Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:59

[1] দেশের শাসনকর্তার কাছে উপহার রূপে কতগুলি মেষশাবক পাঠাও, মরুভূমির ওপারে, সেলা থেকে সিয়োন-কন্যার পর্বতে পাঠাও।

[2] বাসা থেকে ফেলে দেওয়া পাখির পালিয়ে যাওয়া শব্দের মতো, অর্ণোন নদীর পারঘাটাগুলিতে মোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।

[3] “আমাদের পরামর্শ দাও, এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো। মধ্যাহ্নে তোমাদের ছায়াকে রাত্রির মতো অন্ধকারময় করো। পলাতকদের লুকিয়ে রাখো, শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।

[4] মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক; ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।” অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে, বিনাশের সময় নিবৃত্ত হবে; আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।

[5] ভালোবাসায় এক সিংহাসন স্থাপিত হবে; বিশ্বস্ততায় একজন তার উপরে উপবিষ্ট হবেন— দাউদের কুল থেকে একজন তার উপরে বসবেন। তিনি ন্যায়পরায়ণতায় বিচার করবেন এবং দ্রুততার সঙ্গে ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন।

[6] আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার অতি ঔদ্ধত্য ও অহমিকার কথা, তার গর্ব ও তার দাম্ভিকতার বিষয় কিন্তু তার দর্প নিতান্তই শূন্যগর্ভ।

[7] সেই কারণে, মোয়াবীয়েরা বিলাপ করে, তারা মোয়াবের জন্য একসঙ্গে বিলাপ করে। তারা কীর্‌-হেরসের কিশমিশের পিঠের জন্য বিলাপ ও ক্রন্দন করে।

[8] হিষ্‌বোনের মাঠগুলি শুকিয়ে যায়, সিব্‌মার আঙুর গাছগুলিও শুকিয়ে যায়। জাতিসমূহের শাসকেরা উৎকৃষ্ট আঙুরগাছগুলিকে পদদলিত করেছে, যেগুলি একদিন যাসের পর্যন্ত ও মরুভূমির দিকে ছড়িয়ে যেত। তাদের শাখাগুলি ছড়িয়ে পড়েছিল, আর সুদূর সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

[9] তাই সিব্‌মার আঙুর গাছগুলির জন্য আমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে। হিষ্‌বোন ও ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভেজাব! তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্য আনন্দের স্বর আমি স্তব্ধ করব।

[10] ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে; আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না। কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না, কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।

[11] বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্‌-হেরসের জন্য করে।

[12] মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়, সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে; সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়, তা কোনও কাজে আসে না।

[13] সদাপ্রভু এই বাণী ইতিমধ্যে মোয়াবের সম্পর্কে বলেছেন।

[14] কিন্তু এখন সদাপ্রভু বলেন: “চুক্তি দ্বারা আবদ্ধ দাস যেমন দিন গোণে, তিন বছরের মধ্যে তেমনই মোয়াবের সমারোহ ও তার বহুসংখ্যক লোক তুচ্ছীকৃত হবে এবং তার অবশিষ্ট বেঁচে থাকা লোকেরা সংখ্যায় অল্প ও দুর্বল হবে।”

যিশাইয় — Chapters