের অন্তর্ভুক্ত: লাদন ও শিমিয়ি।

[8] লাদনের ছেলেরা: প্রথমজন যিহীয়েল, পরে সেথম ও যোয়েল—মোট তিনজন।

[9] শিমিয়ির ছেলেরা: শলোমৎ, হসীয়েল ও হারণ—মোট তিনজন। এঁরাই লাদনের বংশগুলির কর্তাব্যক্তি ছিলেন।

[10] আবার শিমিয়ির ছেলেরা: যহৎ, সীষ, যিয়ূশ ও বরীয়। এঁরাই শিমিয়ির ছেলে—মোট চারজন।

[11] যহৎ বড় ছেলে ছিলেন এবং দ্বিতীয়জন ছিলেন সীষ, কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা খুব একটি বেশি ছিল না; তাই তাঁদের একটিই বংশরূপে গণ্য করা হল এবং একই কাজ করার দায়িত্ব তাঁদের দেওয়া হল।

[12] কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল—মোট চারজন।

[13] অম্রামের ছেলেরা: হারোণ ও মোশি। মহাপবিত্র জিনিসপত্র উৎসর্গ করার, সদাপ্রভুর সামনে বলিদান করার, তাঁর সামনে পরিচর্যা করার ও চিরকাল তাঁর নামে আশীর্বাদ ঘোষণা করার উদ্দেশে হারোণকে তথা তাঁর বংশধরদের চিরকালের জন্য অন্যদের থেকে আলাদা করে দেওয়া হল।

[14] ঈশ্বরের লোক মোশির ছেলেদেরও লেবীয় বংশের অংশবিশেষ বলে ধরা হত।

[15] মোশির ছেলেরা: গের্শোম ও ইলীয়েষর।

[16] গের্শোমের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন শবূয়েল।

[17] ইলীয়েষরের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন রহবিয়। ইলীয়েষরের আর কোনও ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলেরা সংখ্যায় ছিল প্রচুর।

[18] যিষ্‌হরের ছেলেরা: প্রথম স্থানে ছিলেন শলোমীৎ।

[19] হিব্রোণের ছেলেরা: প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়, তৃতীয়জন যহসীয়েল এবং চতুর্থজন যিকমিয়াম।

[20] উষীয়েলের ছেলেরা: প্রথমজন মীখা ও দ্বিতীয়জন যিশিয়।

[21] মরারির ছেলেরা: মহলি ও মূশি। মহলির ছেলেরা: ইলিয়াসর ও কীশ।

[22] ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা গেলেন: তাঁর শুধু কয়েকটি মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ, তাঁদের খুড়তুতো ভাইয়েরাই তাঁদের বিয়ে করলেন।

[23] মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন।

[24] বংশানুসারে এঁরাই লেবির বংশধর—যাঁরা বিভিন্ন কুলের কর্তাব্যক্তিরূপে তাঁদের নামানুসারে নথিভুক্ত হলেন এবং ব্যক্তিগত ভাবে তাঁদের গুনে রাখা হল, অর্থাৎ, তাঁরা সেইসব কর্মী, যাঁদের বয়স কুড়ি বছর বা তার বেশি হল ও তাঁরা সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করতেন।

[25] কারণ দাউদ বললেন, “যেহেতু ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রজাদের বিশ্রাম দিয়েছেন ও চিরকাল জেরুশালেমে বসবাস করার জন্য এখানে এসেছেন,

[26] তাই লেবীয়দের আর কখনও নিবাস-তাঁবু বা সেখানকার পরিচর্যার ক্ষেত্রে ব্যবহৃত কোনও জিনিসপত্র বহন করতে হবে না।”

[27] দাউদের দেওয়া শেষ নির্দেশ অনুসারে, কুড়ি বছর বা তার বেশি বয়সের সেই লেবীয়দের গুনে রাখা হল।

[28] সদাপ্রভুর মন্দিরের পরিচর্যায় হারোণের বংশধরদের সাহায্য করাই ছিল লেবীয়দের দায়িত্ব: প্রাঙ্গণের ও পাশের কামরাগুলির দেখাশোনা করার, সব পবিত্র জিনিসপত্র শুদ্ধিকরণের ও ঈশ্বরের ভবনে অন্যান্য সব দায়িত্ব তাঁদেরই পালন করতে হত।

[29] টেবিলে রুটি সাজিয়ে রাখার, শস্য-নৈবেদ্যর জন্য বিশেষ ময়দা প্রস্তুত করার, খামিরবিহীন সরু রুটি তৈরি করার, সেগুলি সেঁকার ও মিশ্রিত করার, এবং পরিমাণ ও মাপ অনুসারে সবকিছু ঠিকঠাক করার দায়িত্বও তাদেরই দেওয়া হল।

[30] প্রতিদিন সকালে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য তাঁদের দাঁড়িয়েও থাকতে হত। সন্ধ্যাবেলাতে

[31] এবং সাব্বাথবারে, অমাবস্যার উৎসবে ও বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে যখনই সদাপ্রভুর কাছে হোমবলি উৎসর্গ করা হত, তখনও তাঁদের একই কাজ করতে হত। সঠিক সংখ্যায় ও তাঁদের জন্য নিরূপিত প্রথানুসারে নিয়মিতভাবে তাঁদের সদাপ্রভুর সামনে পরিচর্যা করে যেতে হত।

[32] তাই এভাবেই লেবীয়েরা তাঁদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের অধীনে থেকে সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার জন্য সমাগম তাঁবুর ও পবিত্রস্থানের ক্ষেত্রে তাঁদের দায়িত্ব পালন করে গেলেন।

1 বংশাবলি — Chapters