Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:11

[1] দাউদ-নগরে নিজের জন্য ঘর-বাড়ি তৈরি করার পর দাউদ ঈশ্বরের নিয়ম-সিন্দুকের জন্য এক স্থান প্রস্তুত করলেন ও সেটির জন্য এক তাঁবু খাটিয়েছিলেন।

[2] পরে দাউদ বললেন, “লেবীয়েরা ছাড়া আর কেউ ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি বহন করবে না, কারণ সদাপ্রভুর সিন্দুকটি বহন করার ও চিরকাল তাঁর সামনে সেবাকাজ করার জন্য সদাপ্রভুই তাদের বেছে নিয়েছেন।”

[3] সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য দাউদ যে স্থানটি প্রস্তুত করলেন, সেখানে সেটি নিয়ে আসার জন্য তিনি সমস্ত ইস্রায়েলকে জেরুশালেমে একত্রিত করলেন।

[4] হারোণ ও এই লেবীয়দের ডেকে তিনি সমবেত করলেন:

[5] কহাতের বংশধরদের মধ্যে থেকে, নেতা ঊরীয়েল ও তাঁর 120 জন আত্মীয়স্বজন;

[6] মরারির বংশধরদের মধ্যে থেকে, নেতা অসায় ও তাঁর 220 জন আত্মীয়স্বজন;

[7] গের্শোনের বংশধরদের মধ্যে থেকে, নেতা যোয়েল ও তাঁর 130 জন আত্মীয়স্বজন;

[8] ইলীষাফণের বংশধরদের মধ্যে থেকে, নেতা শময়িয় ও তাঁর 200 জন আত্মীয়স্বজন;

[9] হিব্রোণের বংশধরদের মধ্যে থেকে, নেতা ইলীয়েল ও তাঁর আশি জন আত্মীয়স্বজন;

[10] উষীয়েলের বংশধরদের মধ্যে থেকে, নেতা অম্মীনাদব ও তাঁর 112 জন আত্মীয়স্বজন।

[11] পরে দাউদ যাজক সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।

[12] তিনি তাঁদের বললেন, “আপনারা লেবীয় গোষ্ঠীর কর্তাব্যক্তি; আপনাদেরই নিজেদের ও আপনাদের সহকর্মী লেবীয়দের পবিত্র করতে হবে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য আমি যে স্থানটি প্রস্তুত করে রেখেছি, সেখানে সেটি নিয়ে আসতে হবে।

[13] আপনারা, এই লেবীয়রা যেহেতু প্রথমবার সেটি তুলে আনেননি, তাই আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েছিলেন। বিধানানুসারে কীভাবে তা করতে হয়, সে-বিষয়েও আমরা তাঁর কাছে কিছু জানতে চাইনি।”

[14] তাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য যাজক ও লেবীয়েরা নিজেদের পবিত্র করলেন।

[15] সদাপ্রভুর বাক্যানুযায়ী মোশি যে আদেশ দিলেন, সেই আদেশানুসারে লেবীয়েরা নিজেদের কাঁধের উপর খুঁটিতে চাপিয়ে ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি বহন করলেন।

[16] দাউদ লেবীয় নেতাদের বললেন, তাঁরা যেন খঞ্জনি, বীণা ও সুরবাহারের মতো বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ-গান গাইবার জন্য তাঁদের সহকর্মী লেবীয়দের নিযুক্ত করলেন।

[17] তাই লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে; তাঁর আত্মীয়স্বজনদের মধ্যে থেকে বেরিখিয়ের ছেলে আসফকে; এবং তাঁদের আত্মীয়স্বজন সেই মরারীয়দের মধ্যে থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন;

[18] আর তাঁদের সাথে পদাধিকারবলে তাঁদের এই আত্মীয়স্বজনরা তাঁদের তুলনায় কিছুটা কম গুরুত্বপূর্ণ ছিলেন: সখরিয়, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিকনেয় এবং দ্বাররক্ষী ওবেদ-ইদোম ও যিয়ীয়েল।

[19] সংগীতজ্ঞ হেমন, আসফ ও এথনকে ব্রোঞ্জের সুরবাহার বাজাতে হত;

[20] সখরিয়, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়কে অলামোৎ সুরে খঞ্জনি বাজাতে হত,

[21] এবং মত্তিথিয়, ইলীফলেহূ, মিকনেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়কে শিমিনীৎ সুরে অনুপ্রাণিত হয়ে বীণা বাজাতে হত।

[22] প্রধান-লেবীয় কননিয়কে গানের গুরু করে দেওয়া হল; সেটিই ছিল তাঁর দায়িত্ব, কারণ তিনি সে কাজে যথেষ্ট পারদর্শী ছিলেন।

[23] বেরিখিয় ও ইল্‌কানাকে নিয়ম-সিন্দুকটির জন্য দ্বাররক্ষী হতে হল।

[24] যাজক শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটির সামনে শিঙা বাজাতে হত। ওবেদ-ইদোম ও যিহিয়কেও নিয়ম-সিন্দুকটির জন্য দ্বাররক্ষী হতে হল।

[25] অতএব দাউদ ও ইস্রায়েলের প্রাচীনেরা এবং সৈন্যদলের সহস্র-সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ি থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি আনতে গেলেন।

[26] যেহেতু সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়দের ঈশ্বর সাহায্য করলেন, তাই সাতটি বলদ ও সাতটি মদ্দা মেষ বলি দেওয়া হল।

[27] ইত্যবসরে দাউদ মিহি মসিনার পোশাক গায়ে দিলেন, সেই নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়েরা সবাই, তথা সংগীতজ্ঞরা, ও গায়কদলের গান পরিচালনাকারী কননিয়ও একই ধরনের পোশাক গায়ে দিলেন। দাউদ আবার মসিনার এক এফোদও গায়ে দিলেন।

[28] অতএব ইস্রায়েলে সবাই চিৎকার করে করে, মদ্দা মেষের শিং ও শিঙা এবং সুরবাহার বাজিয়ে, ও খঞ্জনি ও বীণাও বাজিয়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি ফিরিয়ে এনেছিল।

[29] সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি ঠিক যখন দাউদ-নগরে প্রবেশ করছিল, শৌলের মেয়ে মীখল জানালায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। আর তিনি যখন দেখলেন যে রাজা দাউদ নাচছেন ও উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখন তিনি মনে মনে তাঁকে তুচ্ছজ্ঞান করলেন।

1 বংশাবলি — Chapters