Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:29

[1] কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করলেন ও তাদের বশীভূতও করলেন, এবং তিনি ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও সেটির চারপাশের গ্রামগুলি ছিনিয়ে নিয়েছিলেন।

[2] দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন, এবং তারা তাঁর অধীনে এসে তাঁর কাছে কর নিয়ে এসেছিল।

[3] এছাড়াও, সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর মিনারটি খাড়া করতে গেলেন, তখন হমাৎ অঞ্চলে দাউদ তাঁকেও পরাজিত করলেন।

[4] দাউদ হদদেষরের এক হাজার রথ, সাত হাজার সারথি ও 20,000 পদাতিক সৈন্য দখল করে নিয়েছিলেন। রথে জোড়া মাত্র একশোটি ঘোড়া বাদ দিয়ে তিনি অন্য সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।

[5] দামাস্কাসের আরামীয়েরা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে মেরে ফেলেছিলেন।

[6] দামাস্কাসের আরামীয় রাজ্যে তিনি সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং আরামীয়েরা তাঁর অধীনে এসে তাঁর কাছে কর নিয়ে এসেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে জয় প্রদান করলেন।

[7] হদদেষরের কর্মকর্তারা সোনার যে ঢালগুলি বহন করত, দাউদ সেগুলি দখল করে জেরুশালেমে নিয়ে এলেন।

[8] হদদেষরের অধিকারে থাকা দুটি নগর তেভা ও কূন থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিয়ে এলেন, যেগুলি শলোমন ব্রোঞ্জের সমুদ্র-পাত্র, বেশ কয়েকটি থাম ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করলেন।

[9] হমাতের রাজা তোয়ু যখন শুনতে পেয়েছিলেন যে দাউদ সোবার রাজা হদদেষরের সম্পূর্ণ সৈন্যদলকে পরাজিত করেছেন,

[10] তখন হদদেষরের বিরুদ্ধে যুদ্ধজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য তিনি দাউদের কাছে তাঁর ছেলে হদোরামকে পাঠিয়ে দিলেন, কারণ হদদেষরের সাথে তোয়ুর প্রায়ই যুদ্ধ হত। হদোরাম সোনা, রুপো ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এলেন।

[11] রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, ঠিক যেভাবে ইদোম ও মোয়াব, অম্মোনীয় ও ফিলিস্তিনী এবং অমালেক: এইসব জাতির কাছ থেকে আনা সোনা ও রুপো তিনি উৎসর্গ করে দিলেন।

[12] সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেলেছিলেন।

[13] তিনি ইদোমে সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং ইদোমীয়েরা সবাই দাউদের অধীনে এসেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সেখানে সেখানে সদাপ্রভু তাঁকে জয় প্রদান করলেন।

[14] দাউদ তাঁর প্রজাদের জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত, তার ব্যবস্থা করেই সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করে যাচ্ছিলেন।

[15] সরূয়ার ছেলে যোয়াব ছিলেন সৈন্যদলের প্রধান; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;

[16] অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন যাজক; শবশ ছিলেন সচিব;

[17] যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের তত্ত্বাবধায়ক ছিলেন; এবং দাউদের ছেলেরা রাজার প্রধান সহকারী ছিলেন।

1 বংশাবলি — Chapters