Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:47

[1] ভাইবোনেরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, আমি কোনো বাক্যালংকার ব্যবহার বা জ্ঞানের উৎকৃষ্টতার সঙ্গে তোমাদের কাছে ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করতে যাইনি।

[2] কারণ আমি মনস্থির করেছিলাম, তোমাদের সঙ্গে থাকার সময়, আমি যীশু খ্রীষ্ট ও তাঁকে ক্রুশে হত বলে জানা ছাড়া আর কিছুই জানতে চাইব না।

[3] আমি তোমাদের কাছে দুর্বলতায় ও ভয়ে এবং মহাকম্পিত হয়ে গিয়েছিলাম।

[4] আমার বার্তা ও আমার প্রচার কোনও জ্ঞানের বা প্রেরণা-সঞ্চারী বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত,

[5] যেন তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত না হয়ে ঈশ্বরের পরাক্রমের উপরে হয়।

[6] আমরা অবশ্য, যারা পরিপক্ব, তাদের কাছে জ্ঞানের কথা বলে থাকি, তা কিন্তু এই যুগের জ্ঞান অনুযায়ী নয় বা এই যুগের শাসকদেরও নয়, যাঁরা ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছেন।

[7] না, আমরা ঈশ্বরের গোপন প্রজ্ঞার কথা বলি, যে প্রজ্ঞা গুপ্ত ছিল, যা কালপর্যায় শুরু হওয়ার পূর্বেই ঈশ্বর আমাদের মহিমার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন।

[8] এই যুগের শাসকদের কেউই তা বুঝতে পারেননি, কারণ যদি পারতেন, তাহলে তারা মহিমার প্রভুকে ক্রুশার্পিত করতেন না।

[9] কিন্তু, যেমন লিখিত আছে, “কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি, কোনো মানুষের মনে যা উদয় হয়নি, যারা তাঁকে ভালোবাসে, ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”

[10] কিন্তু ঈশ্বর, তাঁর আত্মার দ্বারা, তা আমাদের কাছে প্রকাশ করেছেন। আত্মা সকল বিষয়ের, এমনকি, ঈশ্বরের নিগূঢ় বিষয়গুলিও অনুসন্ধান করেন।

[11] কারণ মানুষের অন্তরস্থ আত্মা ছাড়া মানুষদের মধ্যে কে কোনো মানুষের চিন্তাগুলি জানতে পারে? একইভাবে, ঈশ্বরের চিন্তাভাবনাগুলি ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না।

[12] আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন।

[13] আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে।

[14] প্রাণিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেগুলি তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলি আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়।

[15] আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সব বিষয়েরই বিচার করে, কিন্তু সে স্বয়ং কোনো মানুষের বিচারাধীন হয় না।

[16] “কারণ প্রভুর মন কে জানতে পেরেছে, যে তাঁকে পরামর্শ দান করতে পারে?” কিন্তু খ্রীষ্টের মানসিকতা আমাদের আছে।

1 করিন্থীয় — Chapters