[1] হেরোদ রাজার সময় যিহূদিয়া প্রদেশের বেথলেহেমে যীশুর জন্ম হলে পর, পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত ব্যক্তি জেরুশালেমে এসে জিজ্ঞাসা করলেন,
[2] “ইহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? আমরা পূর্বদেশে তাঁর তারা দেখতে পেয়ে তাঁকে প্রণাম করতে এসেছি।”
[3] একথা শুনে রাজা হেরোদ ও তাঁর সঙ্গে সমস্ত জেরুশালেমের মানুষেরা উদ্বিগ্ন হয়ে উঠল।
[4] তিনি সমগ্র জনসাধারণের প্রধান যাজকবৃন্দ ও শাস্ত্রবিদদের একত্রে ডেকে তাঁদের কাছে জানতে চাইলেন, খ্রীষ্ট কোথায় জন্মগ্রহণ করবেন?
[5] তাঁরা উত্তর দিলেন, “যিহূদিয়ার বেথলেহেমে, কারণ ভাববাদী এরকম লিখেছেন:
[6] “কিন্তু তুমি, যিহূদা দেশের বেথলেহেম, যিহূদার শাসকদের মধ্যে তুমি কোনো অংশে সামান্য ক্ষুদ্র নও; কারণ তোমার মধ্য থেকেই আসবেন এক শাসক, যিনি হবেন আমার প্রজা ইস্রায়েলের পালক।”
[7] এরপর হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে, সেই তারাটি সঠিক কখন উদিত হয়েছিল, তা তাঁদের কাছ থেকে জেনে নিলেন।
[8] তিনি তাঁদের এই বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন, “যান, গিয়ে সযত্নে শিশুটির অনুসন্ধান করুন। তাঁর সন্ধান পাওয়া মাত্র আমাকে সংবাদ দেবেন, যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।”
[9] রাজার এই কথা শুনে তাঁরা তাঁদের পথে চলে গেলেন। আর যে-তারাটি তাঁরা পূর্বদেশে দেখেছিলেন, সেটি তাঁদের আগে আগে চলতে লাগল এবং শিশুটি যেখানে ছিল, সেই স্থানের উপরে স্থির হয়ে রইল।
[10] তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন।
[11] গৃহ-অভ্যন্তরে এসে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। তাঁরা সকলে ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটির উপাসনা করলেন। তারপর তাঁরা তাঁদের রত্নপেটিকা খুলে তাঁকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।
[12] তাঁরা যেন হেরোদের কাছে ফিরে না যান, স্বপ্নে এই সতর্কবাণী পেয়ে তাঁরা অন্য এক পথ ধরে তাঁদের দেশে ফিরে গেলেন।
[13] তাঁরা চলে যাওয়ার পরে প্রভুর এক দূত স্বপ্নে যোষেফের কাছে আবির্ভূত হয়ে বললেন, “ওঠো, শিশুটি ও তাঁর মাকে নিয়ে মিশরে পলায়ন করো। আমি যতক্ষণ না-বলি, সেখানেই থেকো, কারণ শিশুটিকে হত্যা করার জন্য হেরোদ তাঁর অনুসন্ধান করবে।”
[14] অতএব, যোষেফ উঠে শিশুটি ও তাঁর মাকে নিয়ে সেই রাত্রিতেই মিশরের উদ্দেশে রওনা হলেন।
[15] হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই থাকলেন। আর এভাবেই, প্রভু ভাববাদীর মাধ্যমে যা ব্যক্ত করেছিলেন, তা পূর্ণ হল: “মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।”
[16] পণ্ডিতেরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন উপলব্ধি করে হেরোদ ক্রোধে উন্মত্ত হলেন। পণ্ডিতদের কাছে জেনে নেওয়া সময় হিসেব করে, তিনি বেথলেহেম ও তার সন্নিহিত অঞ্চলের দু-বছর ও তার কমবয়েসি সমস্ত শিশুকে হত্যা করার আদেশ দিলেন।
[17] তখন ভাববাদী যিরমিয়ের দ্বারা কথিত এই বচন পূর্ণ হল।
[18] “রামা-নগরে শ্রুত হল, এক ক্রন্দন ও মহাবিলাপের রব, রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন, তিনি সান্ত্বনা পেতে চান না, কারণ তারা আর বেঁচে নেই।”
[19] হেরোদের মৃত্যুর পর, মিশরে প্রভুর এক দূত স্বপ্নে যোষেফের কাছে আবির্ভূত হয়ে বললেন,
[20] “ওঠো, শিশুটি ও তাঁর মাকে নিয়ে তুমি ইস্রায়েল দেশে ফিরে যাও। কারণ, যারা শিশুটির প্রাণ হরণ করতে চাইছিল, তাদের মৃত্যু হয়েছে।”
[21] তাই তিনি উঠে শিশুটি ও তাঁর মা মরিয়মকে নিয়ে ইস্রায়েল দেশে গেলেন।
[22] কিন্তু যখন তিনি শুনলেন, আখির্লায় তাঁর পিতা হেরোদের পদে যিহূদিয়ায় রাজত্ব করছেন, তিনি সেখানে যেতে ভয় পেলেন। তিনি স্বপ্নে এক সতর্কবাণী পেয়ে গালীল-প্রদেশে চলে গেলেন।
[23] তিনি বসবাস করার জন্য নাসরৎ নামের এক নগরে গেলেন। এভাবেই ভাববাদীদের দ্বারা কথিত বাণী পূর্ণ হল, “তিনি নাসরতীয় বলে আখ্যাত হবেন।”