Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:39

[1] আমরা যা বলছি, তার মর্মার্থ হল এই: আমাদের এমন একজন মহাযাজক আছেন, যিনি স্বর্গে মহিমা-সিংহাসনের ডানদিকে উপবিষ্ট;

[2] তিনি সেই পবিত্রধামে, যা মানব-নির্মিত নয়, কিন্তু প্রভুর স্থাপিত, সেই প্রকৃত তাঁবুতে সেবকত্ব করেন।

[3] প্রত্যেক মহাযাজক বিভিন্ন নৈবেদ্য ও বলি উত্সর্গের জন্য নিযুক্ত হয়েছেন, সেই কারণে এই মহাযাজকেরও উত্সর্গ করার জন্য অবশ্যই কিছু থাকা প্রয়োজন ছিল।

[4] তিনি যদি পৃথিবীতে থাকতেন, তাহলে তিনি যাজক হতে পারতেন না, কারণ এখানে এমন অনেক মানুষ আছে, যারা বিধানের নির্দেশমতো নৈবেদ্য উত্সর্গ করে।

[5] তারা এমন এক পবিত্রস্থানে পরিচর্যা করে, যা স্বর্গীয় পবিত্রস্থানের সদৃশ ও তার প্রতিচ্ছায়াস্বরূপ। সেই কারণে তাঁবু নির্মাণ করতে উদ্যত হলে মোশিকে সতর্ক করা হয়েছিল, “দেখো, পর্বতের উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছিল, সেই অনুযায়ী সবকিছু নির্মাণ কোরো।”

[6] কিন্তু যীশু যে পরিচর্যা করেন, তা তাদের চেয়েও উৎকৃষ্ট স্তরের, কারণ তিনি যে সন্ধি-চুক্তির মধ্যস্থ হয়েছেন, পুরাতনের চেয়ে তা শ্রেয় এবং তা উত্কৃষ্টতর প্রতিশ্রুতির উপরে প্রতিষ্ঠিত।

[7] কারণ প্রথম সন্ধি-চুক্তির মধ্যে যদি কোনো ত্রুটি না থাকত, তাহলে অন্যটির জন্য স্থানের প্রয়োজন হত না।

[8] কিন্তু ঈশ্বর লোকদের মধ্যে ত্রুটি দেখে বলেছিলেন, “প্রভু ঘোষণা করেন, দিন সন্নিকট, যখন ইস্রায়েল বংশ ও যিহূদা বংশের সঙ্গে আমি নতুন এক সন্ধি-চুক্তি স্থাপন করব।

[9] মিশর থেকে তাদের পূর্বপুরুষদের মুক্ত করে, তাদের হাত ধরে নিয়ে আসার সময়, আমি যে সন্ধি-চুক্তি স্থাপন করেছিলাম, এই নিয়ম তার মতো হবে না, কারণ আমার সে সন্ধি-চুক্তিতে তারা বিশ্বস্ত থাকেনি এবং আমি তাদের প্রতি বিমুখ হয়েছিলাম, প্রভু একথা বলেন।

[10] সেই সময়ের পরে, আমি ইস্রায়েল বংশের সঙ্গে এই নিয়ম স্থাপন করব, প্রভু ঘোষণা করেন। আমি তাদের মনে আমার বিধিবিধান স্থাপন করব, তাদের হৃদয়ে সেসব লিখে দেব। আর আমি হব তাদের ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা।

[11] ‘প্রভুকে জানো’ একথা বলে কোনো মানুষ তার প্রতিবেশীকে বা তার ভাই বোন কে আর শিক্ষা দেবে না, কারণ ক্ষুদ্র-মহান নির্বিশেষে, তারা সবাই আমাকে জানতে পারবে।

[12] কারণ আমি তাদের অপরাধ মার্জনা করব, তাদের পাপগুলি আর কখনও স্মরণ করব না।”

[13] এই সন্ধি-চুক্তিকে নতুন আখ্যা দিয়ে প্রথমটিকে তিনি পুরাতন করেছেন; আর যা পুরাতন, যা জীর্ণ, তা অচিরেই লুপ্ত হবে।

ইব্রীয় — Chapters