Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:24

[1] অতএব, তাঁর আবাসে প্রবেশ করার প্রতিশ্রুতি বলবৎ থাকলেও, তোমাদের কেউ যেন তা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এসো, আমরা সতর্ক হই।

[2] কারণ তাদের মতো আমাদেরও কাছে সুসমাচার প্রচারিত হয়েছিল; কিন্তু তারা যে বাণী শ্রবণ করেছিল, তাদের কাছে তা ছিল মূল্যহীন, কারণ যারা বিশ্বাসের সঙ্গে শ্রবণ করেছিল, তারা তাদের সঙ্গে সংযুক্ত থাকেনি।

[3] এখন আমরা যারা বিশ্বাস করেছি, তারা সেই বিশ্রামে প্রবেশ করছি, যে বিশ্রামের কথা ঈশ্বর উল্লেখ করেছেন, যেমন তিনি বলেছেন, “তখন আমি ক্রুদ্ধ হয়ে এই শপথ করলাম, ‘এরা কখনও আমার বিশ্রামে প্রবেশলাভ করবে না।’ ” যদিও তাঁর কাজ জগৎ সৃষ্টির সময় থেকে সমাপ্ত হয়েছে।

[4] কারণ সপ্তম দিন সম্পর্কে তিনি কোনও এক স্থানে এই কথা বলেছেন, “সপ্তম দিবসে ঈশ্বর তাঁর সমস্ত কর্ম থেকে বিশ্রাম নিলেন।”

[5] উপরোক্ত অংশটিতে তিনি আবার বলেন, “তারা আমার বিশ্রামে কখনও প্রবেশলাভ করবে না।”

[6] একথা এখনও ঠিক যে, কিছু লোক সেই বিশ্রামে প্রবেশলাভ করবে এবং যাদের কাছে পূর্বে সুসমাচার প্রচারিত হয়েছিল, তাদের অবাধ্যতার জন্য তারা প্রবেশলাভ করতে পারেনি।

[7] তাই, আজ নামে অভিহিত করে ঈশ্বর আর একটি দিন নির্ধারণ করলেন, যেমন ইতিপূর্বে বলা হয়েছে, সেইমতো বহুকাল পরে তিনি দাউদের মাধ্যমে বলেছেন: “আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না।”

[8] কারণ যিহোশূয় যদি তাদের বিশ্রাম দিতেন, তাহলে ঈশ্বর পরে তাদের আর একটি দিনের কথা বলতেন না।

[9] তাই ঈশ্বরের প্রজাবৃন্দের জন্য এক সাব্বাথের বিশ্রাম নির্ধারিত আছে।

[10] কারণ ঈশ্বর যেমন তাঁর কর্ম থেকে বিশ্রাম নিয়েছিলেন, ঈশ্বরের বিশ্রামে যে প্রবেশ করে, সে-ও তেমনই তার নিজের কর্ম থেকে বিশ্রাম নেয়।

[11] সুতরাং এসো, সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, যেন তাদের অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে কারও পতন না হয়।

[12] কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, উভয় দিকে ধারবিশিষ্ট যে কোনো তরোয়াল থেকে তীক্ষ্ন; প্রাণ ও আত্মা এবং শরীরের গ্রন্থি ও মজ্জা পর্যন্ত তা ভেদ করে যায়; তা হৃদয়ের চিন্তা ও আচরণের বিচার করে।

[13] সমস্ত সৃষ্টিতে সবকিছুই যাঁর দৃষ্টিতে অনাবৃত ও উন্মুক্ত, তাঁর কাছে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

[14] অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি স্বর্গসকলের মধ্য দিয়ে অতিক্রম করেছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে ধারণ করে থাকি।

[15] কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সর্বপ্রকারে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকে গেছেন।

[16] তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

ইব্রীয় — Chapters