Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:29

[1] মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, দেখো, সদাপ্রভু এক দ্রুতগামী মেঘে আরোহণ করে মিশরে আসছেন। মিশরের প্রতিমাগুলি তাঁর সামনে কম্পিত হবে, আর মিশরীয়দের হৃদয় তাদের অন্তরেই দ্রবীভূত হবে।

[2] “আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব, ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, নগর নগরের বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।

[3] মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব; তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে, প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।

[4] আমি এক নিষ্ঠুর মনিবের হাতে মিশরীয়দের সমর্পণ করব, এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

[5] নদীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে, নদীতট চরা পড়ে শুকনো হয়ে যাবে।

[6] খালগুলি থেকে দুর্গন্ধ বের হবে; মিশরের স্রোতোধারাগুলি ক্ষয় পেতে পেতে শুকিয়ে যাবে। নলবন ও খাগড়াও শুকনো হবে,

[7] শুকনো হবে নীলনদের তীরে, নদীমুখের ধারে স্থিত সব গাছপালা। নীলনদের তীরে সমস্ত বীজ লাগানো মাঠ শুকনো হয়ে যাবে, সেগুলি বাতাসে উড়ে যাবে, আর থাকবে না।

[8] জেলেরা আর্তনাদ ও বিলাপ করবে, যারা নীল নদে বড়শি ফেলে, যারা জলের মধ্যে তাদের জাল ফেলে, তারা সব দুঃখে শীর্ণ হবে।

[9] যারা পরিষ্কার করা শণ দিয়ে কাজ করে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে, যারা সূক্ষ্ম মসিনার কাপড় বোনে, তারা নিরাশ হবে।

[10] তাঁতিরা নিরুৎসাহ হবে, বেতনজীবীরা তাদের প্রাণে দুঃখ পাবে।

[11] সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়; ফরৌণের বিজ্ঞ পরামর্শদাতারা অর্থহীন পরামর্শ দেয়। তোমরা কেমন করে ফরৌণকে বলতে পারো, “আমি বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম, প্রাচীন রাজগণের এক শিষ্য?”

[12] তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়? তারা তোমাকে দেখাক ও জ্ঞাত করুক সর্বশক্তিমান সদাপ্রভু মিশরের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন।

[13] সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে, মেম্ফিসের নেতারা প্রতারিত হয়েছে; তাদের জাতির কোণের প্রস্তরেরা মিশরকে বিপথে চালিত করেছে।

[14] সদাপ্রভু তাদের উপরে এক হতবুদ্ধিকর আত্মা ঢেলে দিয়েছেন; মত্ত ব্যক্তি যেমন তার বমির উপরে গড়াগড়ি দেয়, তারাও মিশরকে তার সব কাজে টলোমলো করেছে।

[15] মিশর আর কিছুই করতে পারে না, তাদের মাথা বা লেজ, খেজুরডাল বা নলখাগড়া, কেউই না।

[16] সেদিন মিশরীয়েরা স্ত্রীলোকের মতো হবে। সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে যে হাত তুলবেন, তা দেখে তারা ভয়ে শিউরে উঠবে।

[17] যিহূদার দেশ মিশরীয়দের উপরে আতঙ্ক নিয়ে আসবে; যার কাছেই যিহূদার কথা উল্লেখ করা হবে, সে আতঙ্কগ্রস্ত হবে, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন।

[18] সেদিন, মিশরের পাঁচটি নগর কনান দেশের ভাষা বলবে ও সর্বশক্তিমান সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ নেবে। সেগুলির মধ্যে একটির নাম হবে, ধ্বংসের নগর।

[19] সেদিন, মিশর দেশের কেন্দ্রস্থলে সদাপ্রভুর উদ্দেশে একটি বেদি নির্মিত হবে এবং তার সীমানায় সদাপ্রভুর এক স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।

[20] মিশর দেশে সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে এটি হবে একটি নিদর্শন ও সাক্ষ্যস্বরূপ। তাদের নিপীড়নকারীদের জন্য যখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, তিনি তখন তাদের কাছে একজন পরিত্রাতা ও রক্ষককে পাঠিয়ে দেবেন। তিনি তাদের উদ্ধার করবেন।

[21] এভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজের পরিচয় দেবেন, আর সেদিন তারা সদাপ্রভুকে স্বীকার করবে। তারা বিভিন্ন বলি ও ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে তাঁর উপাসনা করবে; তারা সদাপ্রভুর উদ্দেশে শপথ করে তা পালন করবে।

[22] সদাপ্রভু এক মহামারির দ্বারা মিশরকে আঘাত করবেন; তিনি তাদের আঘাত করবেন ও আরোগ্যতা দেবেন। তারা সদাপ্রভুর প্রতি ফিরে আসবে, আর তিনি তাদের আবেদন শুনে তাদের রোগনিরাময় করবেন।

[23] সেদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত এক রাজপথ নির্মিত হবে। আসিরীয়েরা মিশরে যাবে ও মিশরীয়েরা আসিরিয়া যাবে। মিশরীয়েরা ও আসিরীয়েরা একসঙ্গে উপাসনা করবে।

[24] সেদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে তৃতীয় দেশরূপে ইস্রায়েল পৃথিবীর আশীর্বাদস্বরূপ হবে।

[25] সর্বশক্তিমান সদাপ্রভু তাদের একথা বলে আশীর্বাদ করবেন, “আমার প্রজা মিশর, আমার হাতে গড়া আসিরীয়া ও আমার অধিকারস্বরূপ ইস্রায়েল আশীর্বাদধন্য হোক।”

যিশাইয় — Chapters