Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:13

[1] প্রভু যীশু খ্রীষ্টের বংশতালিকা, তিনি ছিলেন দাউদের বংশধর ও অব্রাহামের বংশধর।

[2] অব্রাহামের পুত্র ইস্‌হাক, ইসহাকের পুত্র যাকোব, যাকোবের পুত্র যিহূদা ও তাঁর ভাইয়েরা,

[3] যিহূদার পুত্র পেরস ও সেরহ, যাঁদের মা ছিলেন তামর, পেরসের পুত্র হিষ্রোণ, হিষ্রোণের পুত্র রাম।

[4] রামের পুত্র অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমন।

[5] সলমনের পুত্র বোয়স, তাঁর মা ছিলেন রাহব, বোয়সের পুত্র ওবেদ, তাঁর মা ছিলেন রূত। ওবেদের পুত্র যিশয়,

[6] ও যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, তাঁর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।

[7] শলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আসা।

[8] আসার পুত্র যিহোশাফট, যিহোশাফটের পুত্র যিহোরাম, যিহোরামের পুত্র উষিয়।

[9] উষিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র আহস, আহসের পুত্র হিষ্কিয়।

[10] হিষ্কিয়ের পুত্র মনঃশি, মনঃশির পুত্র আমোন, আমোনের পুত্র যোশিয়,

[11] আর যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসন-কালে এঁদের জন্ম হয়।

[12] ব্যাবিলনে নির্বাসনের পরে জাত: যিকনিয়ের পুত্র শল্টীয়েল, শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল।

[13] সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলিয়াকীম, ইলিয়াকীমের পুত্র আসোর।

[14] আসোরের পুত্র সাদোক, সাদোকের পুত্র আখীম, আখীমের পুত্র ইলিহূদ।

[15] ইলিহূদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকোব,

[16] যাকোবের পুত্র যোষেফ যিনি মরিয়মের স্বামী, এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে খ্রীষ্ট বলে।

[17] এভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট চোদ্দো পুরুষ; দাউদ থেকে ব্যাবিলনের নির্বাসনে যাওয়া পর্যন্ত চোদ্দো পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দো পুরুষ।

[18] যীশু খ্রীষ্টের জন্ম এভাবে হয়েছিল। তাঁর মা মরিয়ম যোষেফের সঙ্গে বিবাহের জন্য বাগদত্তা হলে, তাঁদের সহবাসের পূর্বে জানা গেল, তিনি পবিত্র আত্মার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছেন।

[19] যেহেতু তাঁর স্বামী যোষেফ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রকাশ্যে তাঁকে কলঙ্কের পাত্র করতে না-চাওয়াতে, তিনি গোপনে বাগদান ভেঙে দেওয়া স্থির করলেন।

[20] কিন্তু একথা বিবেচনার পরে, স্বপ্নে প্রভুর এক দূত তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন, “দাউদ-সন্তান যোষেফ, তোমার স্ত্রীরূপে মরিয়মকে ঘরে নিতে ভয় পেয়ো না, কারণ তাঁর গর্ভধারণ পবিত্র আত্মা থেকে হয়েছে।

[21] তিনি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তাঁর নাম যীশু রাখবে, কারণ তিনিই তাঁর প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন।”

[22] এই সমস্ত ঘটনা ঘটল, যেন ভাববাদীর মুখ দিয়ে প্রভু যা বলেছিলেন, তা পূর্ণ হয়:

[23] “সেই কুমারী-কন্যা গর্ভবতী হবে এবং এক পুত্র-সন্তানের জন্ম দেবে, আর তারা তাঁকে ডাকবে ইম্মানুয়েল” নামে, যার অর্থ, “ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।”

[24] প্রভুর দূত যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে যোষেফ সেইমতো মরিয়মকে ঘরে তাঁর স্ত্রীরূপে গ্রহণ করলেন।

[25] কিন্তু পুত্র প্রসব না করা পর্যন্ত তিনি মরিয়মের সঙ্গে মিলিত হলেন না। আর তিনি তাঁর নাম যীশু রাখলেন।

মথি — Chapters