[1] ওইসব দিনগুলিতে বাপ্তিষ্মদাতা যোহন, যিহূদিয়ার মরুপ্রান্তরে উপস্থিত হয়ে প্রচার করতে লাগলেন,
[2] “মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য এসে পড়ল।”
[3] ইনিই সেই মানুষ, যাঁর সম্পর্কে ভাববাদী যিশাইয় বলেছিলেন: “মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর ডাক দিচ্ছে, ‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাঁর জন্য রাজপথগুলি সরল’ করো।”
[4] যোহনের পোশাক ছিল উটের লোমে তৈরি এবং তাঁর কোমরে এক চামড়ার কটিবন্ধনী জড়ানো থাকত। তিনি পঙ্গপাল ও বন্য মধু ভোজন করতেন।
[5] লোকেরা জেরুশালেম, সমস্ত যিহূদিয়া ও জর্ডনের সমগ্র অঞ্চল থেকে তাঁর কাছে যেতে লাগল।
[6] তারা নিজের নিজের পাপস্বীকার করে জর্ডন নদীতে তাঁর কাছে বাপ্তিষ্ম নিতে লাগল।
[7] তিনি যেখানে বাপ্তিষ্ম দিচ্ছিলেন, সেখানে যখন বহু ফরিশী ও সদ্দূকীকেদের আসতে দেখলেন, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পলায়ন করতে কে তোমাদের চেতনা দিল?
[8] অতএব, তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে।
[9] আর ভেবো না, মনে মনে নিজেদের বলতে পারবে, ‘অব্রাহাম আমাদের পিতা।’ আমি তোমাদের বলি, ঈশ্বর এই পাথরগুলি থেকে অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।
[10] গাছগুলির মূলে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল না ধরে, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।
[11] “তোমরা মন পরিবর্তন করেছ বলে আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি আমার চেয়েও শক্তিশালী; আমি তাঁর চটিজুতো বওয়ারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মার দ্বারা ও আগুনের দ্বারা বাপ্তিষ্ম দেবেন।
[12] শস্য-ঝাড়াইয়ের কুলো তাঁর হাতেই আছে এবং তিনি তাঁর খামার পরিষ্কার করবেন। তিনি তাঁর গম গোলায় সংগ্রহ করবেন ও তুষ অনির্বাপনীয় আগুনে পুড়িয়ে দেবেন।”
[13] এরপর যীশু যোহনের কাছে বাপ্তিষ্ম গ্রহণের জন্য গালীল প্রদেশ থেকে জর্ডনে এলেন।
[14] কিন্তু যোহন তাঁকে বারণ করার চেষ্টা করে বললেন, “আপনার কাছে আমারই বাপ্তিষ্ম নেওয়া প্রয়োজন, আর আপনি কি না আমার কাছে আসছেন?”
[15] উত্তরে যীশু বললেন, “এখন সেইরকমই হোক; সমস্ত ধার্মিকতা পূরণের জন্য আমাদের এরকম করা উপযুক্ত।” তখন যোহন সম্মত হলেন।
[16] বাপ্তাইজিত হওয়ার পরে পরেই যীশু জল থেকে উঠে এলেন। সেই মুহূর্তে স্বর্গলোক উন্মুক্ত হল, আর তিনি দেখলেন, ঈশ্বরের আত্মা কপোতের আকারে তাঁর উপরে নেমে এসে অধিষ্ঠান করছেন।
[17] তখন স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, “ইনিই আমার প্রিয় পুত্র, যাঁর উপরে আমি পরম প্রসন্ন।”