[1] আল্লাহ্র এবাদতর লাই ফইল্যা বেবস্তাগানত হতাক্যিন নিয়ম দেয়া অইয়্যেল্ আর এই দুনিয়াত এবাদতর লাই বিশেষ এক্যান জাগার হতাঅ য়িয়ানত আছিল্।
[2] আর য়েই অনুযায়ি এক্যান তাম্বু বানাআ অইয়্যেল্। য়েই তাম্বুর ফইল্যা অংশত থাইক্তো বাত্যিদানি, টেবিল আর ফবিত্র-রুটি। এই ফইল্যা অংশগানর নাম আছিল্ ফবিত্র জাগা।
[3] দিতিয় ফদ্যার ফিছদি তাম্বুগানর আর এক্যান অংশ আছিল্; য়িয়ানর নাম আছিল্ মআফবিত্র জাগা।
[4] এই অংশত ধুফ জলাইবার লাই সোনার ধুফগাহ্ আর শাহাদাত-সিন্দুক আছিল্। য়িয়ানর চাইরোমিক্যা সোনা দিয়েনে মোরাইন্যা আছিল্। য়িয়ানর মইধ্যে আছিল্ সোনার ফাত্রত রাকা মান্যা, হারুনর যে লাঢিত্ ফুল ফুইট্যেল্ য়েই লাঢিগান, আর বেবস্তা-লেহ্যা দুইয়ান ফাত্যোরর ফল্যা।
[5] য়েই সিন্দুকর উঅরদি আল্লাহ্র মইমাত্ ভরা দুইয়ান সোনার কারুবি আছিল্। য়িতারার ফাক্গিন য়েই সিন্দুকর ঢাকনার উঅরদি মেলি দেয়া আছিল্। এই ঢাকনার উঅর গুনাহ্ ঝাফাই দেয়া অইতো। অবইশ্য এগিন বেক্যিনর খুঁটিনাটির হতা হঅন এহন সম্ভব নঅঅ।
[6] এন্ গরিয়েনে বেক কিছু বানাইবার ফর ইমামঅক্যলে ফ্রায়ই তাম্বুর ফইল্যা অংশগানত্ ঢুকিয়েনে আল্লাহ্র এবাদত-হাম গইত্যো;
[7] কিন্তু দুই লম্বর অংশগানত্, মানি মআফবিত্র জাগাত হ্যালিমাত্র মআ-ইমামই ঢুইক্তো। বছরত হ্যালি একবারই তেঁই হোরবানি গরা ফশুর রক্ত লইয়েনে য়েডে ঢুইক্তো। তেঁইর নিজর গুনাহ্র লাই আর মানুষঅক্যলে নঅ জানিয়েনে যে গুনাহ্গিন গইজ্যে য়েগিনর লাই তেঁই এই রক্ত হোরবানি দিতো।
[8] ইয়ানত ফাক-রুহ্ দেহ্যাই দিতো দে, যেতদিন এই এবাদত-তাম্বুগান থাকিবো য়েতদিন য়েই মআফবিত্র জাগাত ঢুকিবার ফথ খোলা থাইক্তো নঅ।
[9] বত্যমান হালর লাই ইয়ান এক্যান চিন্য যিয়ান আঁরারে হই দেএর দে, হোরবানি দেয়া ফশু আর অইন্যাইন্য জিনিস এবাদতহারির বিবেকরে ফরিষ্কার গরিত্ নঅ ফারে।
[10] য়েগিন হ্যালি শরিলর বেফার, মানি হ্যানা-দানা আর শরিয়ত্ মতন ফাক-সাফ অইবার বেফার মাত্র। হ্যালি বেক কিছু সংশোধনর সময় ফইয্যন্ত য়েগিন হামত লাইগ্যেল্।
[11] কিন্তু মসিহ্ আইস্যেল্ ভবিষ্যতর বেক উন্যতির বিষয়র মআ-ইমাম অইয়েনে। আরো মহত আর আরো ভালা এবাদত-তাম্বুত আল্লাহ্র এবাদত-হাম গরিবার লাই তেঁই আইস্যেল্। এই তাম্বু মানুষর আতে বানাইন্যা নঅঅ, মানি য়িয়ান দুনিয়ার হনঅ জিনিস নঅঅ।
[12] সঅল আর গরুর বাইচ্যার রক্ত লইয়েনে মসিহ্ য়েই মআফবিত্র জাগাত নঅঅ ঢুকে। তেঁই নিজর রক্ত লইয়েনে একবারই য়েডে ঢুইক্যেল্। এন্ গরিয়েনে তেঁই চিরহালর লাই গুনাহ্র ত্যুন মুক্তির উফাই গরিল্।
[13] যারা নাফাক্ অইতো য়িতারার উঅর সঅল আর বিরিষ গরুর রক্ত বা গরুর বাইচ্যা-ফোড়াইন্যা ছাই ছিঁডা অইতো; য়িয়ানত য়িতারার বাইরর শরিলগানই হ্যালি ফাক-সাফ অইয়েনে ফরিষ্কার অইতো।
[14] কিন্তু যিবা অনন্ত ফাক-রুহ্র মইধ্য দিয়েনে আল্লাহ্র হাছে নিজরে নিকুত হোরবানি ইসাবে দান গরিল্ য়েই ইসার রক্ত আঁরার বিবেকরে নিষ্ফল হামহরজর ত্যুন আরো হত না বেশি গরিয়েনে ফাক-সাফ গরিবো, যেন্ আঁরা জিন্দা আল্লাহ্র এবাদত গরিত্ ফারি!
