Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:00

[1] বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধি-দ্রব্য ক্রয় করে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপন করতে পারেন।

[2] সপ্তাহের প্রথম দিন, অতি প্রত্যুষে, সূর্যোদয়ের অব্যবহিত পরেই তাঁরা সমাধির পথে যাচ্ছিলেন।

[3] তাঁরা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, “সমাধির প্রবেশ-মুখ থেকে কে পাথরখানা সরাবে?”

[4] কিন্তু তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তারা দেখলেন যে, অতি বিশাল সেই পাথরখানা সরানো হয়েছে।

[5] সমাধি মধ্যে প্রবেশ করা মাত্র, তাঁরা দেখলেন, শুভ্র বসন পরিহিত এক যুবক ডানদিকে বসে আছেন। এতে তাঁরা ভীষণ ভয় পেলেন।

[6] তিনি বললেন, “তোমরা ভয় পেয়ো না। তোমরা তো নাসরতীয় যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন, তিনি উত্থিত হয়েছেন। তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান, যেখানে তাঁর শব রাখা হয়েছিল।

[7] কিন্তু তোমরা যাও, গিয়ে তাঁর শিষ্যদের ও পিতরকেও বলো, ‘তিনি তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। সেখানে তোমরা তাঁর দর্শন পাবে, যেমন তিনি তোমাদের বলেছিলেন।’ ”

[8] ভীতকম্পিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেই নারীরা বাইরে গিয়ে সেই সমাধি-স্থল থেকে পালিয়ে গেলেন। তাঁরা ভয় পেয়েছিলেন বলে কাউকে কিছু বললেন না।

[9] সপ্তাহের প্রথম দিনে প্রত্যুষে যীশু সমাধি থেকে উত্থিত হয়ে প্রথমে মাগ্দালাবাসী মরিয়মকে দর্শন দেন, যাঁর মধ্য থেকে তিনি সাতটি ভূত বিতাড়িত করেছিলেন।

[10] তিনি গিয়ে যাঁরা যীশুর সঙ্গে ছিলেন এবং ক্রন্দন ও বিলাপ করছিলেন, তাঁদের কাছে সেই সংবাদ দিলেন।

[11] তাঁরা যখন শুনলেন যে, যীশু জীবিত আছেন ও মরিয়ম তাঁকে দর্শন করেছেন, তাঁরা সেকথা বিশ্বাস করলেন না।

[12] এরপর যীশু ভিন্ন রূপে অপর দুজন শিষ্যকে দর্শন দিলেন। তাঁরা পদব্রজে একটি গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।

[13] তাঁরাও ফিরে এসে অন্য সবার কাছে সেকথা বললেন, কিন্তু তাঁরা তাদের কথাও বিশ্বাস করলেন না।

[14] পরে এগারোজন শিষ্য যখন আহার করছিলেন, যীশু তাঁদের কাছে আবির্ভূত হলেন, তাঁদের বিশ্বাসের অভাব দেখে ও পুনরুত্থানের পরে যাঁরা তাঁকে দেখেছিলেন, তাঁদের কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি না-হওয়াতে তিনি তাঁদের তিরস্কার করলেন।

[15] তিনি তাঁদের বললেন, “তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো।

[16] যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, তার দণ্ডাদেশ করা হবে।

[17] আর যারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে: তারা আমার নামে ভূতদের বিতাড়িত করবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে,

[18] তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে, আর তারা সুস্থ হবে।”

[19] তাঁদের সঙ্গে প্রভু যীশুর কথা বলা শেষ হওয়ার পর, তাঁকে স্বর্গে তুলে নেওয়া হল, আর তিনি ঈশ্বরের ডানদিকে গিয়ে উপবেশন করলেন।

[20] তারপর শিষ্যেরা বেরিয়ে পড়ে সর্বত্র প্রচার করতে লাগলেন। আর প্রভু তাঁদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন এবং সেই সঙ্গে কৃত বহু চিহ্নকর্মের মাধ্যমে তাঁর বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন।

মার্ক — Chapters