Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:04

[1] তোমাদের মধ্যে কারও যদি অন্যজনের সঙ্গে বিবাদ থাকে, সে কি তা বিচারের জন্য সন্তজনেদের কাছে নিয়ে না গিয়ে, অবিশ্বাসীদের কাছে নিয়ে যাওয়ার সাহস দেখায়?

[2] তোমরা কি জানো না যে, সন্তজনেরা জগতের বিচার করবেন? আর যদি তোমরা জগতের বিচার করতে যাচ্ছ, তাহলে তোমরা কি এই যত্সামান্য বিষয়গুলিও বিচার করার যোগ্য নও?

[3] তোমরা কি জানো না যে, আমরা স্বর্গদূতদেরও বিচার করব? তাহলে, ইহজীবন-সংক্রান্ত বিষয়ের বিচার আরও কতই না বেশি করব!

[4] অতএব, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের বিবাদ থাকে, তাহলে মণ্ডলীতে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদেরই কি বিচারকের আসনে বসিয়ে থাকো?

[5] তোমাদের লজ্জা দেওয়ার উদ্দেশে আমি একথা বলছি। বিশ্বাসীদের মধ্যে বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করার মতো যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি তোমাদের মধ্যে কেউই নেই, এও কি সম্ভব?

[6] কিন্তু এর পরিবর্তে, এক ভাই অপর এক ভাইয়ের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছে—তাও আবার অবিশ্বাসীদের সামনেই!

[7] তোমাদের মধ্যে মামলা-মোকদ্দমা থাকার অর্থ, তোমরা ইতিমধ্যে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছ। বরং অন্যায় সহ্য করো না কেন? কেনই বা প্রতারিত হও না?

[8] এর পরিবর্তে, তোমরা নিজেরাই প্রতারণা ও অন্যায় করছ, আবার একরকমভাবে, তোমাদের সহ-বিশ্বাসীদের বিরুদ্ধেই করছ।

[9] তোমরা কি জানো না, যে যারা অধার্মিক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না? তোমরা বিভ্রান্ত হয়ো না। কারণ যারা বিবাহ-বহির্ভূত সংসর্গকারী, বা প্রতিমাপূজক, বা ব্যভিচারী, বা পুং-গণিকা বা সমকামী

[10] বা চোর বা লোভী বা মদ্যপ বা কুত্সা-রটনাকারী বা পরধনগ্রাহী, তারা কেউই ঈশ্বরের রাজ্যে অধিকার লাভ করবে না।

[11] আর তোমরাও কেউ কেউ সেইরকমই ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মার দ্বারা ধৌত হয়েছ, শুচিশুদ্ধ হয়েছ ও নির্দোষ প্রতিপন্ন হয়েছ।

[12] “সবকিছু করা আমার পক্ষে নিয়মসঙ্গত,” কিন্তু সবকিছুই আমার জন্য উপকারী নয়। “সবকিছু করা আমার পক্ষে নিয়মসঙ্গত,” কিন্তু কোনো কিছুই আমার উপরে কর্তৃত্ব করবে না।

[13] “উদরের জন্য খাদ্য এবং খাদ্যের জন্য উদর,” কিন্তু ঈশ্বর এই উভয়কেই ধ্বংস করবেন। শরীর অবৈধ সংসর্গের জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু শরীরের জন্য।

[14] ঈশ্বর তাঁর পরাক্রমের দ্বারা প্রভুকে মৃত্যু থেকে উত্থাপিত করেছেন এবং তিনি আমাদেরও উত্থাপিত করবেন।

[15] তোমরা কি জানো না যে, তোমাদের শরীরগুলি স্বয়ং খ্রীষ্টেরই অঙ্গস্বরূপ? তাহলে আমি কি খ্রীষ্টের অঙ্গগুলিকে নিয়ে কোনো পতিতার সঙ্গে সংযুক্ত করব? কখনোই নয়!

[16] তোমরা কি জানো না, যে নিজেকে পতিতার সঙ্গে সংযুক্ত করে, সে তার সঙ্গে এক শরীরবিশিষ্ট হয়? কারণ এরকম বলা হয়েছে, “সেই দুজন একাঙ্গ হবে।”

[17] কিন্তু যে নিজেকে প্রভুর সঙ্গে সংযুক্ত করে, সে তাঁর সঙ্গে একাত্ম হয়।

[18] তোমরা অবৈধ সংসর্গ থেকে পলায়ন করো। কোনো মানুষ অন্য যেসব পাপাচারে লিপ্ত হয়, সেগুলি তার শরীর-বহির্ভূত, কিন্তু যে যৌন-পাপ করে, সে তার নিজের শরীরের বিরুদ্ধেই পাপ করে।

[19] তোমরা কি জানো না যে, তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়েছ?

[20] তোমরা আর তোমাদের নিজেদের নও, তোমাদের এক মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। অতএব, তোমাদের শরীর দ্বারা তোমরা ঈশ্বরের গৌরব করো।

1 করিন্থীয় — Chapters