[1] এখন ঈশ্বরের লোকদের জন্য দান সংগ্রহ প্রসঙ্গে লিখছি: আমি গালাতিয়ায় স্থিত মণ্ডলীগুলিকে যা করতে বলেছি, তোমরাও তাই করো।
[2] প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে, তোমাদের প্রত্যেকে নিজ নিজ উপার্জনের সঙ্গে সংগতি রেখে কিছু অর্থ আলাদা করে সঞ্চিত কোরো, যেন আমি যখনই আসি, তখন কোনো চাঁদা সংগ্রহ করতে না হয়।
[3] তারপর, আমি উপস্থিত হয়ে, তোমরা যাদের উপযুক্ত মনে করবে, আমি তাদের পরিচয়-পত্র দেব এবং তাদের সেই দান দিয়ে জেরুশালেমে প্রেরণ করব।
[4] আর যদি আমার যাওয়া প্রয়োজন বলে মনে হয়, তারাও আমার সঙ্গে যাবে।
[5] ম্যাসিডোনিয়া দিয়ে আমার যাত্রা সমাপ্ত হলেই আমি তোমাদের ওখানে যাব—কারণ আমাকে ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
[6] আমি হয়তো কিছুকাল তোমাদের সঙ্গে থাকব, কিংবা শীতকালও যাপন করব, যেন আমি যেখানেই যাই, তোমরা আমার যাত্রায় সাহায্য করতে পারো।
[7] আমি এখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, কেবলমাত্র যাওয়ার পথে পরিদর্শন করব; প্রভুর অনুমতি পেলে, আমি তোমাদের সঙ্গে কিছু সময় কাটানোর আশা করছি।
[8] কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষেই থাকব,
[9] কারণ ফলপ্রসূ কর্মের এক বিরাট দ্বার আমার সামনে উন্মুক্ত হয়েছে, আর অনেকেই আমার বিরোধিতা করছে।
[10] যদি তিমথি আসেন, দেখো, তোমাদের সঙ্গে থাকার সময় তাঁর ভয় পাওয়ার যেন কিছু না থাকে, কারণ তিনি আমারই মতো প্রভুর কাজ করে চলেছেন।
[11] তাই, কেউই তাঁকে যেন গ্রহণ করতে অস্বীকার না করে। তাঁকে শান্তিতে তাঁর যাত্রাপথে পাঠিয়ে দিয়ো, যেন তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আমি ভাইদের সঙ্গে তাঁরও আগমনের প্রতীক্ষায় আছি।
[12] এখন আমাদের ভাই আপল্লো সম্পর্কে বলছি, অপর বিশ্বাসীদের সঙ্গে তোমাদের কাছে যাওয়ার জন্য আমি তাঁকে প্রবলরূপে অনুরোধ করেছিলাম। তিনি এখন একেবারেই যেতে ইচ্ছুক নন, কিন্তু সুযোগ পেলেই তিনি যাবেন।
[13] তোমরা সতর্ক থেকো; বিশ্বাসে অবিচলিত থেকো; সাহসী মানুষ ও শক্তিমান হও।
[14] তোমরা সবকিছু প্রেমে করো।
[15] তোমরা জানো যে স্তেফানার পরিজনেরা হলেন আখায়া প্রদেশের প্রথম ফসল, তাঁরা সন্তজনেদের সেবাকর্মে নিজেদের নিযুক্ত করেছেন। ভাইবোনেরা, আমি তোমাদের অনুনয় করছি,
[16] এই প্রকার লোকদের এবং যারা তাঁদের কর্মে যুক্ত হয় ও পরিশ্রম করে, তাদের প্রত্যেকজনের অনুগত হও।
[17] স্তেফানা, ফর্তুনাত ও আখাইকার আগমনে আমি আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের কাছ থেকে যা অপূর্ণ ছিল, তাঁরা তা সরবরাহ করেছেন।
[18] এর কারণ হল, তাঁরা আমার ও সেই সঙ্গে তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন। এই ধরনের মানুষেরা স্বীকৃতিদানের যোগ্য।
[19] এশিয়া প্রদেশের মণ্ডলীগুলি তোমাদের অভিবাদন জানাচ্ছেন। আক্বিলা ও প্রিষ্কিল্লা এবং তাদের গৃহস্থিত মণ্ডলী, প্রভুতে তোমাদের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছেন।
[20] এখানকার সমস্ত ভাইবোনেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে প্রীতি-সম্ভাষণ জানাও।
[21] আমি পৌল, স্বহস্তে এই অভিনন্দন-বাণী লিখছি।
[22] কেউ যদি প্রভুকে না ভালোবাসে, তবে তার উপরে অভিশাপ নেমে আসুক। হে প্রভু, তুমি এসো!
[23] প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
[24] খ্রীষ্ট যীশুতে তোমাদের সকলের প্রতি আমার ভালোবাসা জানাই। আমেন।