[1] সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা ন্যায়বিচার মেনে চলো এবং যা ন্যায়সঙ্গত, তা-ই করো, কারণ আমার পরিত্রাণ অতি নিকটবর্তী, আমার ধার্মিকতা সত্বর প্রকাশিত হবে।
[2] ধন্য সেই মানুষ, যে এইরকম করে, সেই মানুষ, যে তা আঁকড়ে ধরে রাখে, যে সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে, যে মন্দ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে।”
[3] সদাপ্রভুর প্রতি সমর্পিত কোনো বিদেশি না বলুক, “সদাপ্রভু নিশ্চয়ই তাঁর প্রজাদের মধ্য থেকে আমাকে বাদ দেবেন।” আবার কোনো নপুংসকও অভিযোগ না করুক যে, “আমি তো একটি শুষ্ক বৃক্ষ মাত্র।”
[4] কারণ সদাপ্রভু এই কথা বলেন, “যে নপুংসকেরা আমার সাব্বাথ-দিন পালন করে, যা আমার প্রীতিজনক, তা-ই বেছে নেয় এবং আমার নিয়মের প্রতি অবিচল থাকে,
[5] তাদের আমি আমার মন্দির ও তার প্রাচীরগুলির মধ্যে পুত্রকন্যাদের থেকেও উৎকৃষ্ট এক স্মারক চিহ্ন ও একটি নাম দেব; আমি তাদের মধ্যে এক চিরস্থায়ী নাম দেব, যা কখনও মুছে ফেলা হবে না।
[6] যে বিদেশিরা সদাপ্রভুর সেবা করার জন্য, তাঁকে ভালোবাসার জন্য ও তাঁর আরাধনা করার জন্য তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, যারাই সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে ও যারা আমার নিয়ম অবিচলভাবে পালন করে—
[7] তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব এবং আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দ দেব। তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্য আমার বেদিতে গ্রহণ করা হবে; কারণ আমার গৃহ আখ্যাত হবে সর্বজাতির প্রার্থনা-গৃহ বলে।”
[8] সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন, যিনি ইস্রায়েলের নির্বাসিতদের সংগ্রহ করেন: “যাদের সংগ্রহ করা হয়েছে, তাদের ছাড়াও, আমি আরও অন্যদের সংগ্রহ করব।”
[9] মাঠের সমস্ত পশু, তোমরা এসো, বনের সমস্ত পশু, তোমরা এসে গ্রাস করো!
[10] ইস্রায়েলের প্রহরীরা অন্ধ, তাদের প্রত্যেকের জ্ঞানের অভাব আছে; তারা সকলেই বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে জানে না; তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তারা ঘুমাতে ভালোবাসে।
[11] তারা প্রবল ক্ষুধাবিশিষ্ট কুকুর, তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিবিহীন মেষপালক; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফেরে, প্রত্যেকেই নিজের নিজের লাভের চেষ্টা করে।
[12] প্রত্যেকে চিৎকার করে বলে, “এসো, আমি দ্রাক্ষারস আনি! এসো আমরা সুরাপানে মত্ত হই! আগামীকালও আজকের মতো হবে, এমনকি, এর থেকেও ভাল হবে।”