[15] আল্লাহ্ যারারে ডাকিয়েনে চিরহালর অধিকার দিবার ওয়াদা গইজ্যেল্ য়িতারা যেন্ য়িয়ান ফাআ য়িয়ানর লাইই মসিহ্ এক্যান নয়া বেবস্তার মইধ্যস্ত অইয়্যে। এই অধিকার ফঅন মানুষর ফক্যে সম্ভব অইয়্যে, হারন ফইল্যা বেবস্তা বআল থাকিবার সমত মানুষ যে গুনাহ্গিন গইজ্যেল্ য়েই গুনাহ্গিনর আতর ত্যুন মানুষরে মুক্ত গরিবার মুইল্য ইসাবে মসিহ্ ফরান দিয়্যেল্।
[16] উইল হামত লাগন ফইল্যে উইল যিবা গইজ্যে য়িবার মরার ফরমানর দরহার,
[17] হারন মানুষ মইল্যে ফরদিই উইল হামত লাগন যাআ। যিবা উইল গইজ্যে য়িবা বাঁচি থাকিলে য়েই উইল হামত লাগন নঅ যাআ।
[18] ঠিগ য়েন্ গরিয়েনে ফইল্যা বেবস্তাগানঅ রক্ত বাদে হামত লাগা নঅঅ অঅ।
[19] বেক মানুষঅক্যলর হাছে শরিয়তর ফত্যিউয়া উকুম ঘোষনা গরিবার ফর মুসা গরুর বাইচ্যা ও সঅলর রক্ত লইয়্যেল্ আর য়েগিনর লগে ফানি মিশাইয়েনে লাল রংগে রাংগাইন্যা ভেরার কেঁশ ও এসোব গাছর ঢেইল দিয়েনে য়েগিন শরিয়তর কিতাবর উঅরদি আর মানুষঅক্যলর উঅরদি ছিঁডাই দিল্।
[20] য়েগিন গরিবার সমত তেঁই হইয়্যেল্, “ইয়ান য়েই বেবস্তার রক্ত, যে বেবস্তা অনুযায়ি হাম গইত্যো আল্লাহ্ তোঁয়ারারে উকুম দিয়্যে।”
[21] এবাদত-তাম্বু আর এবাদতর হামত বেবার গরিবার বেক জিনিসর উঅরদিঅ মুসা য়েই একই ডইল্যা রক্ত ছিঁডাই দিয়্যেল্।
[22] মুসার শরিয়ত মতন ফ্রায় ফত্যি জিনিসই রক্ত দিয়েনে ফাক-সাফ গরা অঅ আর রক্তফাত নঅ অইলে গুনাহ্র মাফ নঅ অঅ।
[23] যেগিন বেহেস্তি জিনিসর নহলমাত্র য়েগিন ফশু হোরবানি দিয়েনে ফাক-সাফ গরিবার দরহার আছিল্ কিন্তু যেগিন আসলেই বেহেস্তি জিনিস য়েগিন ফাক-সাফ গরিবার লাই আরো মআন হোরবানির দরহার।
[24] আসল ফবিত্র জাগার নহল ইসাবে মানুষর আতে বানাইন্যা হনঅ ফবিত্র জাগাত মসিহ্ নঅঅ ঢুকে, বরং য়িয়ানর বদলে তেঁই বেহেস্তত ঢুইক্যে যেন্ তেঁই আঁরার অইয়েনে আল্লাহ্র সাম্নদি এহন আজির অইত্ ফারে।
[25] মআ-ইমাম ফশুর রক্ত লইয়েনে যেন্ ফত্যি বছর মআফবিত্র জাগাত ঢুকে, মসিহ্ নিজরে বারবার হোরবানি দিবার লাই য়েইডইল্যা বেহেস্তত নঅঅ ঢুকে।
[26] য়িয়ানই যুদি গরন ফইত্যো তইলে দুনিয়া সিষ্টির সময়র ত্যুন শুরু গরিয়েনে তেঁইর ত্যুন বউত বারই হষ্টভোগ গরিয়েনে মরন ফইত্যো; কিন্তু এহন বেক যুগর শেষদি তেঁই একবারই ফকাশিত অইয়্যেল্ যেন্ নিজরে হোরবানি দিয়েনে তেঁই গুনাহ্ দুর গরিত্ ফারে।
[27] আল্লাহ্ ঠিগ গরি রাইক্যে দে, ফত্যি মানুষ একবার মরিবো আর য়িয়ানর ফরদি য়িবার বিচার অইবো।
[28] ঠিগ য়েন্ গরিয়েনে বউত মানুষর গুনাহ্র বোজা বইবার লাই মসিহ্রেঅ একবারই হোরবানি দেয়া অইয়্যে। তেঁই দিতিয় বার আইবো, কিন্তু তহন গুনাহ্র লাই মইত্যো আইস্তো নঅ, বরং যারা তেঁইর লাই আগ্রঅর লগে অফেক্যা গরি আছে য়িতারারে ফুরাফুরি গরিয়েনে নাজাত দিবার লাই আইবো।