Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:11

[1] “ওহে যাকোবের কুল, তোমরা একথা শোনো, তোমাদের ইস্রায়েল নামে ডাকা হয়, তোমাদের উদ্ভব যিহূদার বংশ থেকে, তোমরা সদাপ্রভুর নামে শপথ নিয়ে থাকো ও ইস্রায়েলের ঈশ্বরের কাছে মিনতি করে থাকো, কিন্তু সত্যে বা ধার্মিকতায় তা করো না।

[2] তোমরা নিজেদের সেই পবিত্র নগরের নাগরিক বলো এবং ইস্রায়েলের ঈশ্বরের উপরে নির্ভর করো, সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম,

[3] আমি পূর্বকার বিষয়গুলি বহুপূর্বেই বলেছি, আমার মুখ সেগুলি ঘোষণা করেছে এবং আমি সেগুলি জানিয়ে দিয়েছি; তারপরে হঠাৎই আমি সক্রিয় হয়েছি এবং সেগুলি সংঘটিত হয়েছে।

[4] কারণ আমি জানতাম, তোমরা কেমন অনমনীয়; তোমাদের ঘাড়ের পেশিগুলি সব লোহার, তোমাদের কপাল ছিল পিতলের মতো।

[5] সেই কারণে এসব বিষয় আমি বহুপূর্বেই তোমাদের বলেছিলাম; সেগুলি ঘটার পূর্বেই আমি তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, যেন তোমরা বলতে না পারো, ‘আমার তৈরি প্রতিমারা সেগুলি করেছে; আমার কাঠের মূর্তি ও ধাতব দেবতা সেগুলি নির্ধারণ করেছে।’

[6] তোমরা এসব কথা শুনেছ; সেই সমস্তের দিকে তোমরা তাকাও। তোমরা কি সেগুলি স্বীকার করবে না? “এখন থেকে আমি তোমাদের নতুন সব বিষয় বলব, সেইসব গুপ্ত বিষয়, যেগুলি তোমাদের অজানা।

[7] সেগুলির সৃষ্টি এখনই হয়েছে, বেশি দিন আগে নয়; আজকের পূর্বে সেগুলির কথা তোমরা শোনোনি। তাই তোমরা বলতে পারো না, ‘হ্যাঁ, আমরা সেগুলির কথা জানতাম।’

[8] তোমরা কিছুই শোনোনি, বোঝোওনি; প্রাচীনকাল থেকেই তোমাদের কান খোলা থাকেনি। তোমরা যে কেমন বিশ্বাসঘাতক, তা আমি ভালোভাবেই জানি; জন্ম থেকেই তোমরা বিদ্রোহী নামে আখ্যাত।

[9] আমার নিজেরই নামের অনুরোধে আমি আমার ক্রোধ চরিতার্থ করায় বিলম্ব করেছি; আমার নামের প্রশংসার জন্য আমি তা মুলতুবি রেখেছি, যেন তোমাদের উচ্ছেদসাধন না করি।

[10] দেখো, আমি তোমাদের আগুনে বিশুদ্ধ করেছি, যদিও রুপোর মতো নয়; আমি তোমাদের কষ্টক্লেশের চুল্লিতে পরখ করেছি।

[11] আমার নিজের জন্য, হ্যাঁ, আমার নিজেরই জন্য, আমি এরকম করি। কেমন করে আমি আমার নামের অপমান হতে দিতে পারি? আমার মহিমা আমি আর অন্য কাউকে দিতে পারি না।

[12] “ওহে যাকোব, আমার কথা শোনো, শোনো ইস্রায়েল, যাকে আমি আহ্বান করেছি: আমিই তিনি; আমিই প্রথম ও আমিই শেষ।

[13] আমার নিজের হাত পৃথিবীর ভিত্তিমূলগুলি স্থাপন করেছে, আমার ডান হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে; যখন আমি তাদের তলব করি, তারা একসঙ্গে উঠে দাঁড়ায়।

[14] “তোমরা সকলে একসঙ্গে এসো ও শোনো, প্রতিমাগুলির মধ্যে কে আগাম এসব বিষয়ের কথা বলেছে? সদাপ্রভুর মনোনীত সহায়ক, ব্যাবিলনের বিরুদ্ধে তাঁর ইচ্ছা পূর্ণ করবে; তাঁর বাহু ব্যাবিলোনীয়দের বিরুদ্ধে উঠবে।

[15] আমি, হ্যাঁ আমিই, একথা বলেছি, হ্যাঁ, আমিই তাকে আহ্বান করেছি। আমি তাকে নিয়ে আসব, আর সে তার লক্ষ্যে সফল হবে।

[16] “তোমরা আমার কাছে এসো ও একথা শোনো: “আদি থেকে আমি কোনো কথা গোপনে বলিনি; যখন তা ঘটে, আমি সেখানে উপস্থিত থাকি।” আর এখন সার্বভৌম সদাপ্রভু তাঁর আত্মা সহ আমাকে প্রেরণ করেছেন।

[17] সদাপ্রভু এই কথা বলেন, যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, “আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, তিনি তা-ই তোমাদের শেখান, যে পথে তোমাদের চলা উচিত, তিনি তোমাদের সেই পথ প্রদর্শন করেন।

[18] কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে, তোমাদের শান্তি হতো নদীর প্রবাহিত স্রোতের মতো, তোমাদের ধার্মিকতা হতো সমুদ্রতরঙ্গের মতো।

[19] তোমাদের বংশধরেরা হতো বালুকার মতো, তোমাদের সন্তানেরা হতো বালুকণার মতো অসংখ্য; তাদের নাম কখনও মুছে ফেলা হতো না, কিংবা আমার সামনে থেকে তারা কখনও বিলুপ্ত হতো না।”

[20] তোমরা ব্যাবিলন ত্যাগ করো, ব্যাবিলোনীয়দের কাছ থেকে পলায়ন করো! আনন্দরবের সঙ্গে একথা প্রচার করো, ঘোষণা করো সেই বার্তা। পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে দাও; বলো, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”

[21] মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় তারা পিপাসিত হয়নি; তাদের জন্য তিনি শিলাপ্রস্তর বিদীর্ণ করে জল প্রবাহিত করেছিলেন; তিনি শিলা বিদীর্ণ করেছিলেন আর জল প্রবাহিত হয়েছিল।

[22] সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”

যিশাইয় — Chapters