Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:06

[1] তারপর যীশু সকল লোকদের ও তাঁর শিষ্যদের বললেন,

[2] “শাস্ত্রবিদরা ও ফরিশীরা মোশির আসনে বসে।

[3] সেই কারণে, তোমরা অবশ্যই তাদের কথা শুনবে ও তারা যা বলে তা পালন করবে। কিন্তু তারা যে কাজ করে, তোমরা সেই কাজ করবে না, কারণ তারা যা প্রচার করে, তা নিজেরা অনুশীলন করে না।

[4] তারা দুর্বহ বোঝা বেঁধে সেগুলি মানুষদের কাঁধে চাপায়, কিন্তু তারা একটি আঙুল দিয়েও তা সরাতে ইচ্ছুক হয় না।

[5] “তারা যা কিছুই করে, তা লোক-দেখানো মাত্র। তারা তাদের কবচ প্রশস্ত ও আলখাল্লার ঝালর লম্বা করে।

[6] তারা ভোজসভায় সব থেকে সম্মানজনক আসন ও সমাজভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলি পেতে ভালোবাসে।

[7] তারা হাটে-বাজারে সম্ভাষিত হতে ভালোবাসে ও চায় যেন লোকেরা তাদের ‘রব্বি’ বলে ডাকে।

[8] “কিন্তু তোমরা ‘রব্বি’ বলে সম্ভাষিত হোয়ো না, কারণ তোমাদের গুরুমহাশয় কেবলমাত্র একজন ও তোমরা পরস্পর ভাই ভাই।

[9] আবার পৃথিবীতে কাউকে ‘পিতা’ বলে সম্বোধন কোরো না, কারণ তোমাদের পিতা একজনই, তিনি স্বর্গে থাকেন।

[10] আবার কেউ তোমাদের ‘আচার্য’ বলে যেন না ডাকে, কারণ তোমাদের আচার্য একজনই তিনি খ্রীষ্ট।

[11] তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, সে তোমাদের পরিচারক হবে।

[12] কারণ যে কেউ নিজেকে উন্নত করে দেখায় তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করো তাকে উন্নত করা হবে।

[13] “শাস্ত্রবিদরা ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ আপনাদের! আপনারা লোকদের মুখের সামনে স্বর্গরাজ্য রুদ্ধ করে থাকেন।

[14] তোমরা নিজেরা তার মধ্যে তো প্রবেশ করো না অথচ যারা প্রবেশ করতে চেষ্টা করে তাদেরও প্রবেশ করতে দাও না। শাস্ত্রবিদরা ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করো, আর লোক-দেখানো লম্বা লম্বা প্রার্থনা করো। সেই কারণে তোমাদের শাস্তি কঠোরতম হবে।

[15] “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ আপনাদের! আপনারা একজনকে ইহুদি-ধর্মে ধর্মান্তরিত করার জন্য স্থলে ও সমুদ্রে পরিভ্রমণ করে থাকেন। আর সে যখন রাজি হয়, তখন আপনারা যেমন নারকীয়, তাকেও তেমনই আপনাদের দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোলেন।

[16] “অন্ধ পথপ্রদর্শকেরা, ধিক্ আপনাদের! আপনারা বলেন, ‘কেউ যদি মন্দিরের নামে শপথ করে সেটা বড় কিছুই নয়, কিন্তু কেউ যদি মন্দিরের সোনার শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’

[17] মূর্খ অন্ধের দল! কোনটি মহত্তর: সেই সোনা, না সেই মন্দির, যা সোনাকে পবিত্র করে?

[18] আপনারা আরও বলেন, ‘কেউ যদি যজ্ঞবেদির শপথ করে সেটা কিছুই নয়; কিন্তু কেউ যদি তার উপরে স্থিত নৈবেদ্যের শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’

[19] অন্ধ মানুষ আপনারা! কোনটি মহত্তর: সেই নৈবেদ্য, না যজ্ঞবেদি, যা নৈবেদ্যকে পবিত্র করে?

