Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:38

[1] যীশু তাঁর বারোজন শিষ্যকে তাঁর কাছে ডাকলেন। তিনি তাঁদের অশুচি আত্মা তাড়ানোর এবং সমস্ত রকম রোগ ও পীড়া ভালো করার ক্ষমতা দিলেন।

[2] সেই বারোজন প্রেরিতের নাম হল: প্রথমে শিমোন যাকে পিতর নামে ডাকা হতো ও তাঁর ভাই আন্দ্রিয়; সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন;

[3] ফিলিপ ও বর্থলময়; থোমা ও কর আদায়কারী মথি; আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়;

[4] উদ্যোগী শিমোন ও যিহূদা ইষ্কারিয়োৎ, যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

[5] যীশু বারোজনকে এসব আদেশ দিয়ে প্রেরণ করলেন: “তোমরা অইহুদিদের মধ্যে যেয়ো না বা শমরীয়দের কোনো নগরে প্রবেশ কোরো না।

[6] বরং তোমরা ইস্রায়েলের হারিয়ে যাওয়া মেষদের কাছে যাও।

[7] তোমরা যেতে যেতে এই বার্তা প্রচার কোরো: ‘স্বর্গরাজ্য সন্নিকট।’

[8] তোমরা পীড়িতদের সুস্থ কোরো, মৃতদের উত্থাপন কোরো, যাদের কুষ্ঠরোগ আছে, তাদের শুচিশুদ্ধ কোরো, ভূতদের তাড়িও। তোমরা বিনামূল্যে পেয়েছ, সেইরূপ বিনামূল্যেই দান কোরো।

[9] “তোমাদের কটিবন্ধনীতে সোনা কি রুপো কি তামার মুদ্রা নিয়ো না;

[10] যাত্রার উদ্দেশে কোনো থলি, বা অতিরিক্ত পোশাক, বা চটিজুতো বা কোনো ছড়ি নিয়ো না; কারণ কর্মী তার নিজস্ব আহার পাওয়ার যোগ্য।

[11] আর তোমরা যে নগরে বা গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোনো উপযুক্ত লোকের সন্ধান করে সেই স্থান ত্যাগ না করা পর্যন্ত তার গৃহেই থেকো।

[12] সেই গৃহে প্রবেশ করার সময়, তোমরা তাদের শুভেচ্ছা জানিয়ো।

[13] যদি সেই গৃহ যোগ্য হয়, তোমাদের শান্তি তার উপরে বিরাজ করুক; যদি যোগ্য না হয়, তাহলে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসুক।

[14] কেউ যদি তোমাদের স্বাগত না জানায়, বা তোমাদের কথা না শোনে, সেই গৃহ বা নগর ত্যাগ করার সময় তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো।

[15] আমি তোমাদের সত্যিই বলছি, বিচারের দিনে সেই নগরের চেয়ে বরং সদোম ও ঘমোরার দশা বেশি সহনীয় হবে।

[16] “আমি নেকড়েদের মধ্যে তোমাদের মেষের মতো প্রেরণ করছি। সেই কারণে, তোমরা সাপের মতো চতুর ও কপোতের মতো সরল হও।

[17] লোকেদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। তারা তোমাদের স্থানীয় বিচার-পরিষদের হাতে তুলে দেবে এবং তাদের সমাজভবনে তোমাদের চাবুক মারবে।

[18] আমারই কারণে প্রদেশপালদের ও রাজাদের কাছে এবং অইহুদিদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদের নিয়ে যাওয়া হবে।

[19] কিন্তু, তারা যখন তোমাদের গ্রেপ্তার করবে, কী বলবে বা কীভাবে তা বলবে, সে বিষয়ে দুশ্চিন্তা কোরো না। সেই সময়ে, তোমরা কী বলবে, তা তোমাদের বলে দেওয়া হবে।

[20] কারণ তোমরা যে কথা বলবে, তা নয়, কিন্তু তোমাদের পিতার আত্মাই তোমাদের মাধ্যমে কথা বলবেন।

[21] “ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবেন; ছেলেমেয়েরা পিতামাতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশে সমর্পণ করবে।

[22] আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে।

[23] কোনো এক স্থানে তোমরা নির্যাতিত হলে অন্য স্থানে পালিয়ে যেয়ো। আমি তোমাদের সত্যিই বলছি, মনুষ্যপুত্রের আগমনের পূর্বে ইস্রায়েলের নগরগুলির পরিক্রমা তোমরা শেষ করতে পারবে না।

[24] “কোনো শিষ্য তার গুরু থেকে বড় নয়, কোনো দাস তার মনিব থেকেও নয়।

[25] শিষ্য যদি গুরুর সদৃশ হয় এবং দাস তার মনিবের সদৃশ, তাহলেই যথেষ্ট। গৃহকর্তাকেই যদি বেলসবুল বলা হয়, তার পরিজনদের আরও কত না-কি বলা হবে।

[26] “সুতরাং, তোমরা তাদের ভয় পেয়ো না। এমন কিছুই লুকোনো নেই যা প্রকাশ পাবে না, বা এমন কিছুই গোপন নেই যা জানা যাবে না।

[27] আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি, দিনের আলোয় তোমরা তা বোলো; তোমাদের কানে কানে যা বলা হয়, তা ছাদের উপর থেকে ঘোষণা কোরো।

[28] যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় করো।

[29] দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না।

[30] আবার, এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে।

[31] তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।

[32] “যে কেউ মানুষদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও স্বর্গে আমার পিতার কাছে তাকে স্বীকার করব।

[33] কিন্তু কেউ যদি মানুষদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও স্বর্গে আমার পিতার কাছে তাকে অস্বীকার করব।

[34] “মনে কোরো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি। আমি শান্তি দিতে নয়, কিন্তু এক খড়্গ দিতে এসেছি।

[35] কারণ আমি এসেছি, “পুত্রকে তার পিতার বিরুদ্ধে বিচ্ছেদ করাতে ‘কন্যাকে তার মাতার বিরুদ্ধে, পুত্রবধূকে তার শাশুড়ির বিরুদ্ধে—

[36] একজন মানুষের শত্রু তার নিজ পরিবারের সদস্যই হবে।’

[37] “যে তার পিতা বা মাতাকে আমার চেয়েও বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়। যে তার পুত্র বা কন্যাকে আমার চেয়েও বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়।

[38] আর যে তার ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করে না সে আমার যোগ্য নয়।

[39] যে তার প্রাণরক্ষা করতে চায় সে তা হারাবে এবং কেউ যদি আমার কারণে তার প্রাণ হারায় সে তা লাভ করবে।

[40] “যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে; যে আমাকে গ্রহণ করে সে তাঁকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন।

[41] কেউ যদি কোনো ভাববাদীকে ভাববাদী জেনে গ্রহণ করে সে এক ভাববাদীরই পুরস্কার লাভ করবে। আবার যে এক ধার্মিক ব্যক্তিকে ধার্মিক মানুষ বলে গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাবে।

[42] আবার এই ক্ষুদ্রজনেদের মধ্যে কোনো একজনকে কেউ যদি আমার শিষ্য জেনে এক পেয়ালা ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি সে কোনোমতেই তার প্রাপ্য পুরস্কার থেকে বঞ্চিত হবে না।”

মথি — Chapters