[1] এরপর যীশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন, যেন দিয়াবলের দ্বারা প্রলোভিত হতে পারেন।
[2] চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করার পর তিনি ক্ষুধার্ত হলেন।
[3] তখন প্রলুব্ধকারী তাঁর কাছে এসে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই পাথরগুলিকে রুটি হয়ে যেতে বলো।”
[4] যীশু উত্তর দিলেন, “এরকম লেখা আছে, ‘মানুষ কেবলমাত্র রুটিতে নয়, বরং ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারাই জীবনধারণ করবে।’ ”
[5] তখন দিয়াবল তাঁকে পবিত্র নগরে নিয়ে গেল এবং মন্দিরের শীর্ষদেশে তাঁকে দাঁড় করালো।
[6] সে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে নিচে লাফ দিয়ে পড়ো, কারণ এরকম লিখিত আছে: “ ‘তিনি আপন দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, আর তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন, যেন পাথরে তোমার পায়ে আঘাত না লাগে।’ ”
[7] যীশু তাকে উত্তর দিলেন, “আবার একথাও লিখিত আছে, ‘তোমার ঈশ্বর প্রভুর পরীক্ষা কোরো না।’ ”
[8] দিয়াবল পুনরায় তাঁকে অতি উচ্চ এক পর্বতে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেগুলির সমারোহ তাঁকে দেখিয়ে বলল,
[9] “তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণিপাত করো, এ সমস্ত আমি তোমাকে দেব।”
[10] যীশু তাকে বললেন, “আমার কাছ থেকে দূর হও শয়তান! কারণ এরকম লিখিত আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুকেই প্রণিপাত করবে ও কেবলমাত্র তাঁরই উপাসনা করবে।’”
[11] তখন দিয়াবল তাঁকে ছেড়ে চলে গেল, আর স্বর্গদূতেরা এসে তাঁর পরিচর্যা করতে লাগলেন।
[12] যীশু যখন শুনলেন যে যোহনকে কারাগারে বন্দি করা হয়েছে, তিনি গালীলে ফিরে গেলেন।
[13] তিনি নাসরৎ ত্যাগ করে কফরনাহূমে গিয়ে বসবাস করতে লাগলেন। সেই স্থানটি ছিল সবূলূন ও নপ্তালি অঞ্চলে, হ্রদের উপকূলে।
[14] এরকম ঘটল, যেন ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথিত বচন পূর্ণ হয়:
[15] “সমুদ্রের অভিমুখে, জর্ডনের অপর পারে, সবূলূন দেশ ও নপ্তালি দেশ, গালীলের অইহুদি জাতিবৃন্দের—
[16] যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেল; মৃত্যুচ্ছায়ার দেশে যাদের বসবাস ছিল, তাদের উপরে এক জ্যোতির উদয় হল।”
[17] সেই সময় থেকে যীশু প্রচার করা শুরু করলেন, “মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট।”
[18] গালীল হ্রদের তীর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি শিমোন যাকে পিতর নামে ডাকা হত ও তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা হ্রদের জলে জাল নিক্ষেপ করছিলেন, কারণ তাঁরা মত্স্যজীবী ছিলেন।
[19] যীশু বললেন, “এসো, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মানুষ-ধরা জেলে করব।”
[20] সেই মুহূর্তেই তাঁরা জাল ফেলে তাঁর অনুসারী হলেন।
[21] সেখানে থেকে এগিয়ে গিয়ে তিনি অপর দুই ভাইকে, সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন। তাঁরা তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে একটি নৌকায় তাঁদের জালগুলি মেরামত করছিলেন। যীশু তাঁদের আহ্বান করলেন।
[22] সঙ্গে সঙ্গে তাঁরা নৌকা ও তাঁদের পিতাকে পরিত্যাগ করে তাঁর অনুসারী হলেন।
[23] যীশু সমস্ত গালীল পরিক্রমা করে তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিলেন ও স্বর্গ রাজ্যের সুসমাচার প্রচার করলেন। তিনি লোকদের সমস্ত রকমের রোগ-ব্যাধি ও পীড়া থেকে সুস্থ করলেন।
[24] তাঁর সংবাদ সমস্ত সিরিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তাঁর কাছে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের, যারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল তাদের, ভূতগ্রস্তদের, মৃগী-রোগীদের ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিয়ে এল। তিনি তাদের সুস্থ করলেন।
[25] গালীল, ডেকাপলি, জেরুশালেম, যিহূদিয়া ও জর্ডন নদীর অপর পারের অঞ্চল থেকে আগত বিস্তর লোক তাঁকে অনুসরণ করল।