Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:25

[1] ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি রাখার জন্য দাউদ যে তাঁবুটি খাটিয়েছিলেন, তারা সেটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, এবং তারা ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।

[2] দাউদ হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করার পর সদাপ্রভুর নামে প্রজাদের আশীর্বাদ করলেন।

[3] পরে তিনি প্রত্যেক ইস্রায়েলী পুরুষ ও মহিলাকে একটি করে রুটি, একটি করে খেজুরের ও কিশমিশের পিঠে দিলেন।

[4] লেবীয়দের মধ্যে কয়েকজনকে তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে পরিচর্যা করার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গুণকীর্তন করার, তাঁকে ধন্যবাদ জানানোর, ও তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন:

[5] তাঁদের মধ্যে প্রধান ছিলেন আসফ, পদমর্যাদায় তাঁর অধঃস্তন ছিলেন সখরিয়, পরে ছিলেন যাশীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। তাঁদের খঞ্জনি ও বীণা বাজাতে হত, আসফকে সুরবাহারে ঝংকার তুলতে হত,

[6] এবং যাজক বনায় ও যহসীয়েলকে পর্যায়ক্রমে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সামনে শিঙা বাজাতে হত।

[7] সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:

[8] সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো; জাতিদের জানাও তিনি কী করেছেন।

[9] তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও; তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

[10] তাঁর পবিত্র নামের মহিমা করো; যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

[11] সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো; সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।

[12] মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, তাঁর অঘটনগুলি, ও তাঁর শাস্তি ঘোষণা,

[13] তোমরা তাঁর দাস, হে ইস্রায়েলের বংশধরেরা, তাঁর মনোনীত জনেরা, হে যাকোবের সন্তানেরা।

[14] তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; তাঁর বিচার সমগ্র পৃথিবীতে বিরাজমান।

[15] তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন, যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার প্রজন্ম পর্যন্ত,

[16] যে নিয়ম তিনি করলেন অব্রাহামের সাথে, যে শপথ তিনি করলেন ইস্‌হাকের কাছে।

[17] তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন, ইস্রায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়মরূপে:

[18] “তোমাকেই আমি দেব সেই কনান দেশ সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।”

[19] তারা যখন সংখ্যায় ছিল অতি নগণ্য, সত্যিই নগণ্য, ও সেখানে ছিল তারা বিদেশি,

[20] তারা ঘুরে বেড়িয়েছিল এক দেশ থেকে আরেক দেশে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে।

[21] তাদের উপর অত্যাচার করার সুযোগ তিনি কাউকে দেননি; তাদের সুবিধার্থে তিনি রাজাদের ভর্ৎসনা করলেন:

[22] “আমার অভিষিক্ত জনেদের স্পর্শ কোরো না; আমার ভাববাদীদের কোনও ক্ষতি কোরো না।”

[23] হে সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গান গাও; দিনের পর দিন তাঁর উদ্ধার ঘোষণা করো।

[24] জাতিদের মধ্যে তাঁর প্রতাপের কথা বলো, সব লোকজনের কাছে তাঁর বিস্ময়কর কাজের কথা বলো।

[25] কারণ সদাপ্রভু মহান ও প্রশংসা পাওয়ার অত্যন্ত যোগ্য; সব দেবতাদের ঊর্ধ্বে তিনি ভয়যোগ্য।

[26] কারণ জাতিদের সব দেবতা প্রতিমা মাত্র, কিন্তু সদাপ্রভুই আকাশমণ্ডলের নির্মাতা।

[27] তাঁর সামনে রয়েছে সমারোহ ও প্রতাপ; শক্তি ও আনন্দ রয়েছে তাঁর বাসস্থানে।

[28] সদাপ্রভুর বলে স্বীকার করো, হে জাতিদের সব পরিবার, মহিমা ও পরাক্রম সদাপ্রভুরই বলে স্বীকার করো।

[29] সদাপ্রভুর নামের প্রাপ্য মহিমা তাঁর বলেই স্বীকার করো; উপহার নিয়ে তাঁর কাছে এসো।

[30] হে সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পমান হও! এ জগৎ অটলভাবে স্থাপিত; সেটি বিচলিত হবে না।

[31] আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করলেন!”

[32] সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক; ক্ষেতখামার ও সেখানকার সবকিছু আনন্দ করুক!

[33] বনের গাছপালা গান করুক, সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

[34] সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর প্রেম নিত্যস্থায়ী।

[35] চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো; আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”

[36] ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।”

[37] প্রতিদিনের চাহিদানুসারে পর্যায়ক্রমে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির সামনে পরিচর্যা করার জন্য দাউদ সেখানে আসফ ও তাঁর সহকর্মীদের ছেড়ে গেলেন।

[38] এছাড়াও তাঁদের সাথে পরিচর্যা করার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর 68 জন সহকর্মীকেও ছেড়ে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম, ও হোষাও দ্বাররক্ষী ছিলেন।

[39] গিবিয়োনে আরাধনার উঁচু স্থানটিতে সদাপ্রভুর নিবাস-তাঁবুর সামনে দাউদ যাজক সাদোক ও তাঁর সহকর্মী যাজকদের ছেড়ে গেলেন

[40] যেন তাঁরা পর্যায়ক্রমে, সকাল-সন্ধ্যায় সদাপ্রভু ইস্রায়েলকে যে বিধান-পুস্তক দিলেন তাতে লেখা যাবতীয় নিয়মানুসারে হোমবলির বেদিতে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উপস্থিত করতে পারেন।

[41] হেমন ও যিদূথূন এবং “তাঁর প্রেম নিত্যস্থায়ী,” এই বলে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর জন্য নাম ধরে ধরে যাঁদের মনোনীত করা হল ও দায়িত্ব দেওয়া হল, অবশিষ্ট সেই লোকজনও তাঁদের সাথে ছিলেন।

[42] হেমন ও যিদূথূনকে দায়িত্ব দেওয়া হল যেন তাঁরা শিঙা ও সুরবাহার বাজান এবং পবিত্র গানের সাথে সাথে অন্যান্য বাজনাও বাজান। যিদূথূনের ছেলেরা সদাপ্রভুর মন্দিরের দরজায় মোতায়েন ছিল।

[43] পরে লোকেরা সবাই নিজের নিজের ঘরে ফিরে গেল, এবং দাউদও তাঁর পরিবার-পরিজনদের আশীর্বাদ করার জন্য ঘরে ফিরে গেলেন।

1 বংশাবলি — Chapters