Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:32

[1] সোরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো! কারণ সোর ধ্বংস হয়েছে, সেখানে আর ঘরবাড়ি নেই, বন্দরও নেই। সাইপ্রাসের দেশ থেকে তাদের কাছে এই সংবাদ এসে পৌঁছেছে।

[2] ওহে দ্বীপনিবাসীরা, তোমরা এবং সীদোনের বণিকেরা, সমুদ্র পারাপারকারীরা যাদের সমৃদ্ধ করেছে, তোমরা নীরব হও।

[3] কারণ মহাজলরাশির উপরে এসেছে শীহোর নদীর শস্য; নীলনদের ফসল ছিল সোরের রাজস্ব, সে হয়েছিল জাতিসমূহের বাজারসদৃশ।

[4] ওহে সীদোন, তোমরা লজ্জিত হও, আর সমুদ্রের দুর্গ, তোমরাও হও, কারণ সমুদ্র কথা বলেছে: “আমি কখনও প্রসবযন্ত্রণা ভোগ করিনি, কাউকে জন্মও দিইনি; আমি পুত্রদের প্রতিপালন করিনি, কন্যাদেরও মানুষ করিনি।”

[5] যখন মিশরের কাছে সংবাদ আসে, সোরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে তাদের মনস্তাপ হবে।

[6] তোমরা তর্শীশে পার হয়ে যাও; দ্বীপনিবাসী তোমরা বিলাপ করো।

[7] এই কি তোমাদের কোলাহলপূর্ণ নগরী, পুরোনো, সেই প্রাচীন পুরী, যার পা-গুলি তাকে দূরবর্তী দেশগুলিতে বসতি করার জন্য নিয়ে গেছে?

[8] যে অন্যদের মাথায় মুকুট পরাত, সেই সোরের বিরুদ্ধে কে এমন পরিকল্পনা করেছে? যার বণিকেরা সবাই সম্ভ্রান্ত জন, যার ব্যবসায়ীরা পৃথিবীতে বিখ্যাত ছিল?

[9] সর্বশক্তিমান সদাপ্রভু এই পরিকল্পনা করেছেন, তার সমস্ত প্রতাপের গর্ব খর্ব করার জন্য এবং পৃথিবীতে বিখ্যাত লোকদের অবনমিত করার জন্য।

[10] ওহে তর্শীশের কন্যা, নীলনদের তীরে ভূমি কর্ষণ করো, কারণ তোমার বন্দরটি আর নেই।

[11] সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত প্রসারিত করেছেন এবং তার রাজ্যগুলিকে প্রকম্পিত করেছেন। তিনি ফিনিসিয়া সম্পর্কে এক আদেশ দিয়েছেন, যে তার দুর্গগুলি ধ্বংস হবে।

[12] তিনি বলেছেন, “ওহে মানভ্রষ্ট কুমারী সীদোন-কন্যা, তুমি আর উল্লসিত হোয়ো না! “তুমি ওঠো, সাইপ্রাসে পার হয়ে যাও; এমনকি, সেখানেও তুমি কোনো বিশ্রাম পাবে না।”

[13] ব্যাবিলোনীয়দের দেশের দিকে তাকাও, এই লোকেরা আর হিসেবের মধ্যে আসে না! আসিরীয়রা এই দেশকে মরুপ্রাণীদের বাসভূমি করেছে; তারা তাদের অবরোধ-মিনার গড়ে তুলেছিল, তারা এর দুর্গগুলিকে অনাবৃত করেছে এবং ব্যাবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

[14] তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো, কারণ তোমাদের দুর্গগুলি ধ্বংস হয়েছে!

[15] সেই সময়ে, সোর একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য বিস্মৃত হবে। কিন্তু এই সত্তর বছরের শেষে বেশ্যাদের এই গানের মতো সোরের অবস্থা হবে:

[16] “ওহে ভুলে যাওয়া বেশ্যা, তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও; ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়।”

[17] সত্তর বছরের শেষে সদাপ্রভু সোরের সঙ্গে বোঝাপড়া করবেন। সে পূর্বের মতোই বেশ্যাবৃত্তির পথে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠের সমস্ত রাজ্যের সঙ্গে তার ব্যবসা চালাবে।

[18] তবুও তার লাভ ও উপার্জন সদাপ্রভুর উদ্দেশে পৃথক করে রাখা হবে; সেগুলি সঞ্চয় বা মজুত করে রাখা হবে না। তার লাভের টাকা সদাপ্রভুর সাক্ষাতে বসবাসকারী লোকদের কাছে যাবে; তাদের খাদ্যদ্রব্য ও সুন্দর পোশাকের প্রাচুর্য হবে।

যিশাইয় — Chapters