[1] তোমরা ভাইবোনের মতো পরস্পরকে ভালোবেসে যাও।
[2] অতিথির সেবা করতে ভুলে যেয়ো না, কারণ তা করে কেউ কেউ না জেনে স্বর্গদূতদেরই সেবা করেছে।
[3] যারা কারারুদ্ধ আছে, সহবন্দি মনে করে তাদের স্মরণ কোরো। তোমরা নিজেরাই যেন কষ্টভোগ করছ, এরকম মনে করে যাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, তাদের স্মরণ কোরো।
[4] বিবাহ-সম্পর্ককে সবারই সম্মান করা উচিত এবং বিবাহ-শয্যা শুচিশুদ্ধ রাখতে হবে। কারণ ব্যভিচারীদের ও অবৈধ-সংসর্গকারীদের বিচার ঈশ্বর করবেন।
[5] তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না তোমায়।”
[6] তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি, “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না, মানুষ আমার কী করতে পারে?”
[7] তোমাদের নেতাদের স্মরণ কোরো, যাঁরা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন। তাঁদের জীবনচর্যার পরিণাম সম্পর্কে বিবেচনা কোরো এবং তাঁদের বিশ্বাসের অনুকরণ কোরো।
[8] যীশু খ্রীষ্ট গতকাল, আজ ও অনন্তকাল যে সেই একই আছেন।
[9] তোমরা বিভিন্ন প্রকার বিজাতীয় শিক্ষায় বিপথে চালিত হোয়ো না। অনুগ্রহের দ্বারা আমাদের হৃদয়কে শক্তিশালী করাই ভালো, কোনো সংস্কারগত খাবার দিয়ে নয়, কারণ যারা তা ভোজন করে, তাদের কাছে এর কোনো মূল্য নেই।
[10] আমাদের এক যজ্ঞবেদি আছে, যা থেকে, যারা আবাস তাঁবুর পরিচারক, তাদের ভোজন করার অধিকার নেই।
[11] মহাযাজক পাপমোচনের নৈবেদ্যস্বরূপ পশুর রক্ত মহাপবিত্র স্থানে বয়ে নিয়ে যান, কিন্তু সেগুলির দেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া হয়।
[12] সেভাবে, যীশুও তাঁর রক্তের মাধ্যমে প্রজাদের পবিত্র করার জন্য নগরদ্বারের বাইরে মৃত্যুবরণ করেছেন।
[13] তাহলে এসো, তিনি যে-অপমান সহ্য করেছিলেন, তা বহন করে আমরা শিবিরের বাইরে তাঁর কাছে যাই।
[14] কারণ এখানে আমাদের কাছে কোনো চিরস্থায়ী নগর নেই, কিন্তু আমরা সন্নিকট সেই নগরের প্রতীক্ষায় আছি।
[15] অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উত্সর্গ করি—তা হল ওষ্ঠাধরের ফল, যা তাঁর নামকে স্বীকার করে।
[16] আর সৎকর্ম ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদের সহভাগী করার কথা ভুলে যেয়ো না, কারণ এধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।
[17] তোমাদের নেতাদের নির্দেশ মেনে চলো ও তাঁদের কর্তৃত্বের বশ্যতাধীন হও। যাঁদের জবাবদিহি করতে হবে, এমন মানুষের মতো তাঁরা তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তাঁদের আদেশ পালন কোরো, যেন তাঁদের কাজ আনন্দময় হয়, বোঝাস্বরূপ না হয়, তা না হলে, তা তোমাদের পক্ষে লাভজনক হবে না।
[18] আমাদের জন্য প্রার্থনা কোরো। আমরা সুনিশ্চিত যে, আমাদের এক পরিচ্ছন্ন বিবেক আছে এবং আমরা সবদিক দিয়ে সম্মানজনক জীবনযাপন করার আকাঙ্ক্ষা করি।
[19] আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করার জন্য অনুনয় করি, যেন আমি শীঘ্রই তোমাদের কাছে আবার ফিরে যেতে পারি।
[20] শান্তির ঈশ্বর, যিনি শাশ্বত সন্ধি-চুক্তির রক্তের মাধ্যমে আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে পুনরায় উত্থাপিত করেছেন, মেষপালের সেই মহান পালরক্ষক,
[21] তাঁর ইচ্ছা পালনের উদ্দেশে সব সৎকর্মের উপকরণে তোমাদের সুসজ্জিত করুন এবং তাঁর কাছে যা প্রীতিকর, তা যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের অন্তরে সম্পন্ন করুন। যুগে যুগে চিরকাল তাঁর মহিমা কীর্তিত হোক। আমেন!
[22] ভাইবোনেরা, তোমাদের অনুনয় করি, আমার এই উপদেশবাণী সহ্য করো, কারণ আমি তোমাদের কাছে একটি সংক্ষিপ্ত পত্র লিখেছি মাত্র।
[23] আমি চাই, তোমরা জেনে নাও যে, আমাদের ভাই তিমথিকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি যদি শীঘ্র আসেন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি তাঁর সঙ্গেই যাব।
[24] তোমাদের সব নেতা ও ঈশ্বরের সমস্ত সন্তজনকে শুভেচ্ছা জানিয়ো। ইতালির সকলেও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
[25] অনুগ্রহ তোমাদের সবারই সহবর্তী হোক।