[20] সেই কারণে, যে যজ্ঞবেদির শপথ করে সে বেদির ও তার উপরে স্থিত সবকিছুরই শপথ করে।

[21] আর যে মন্দিরের শপথ করে সে মন্দিরের ও যিনি তার মধ্যে অধিষ্ঠান করেন, তাঁরও শপথ করে।

[22] আর যে স্বর্গের শপথ করে, সে ঈশ্বরের সিংহাসন ও যিনি তাঁর উপরে উপবেশন করেন তাঁরও শপথ করে।

[23] “শাস্ত্রবিদরা ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ আপনাদের! আপনারা আপনাদের মশলাপাতি—পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকেন কিন্তু বিধানের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেমন ন্যায়বিচার, করুণা, বিশ্বস্ততা—এগুলি উপেক্ষা করে থাকেন। ভালো হত, আপনারা পূর্বের বিষয়গুলি উপেক্ষা না করে যদি এগুলিও পালন করতেন।

[24] অন্ধ পথপ্রদর্শক আপনারা! আপনারা মশা ছাঁকেন, কিন্তু উট গিলে ফেলেন।

[25] “শাস্ত্রবিদরা ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ আপনাদের! আপনারা থালাবাটির বাইরেটা পরিষ্কার করে থাকেন কিন্তু ভেতরের দিকটা লোভ-লালসা ও আত্ম-অসংযমে পূর্ণ।

[26] অন্ধ ফরিশী! প্রথমে থালাবাটির ভেতরটা পরিষ্কার করুন তারপরে বাইরের দিকটিও পরিষ্কার হবে।

[27] “শাস্ত্রবিদরা ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ আপনাদের! আপনারা চুনকাম করা কবরের মতো! সেগুলি বাইরে থেকে দেখতে তো সুন্দর কিন্তু ভেতরে মরা মানুষের অস্থি ও সব ধরনের অশুচি বিষয়ে পরিপূর্ণ।

[28] একইভাবে বাইরে থেকে আপনারা লোকদের কাছে নিজেদের ধার্মিক দেখান কিন্তু অন্তরে আপনারা ভণ্ডামি ও দুষ্টতায় পূর্ণ।

[29] “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল আপনারা! আপনারা ভাববাদীদের সমাধি-স্তম্ভ নির্মাণ করেন এবং ধার্মিকদের কবর সুশোভিত করেন।

[30] আর আপনারা বলেন, ‘আমরা যদি পূর্বপুরুষদের সময়ে থাকতাম তাহলে ভাববাদীদের রক্তপাত করায় আমরা তাঁদের সঙ্গ দিতাম না।’

[31] এভাবে আপনারা নিজেরাই নিজেদের বিষয়ে সাক্ষ্য দেন যে যারা ভাববাদীদের হত্যা করেছিল আপনারা তাদেরই বংশধর।

[32] তাহলে, আপনাদের পূর্বপুরুষেরা যে পাপ শুরু করেছিল আপনারা তারই মাত্রা পূর্ণ করুন!

[33] “সাপেরা! কালসাপের বংশেরা! আপনারা ন্যায়বিচারের দিন কীভাবে নরকদণ্ড এড়াতে পারবেন?

[34] সেই কারণে আমি আপনাদের কাছে ভাববাদীদের, বিজ্ঞ মানুষদের ও শিক্ষাগুরুদের প্রেরণ করে চলেছি। তাদের মধ্যে কয়েকজনকে আপনারা হত্যা করবেন, কয়েকজনকে ক্রুশার্পিত করবেন। অপরদের আপনারা সমাজভবনে নিয়ে গিয়ে কশাপ্রহার করবেন ও এক নগর থেকে অন্য নগরে তাদের অনিষ্ট করার জন্য তাড়া করবেন।

[35] এভাবে পৃথিবীতে যত ধার্মিক মানুষের রক্তপাত হয়ে আসছে, সেই ধার্মিক হেবলের রক্তপাত থেকে শুরু করে, বরখিয়ের পুত্র সখরিয়ের রক্তপাত পর্যন্ত, যাকে আপনারা মন্দির ও যজ্ঞবেদির মাঝখানে হত্যা করেছিলেন, এদের সকলের রক্তপাতের ফল আপনাদের উপরেই বর্তাবে।

[36] আমি আপনাদের সত্যিই বলছি, এসবই এই প্রজন্মের লোকেদের উপরে এসে পড়বে।

[37] “হায়! জেরুশালেম, জেরুশালেম, তুমি ভাববাদীদের হত্যা করে থাকো ও তোমার কাছে প্রেরিত মানুষদের পাথরের আঘাত করে থাকো। কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, যেমন মুরগি তার শাবকদের নিজের পক্ষতলে একত্র করে, কিন্তু তোমরা রাজি ছিলে না।

[38] দেখো, তোমাদের গৃহ তোমাদের জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রইল।

[39] কারণ আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা বলবে, ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন’ সেই পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না।”

মথি — Chapters