[1] দাউদ তাঁর কর্মকর্তা, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিদের মধ্যে এক-একজনের সাথে শলা-পরামর্শ করলেন।
[2] পরে তিনি ইস্রায়েলের সমগ্র জনসমাবেশকে উদ্দেশ্য করে বললেন, “যদি তোমাদের ভালো বোধ হয় ও যদি তা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা হয়, তবে এসো, আমরা দূর দূর পর্যন্ত ইস্রায়েলের সমস্ত এলাকায় বসবাসকারী আমাদের অবশিষ্ট লোকজনের কাছে, এবং তাঁদের নগরগুলিতে ও সেখানকার চারণক্ষেত্রগুলিতে যাঁরা তাঁদের সাথে আছেন, সেই যাজক ও লেবীয়দের কাছে খবর পাঠিয়ে দিই, যেন তাঁরা এসে আমাদের সাথে মিলিত হন।
[3] এসো, আমাদের ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি নিজেদের কাছে ফিরিয়ে আনি, কারণ শৌলের রাজত্বকালে আমরা সেটির কোনও খোঁজখবর নিইনি।”
[4] সমগ্র জনসমাবেশ এতে একমত হল, কারণ সব লোকজনের কাছে একথাটি ঠিক বলে মনে হল।
[5] অতএব দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি আনার জন্য মিশরে অবস্থিত সীহোর নদী থেকে শুরু করে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারী ইস্রায়েলীদের সবাইকে একত্রিত করলেন।
[6] দাউদ ও ইস্রায়েলীরা সবাই যিহূদা দেশের বালা (কিরিয়ৎ-যিয়ারীম) থেকে দুই করূবের মাঝে বিরাজমান সদাপ্রভু ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য সেখানে গেলেন—যে সিন্দুকটি তাঁরই নামে পরিচিত।
[7] তাঁরা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল।
[8] গান গেয়ে এবং বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে দাউদ ও ইস্রায়েলীরা সবাই সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
[9] তাঁরা যখন কীদোনের খামারে গিয়ে পৌঁছেছিলেন, তখন নিয়ম-সিন্দুকটি সামলানোর জন্য উষ নিজের হাত বাড়িয়ে দিয়েছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল।
[10] উষের বিরুদ্ধে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন, এবং তিনি তাকে মেরে ফেলেছিলেন, যেহেতু সে সেই নিয়ম-সিন্দুকে হাত দিয়েছিল। অতএব সে সদাপ্রভুর সামনে মারা গেল।
[11] তখন দাউদ ক্রুদ্ধ হলেন, কারণ সদাপ্রভুর ক্রোধ উষের বিরুদ্ধে নেমে এসেছিল, ও আজও পর্যন্ত সেই স্থানটি পেরস-উষ নামে পরিচিত হয়ে আছে।
[12] সেদিন দাউদ সদাপ্রভুর ভয়ে ভীত হয়ে প্রশ্ন করলেন, “কীভাবে তবে আমি ঈশ্বরের নিয়ম-সিন্দুকটিকে আমার কাছে নিয়ে আসব?”
[13] নিয়ম-সিন্দুকটিকে তিনি দাউদ-নগরে, নিজের কাছে নিয়ে আসেননি। তার পরিবর্তে তিনি সেটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে এনে রেখেছিলেন।
[14] ওবেদ-ইদোমের বাড়িতে, তার পরিবারের কাছেই নিয়ম-সিন্দুকটি তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তার পরিবারকে ও তার যা যা ছিল, সবকিছুকে আশীর্বাদ করলেন।