[1] ইয়ানর লাই আঁরা যেগিন উন্যি য়েগিন ফালন গরিবার মিক্যাদি আঁরার ত্যুন আরো মনোযোগ দঅন উচিত, যেন্ য়েগিনর ত্যুন আঁরা দুরে সরি নঅ যাই।
[2] ফেরেস্তাঅক্যলরে দিয়েনে যে কালাম হোয়া অইয়্যেল্ য়িয়ানর তঅ হনঅ নরচর নঅঅ অঅ; য়িয়ান বাদে যে কেউ আল্লাহ্র উকুম অমাইন্য গইজ্যে আর তেঁইর হতা উইন্তো নঅঅ চাআ য়িবা য়িবার উচিত শাস্তি ফাইয়্যে।
[3] তইলে নাজাতর লাই আল্লাহ্ এই দে ডঁর বেবস্তা গইজ্যে য়িয়ান যুদি আঁরা অবএলা গরি তইলে কেন্ গরিয়েনে আঁরা রেহাই ফাইয়্যোম? নাজাত ফাইবার হতা ফইল্যাদি হযরত ইসাই হইয়্যেল্ আর যারা য়িয়ান উইন্যেল্ য়িতারা আঁরার হাছে য়েই নাজাতর সইত্যতা ফরমান গরিয়েনে দেহ্যাইয়্যে।
[4] য়েই লগে আল্লাহ্অ বউত চিন্য ও কেরামতি আর শক্তির হামর মইধ্য দিয়েনে ও নিজর ইছ্যা মতন ফাক-রুহ্র দেয়া দানর মইধ্য দিয়েনে য়েই বিষয়ে সাক্যি দিয়্যে।
[5] ভবিষ্যতর যে দুনিয়ার হতা আঁরা হইর, আল্লাহ্ য়িয়ান ফেরেস্তাঅক্যলর অধিনত নঅঅ রাকে।
[6] ফাক-কিতাবর মইধ্যে এক জাগাত হনঅ একজন এই হতা হইয়েনে সাক্যি দিয়্যে: মানুষ এন্ কি দে, তুঁই য়িবার বিষয় চিন্তা গর? মানুষর ফোয়াছাই বা কি দে, তুঁই য়িবার মিক্যাদি মনোযোগ দঅ?
[7] তুঁই মানুষরে ফেরেস্তাঅক্যলর ত্যুন সামাইন্য নিচু গইজ্যো। রাজতাজ ইসাবে তুঁই য়িবারে দান গইজ্যো গোরব আর সম্যান,
[8] আর য়িবার ঠেংগর তলাত রাইক্যো বেক কিছু। যহন আল্লাহ্ বেক কিছুই মানুষর অধিন গরিল্ তহন তেঁই হনঅ কিছুই য়িয়ানর ত্যুন বাদ নঅ দিল্। অবইশ্য বেক কিছুই দে আঁরা এহন মানুষর অধিনত দেকিত্ ফাইর্ য়িয়ান নঅঅ,
[9] কিন্তু ইসারে তঅ আঁরা দেকিত্ ফাইর্। তেঁইরে ফেরেস্তাঅক্যলর ত্যুন সামাইন্য নিচু গরা অইয়্যেল্, যেন্ আল্লাহ্র রহমতে ফত্যিউয়া মানুষর অইয়েনে তেঁই নিজেই মরিত্ ফারে। তেঁই হষ্টভোগ গরিয়েনে মইজ্যেল্ বুলিয়েনে জিতিবার মালা ইসাবে গোরব আর সম্যান তেঁইরে দান গরা অইয়্যে।
[10] বেক কিছু আল্লাহ্র লাইই আর বেক কিছু তেঁইরই মইধ্য দিয়েনে অইয়্যে। য়িয়ানর লাই বউত সন্তানরে তেঁইর মইমার ভাগি গরিবার উদ্যেশ্যে নাজাতর ভিত্যি ইসারে হষ্টভোগর মইধ্য দিয়েনে ফুরন গরি তোলা আল্লাহ্র ফক্যে ঠিগ হামই অইয়্যে।
[11] যিবা মানুষঅক্যলরে ফবিত্র গরে য়েই ইসা নিজে আর যারারে তেঁই ফবিত্র গরে য়েই মানুষঅক্যলে বেক্যিনেই আল্লাহ্র ফরিবারর মানুষ। ইয়ানর লাই ইসা য়েই মানুষঅক্যলরে ভাই বুলি ডাইক্তে শরম নঅ ফাআ।
[12] ফাক-কিতাবত তেঁই আল্লাহ্রে হঅর, “ভাইঅক্যলর হাছে আঁই তোঁয়ার বিষয় ফচার গইজ্যোম আর সমাজর মইধ্যে তোঁয়ার গুনগান গাইয়্যোম।”
[13] ইসা আবার হঅর, “আঁই আল্লাহ্র উঅর ভরসা গইজ্যোম।” আর এক জাগাত তেঁই হঅর, “এই চঅ, আঁই আর য়েই ফোয়াছাঅক্যল যারারে আল্লাহ্ আঁরে দিয়্যে।”
[14] য়েই ফোয়াছাঅক্যল অইল্ রক্ত-মাংসর মানুষ। য়িয়ানর লাই ইসা নিজেঅ রক্ত-মাংসর মানুষ অইল্, যেন্ মরনর হ্যমতা যিবার আতত্ আছে য়েই ইবিলিসরে তেঁই নিজর মরনর মইধ্য দিয়েনে শক্তিহিন গরে,
[15] আর মরনর ডরে যারা সারা জিবন গোলামর মতন হাডাইয়্যে য়িতারারে মুক্ত গরে।
[16] ইসা ফেরেস্তাঅক্যলরে সাইয্য নঅ গরে, বরং ইব্রাহিমর বংশধরঅক্যলরেই তেঁই সাইয্য গরে।
[17] য়িয়ানর লাই ইসারে বেক মিক্যাদির ত্যুন তেঁইর ভাইঅক্যলর মতন অঅন ফরিল, যেন্ তেঁই একজন দয়ালু আর বিশ্যস্ত মআ-ইমাম ইসাবে আল্লাহ্র এবাদত-হাম গরিত্ ফারে। ইয়ানর উদ্যেশ্য অইল্, তেঁই যেন্ নিজর মরনর মইধ্য দিই মানুষর গুনাহ্ দুর গরিয়েনে আল্লাহ্রে খুশি গরে।
[18] তেঁই নিজেই ফরিক্যা সইজ্য গরিয়েনে হষ্টভোগ গইজ্যেল্ বুলি যারা ফরিক্যার সাম্নদি থিয়াআ য়িতারারে তেঁই সাইয্য গরিত্ ফারে।