Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:54

[1] ভাইবোনেরা, আমি তোমাদের আত্মিক চেতনা সম্পন্ন মানুষরূপে সম্বোধন করতে পারিনি, কিন্তু করেছি জাগতিক মানুষরূপে—খ্রীষ্টে নিতান্তই শিশুদের মতো।

[2] আমি তোমাদের দুধ পান করতে দিয়েছি, কঠিন খাবার নয়, কারণ তার জন্য তখনও তোমরা প্রস্তুত ছিলে না।

[3] তোমরা এখনও জাগতিকমনা রয়েছ। কারণ তোমাদের মধ্যে, যেহেতু ঈর্ষা ও কলহ-বিবাদ রয়েছে, তা কি প্রমাণ করে না যে, তোমাদের মধ্যে এখনও মাংসিক প্রবৃত্তি রয়েছে? তোমরা কি নিতান্তই জাগতিক মানুষের মতো আচরণ করছ না।

[4] কারণ যখন একজন বলে, “আমি পৌলের অনুসারী,” অন্যজন, “আমি আপল্লোর অনুসারী,” তাহলে তোমরা কি নিতান্তই সাধারণ মানুষ নও?

[5] তাহলে আপল্লো কে? আর পৌল-ই বা কে? কেবল পরিচারক মাত্র, যাঁদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ—যেমন প্রভু তাঁদের প্রত্যেকের উপরে দায়িত্ব অর্পণ করেছেন।

[6] আমি বীজবপন করেছি, আপল্লো এতে জল সেচন করেছেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি পেতে সাহায্য করেছেন।

[7] তাই, বীজ বপনকারী কিছু নয়, জল সেচনকারীও না, কিন্তু কেবলমাত্র ঈশ্বর, যিনি সবকিছু বৃদ্ধি পেতে সাহায্য করেন।

[8] যে বীজবপন করে এবং যে জল সেচন করে, তাদের একই উদ্দেশ্য থাকে। তাই প্রত্যেক ব্যক্তি, যে যেমন পরিশ্রম করে, সেই অনুযায়ী পুরস্কৃত হবে।

[9] কারণ, আমরা ঈশ্বরের সহকর্মী; তোমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরেরই ভবন।

[10] ঈশ্বর আমাকে যে অনুগ্রহ দান করেছেন, তার দ্বারা এক দক্ষ স্থপতির মতো আমি এক ভিত্তিমূল স্থাপন করেছি, আর অন্য কেউ তার উপর নির্মাণ করছে। কিন্তু প্রত্যেকজন সতর্ক থাকবে যে, সে কীভাবে নির্মাণ করছে।

[11] কারণ ইতিমধ্যেই যে ভিত্তিমূল স্থাপিত হয়েছে, তা-ছাড়া অন্য কোনও ভিত্তিমূল আর কেউ স্থাপন করতে পারে না, তিনি হলেন যীশু খ্রীষ্ট।

[12] কেউ যদি এই ভিত্তিমূলের উপরে সোনা, রুপো, মণিমাণিক্য, কাঠ, খড় বা নাড়া দিয়ে নির্মাণ করে,

[13] তার কাজের যথার্থ রূপ প্রকাশ করে দেখানো হবে, কারণ সেদিনই তা প্রকাশ করে আলোতে নিয়ে আসবে। আগুনের মাধ্যমে তা প্রকাশিত হবে এবং আগুন প্রত্যেক মানুষের কর্মের গুণমান যাচাই করবে।

[14] সে যা নির্মাণ করেছে, তা যদি থেকে যায়, সে তার পুরস্কার লাভ করবে।

[15] যদি তা অগ্নিদগ্ধ হয়, সে ক্ষতিগ্রস্ত হবে। সে স্বয়ং রক্ষা পাবে, কিন্তু কেবলমাত্র অগ্নিশিখা থেকে উত্তীর্ণ মানুষের মতো।

[16] তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন?

[17] কেউ যদি ঈশ্বরের মন্দির ধ্বংস করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির শুচিশুদ্ধ এবং সেই মন্দির হলে তোমরাই।

[18] তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা কোরো না। তোমাদের মধ্যে কেউ যদি এই যুগের মানদণ্ড অনুসারে নিজেকে জ্ঞানী বলে ভাবে, তাকে “মূর্খ” হতে হবে, যেন সে জ্ঞানী হতে পারে।

[19] কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতামাত্র। যেমন লিখিত আছে: “তিনি জ্ঞানীদের, তাদের ধূর্ততায় ধরেন,”

[20] আবার, “প্রভু জানেন যে, জ্ঞানীদের চিন্তাভাবনা অসার।”

[21] তাহলে, মানুষদের সম্পর্কে আর কোনো গর্ব নয়। সব বিষয়ই তোমাদের জন্য,

[22] পৌল হোক বা আপল্লো বা কৈফা বা জগৎ বা জীবন বা মৃত্যু বা বর্তমানকাল বা ভাবীকাল—সবকিছুই তোমাদের,

[23] আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের।

1 করিন্থীয় — Chapters