[1] আঁরার নাজাতদাতা আল্লাহ্ আর মসিহ্ ইসার উকুমে আঁই ফোল ইসা মসিহ্র একজন সাআবি অইয়্যি। মসিহ্ ইসার উঅরদিই আঁরার বেক আশা।
[2] ইমানদার ইসাবে আঁর সত্যিহারর সন্তান তিমথিয়র হাছে আঁই এই সিঢি লেকির। আঁরার বাবা আল্লাহ আর আঁরার হযরত ইসা মসিহ্ তোঁয়ারে রহমত, মমতা ও শান্তি দান গরক।
[3] মেসিডোনিয়াত যাইবার সমত আঁই তোঁয়ারে যেগিন হইয়্যি এহনঅ য়েগিনই হইর — তুঁই ইফিষ শঅরতই থাক, যেন্ হতাক্যিন মানুষরে নিদ্যেশ দিত্ ফার যেন্ য়িতারা আর ভুল শিক্যা নঅ দেএ।
[4] য়িতারারে এই নিদ্যেশঅ দিয়ো যেন্ য়িতারা গল্ফ-হতাত আর ডঁর ডঁর বংশ-তালিকার মিক্যাদি মনোযোগ নঅ দেএ। এগিন আল্লাহ্র হাম বাদ দিয়েনে নানান ডইল্যা বারাবারির সিষ্টি গরে কিন্তু আল্লাহ্ কেন্ গরিয়েনে তেঁইর হাম ফরিচালানা গরে য়িয়ান ইমানর মইধ্য দিয়েনে জানা যাআ।
[5] এই নিদ্যেশর উদ্যেশ্য অইল্ মহব্যত জাগাই তুলা। এই মহব্যত হ্যাঁটি দিল্, ফরিষ্কার বিবেক আর সত্যিহারর ইমানর মইধ্যর ত্যুন আইয়্যে।
[6] কিছু মানুষ এগিনর ত্যুন সরি যাইয়েনে বাজো হতাবাত্যার মিক্যাদি ঝুঁকি ফইজ্যে।
[7] য়িতারা যুদিঅ নিজরার হতা নিজেরাই নঅ বুজে আর যে বিষয়ে জোর দিয়েনে হঅর য়েই বিষয় সম্যন্দেঅ নঅ জানে তঅঅ য়িতারা মুসার শরিয়তর ওস্তাদ অইতো চাআ।
[8] আঁরা জানি শরিয়ত ভালা, অবইশ্য য়িয়ান যুদি ঠিগভাবে হামত লাগন অঅ।
[9] আঁরা ইয়ানঅ জানি, হনঅ সত্ মানুষর লাই এই শরিয়ত দেয়া নঅঅ অঅ; য়িয়ান দেয়া অইয়্যেল্ য়িতারারই লাই যারা আইন অমাইন্য গরে আর অবাইধ্য অঅ, যারা ডরহিন আর গুনাহ্গার, যারা অফবিত্র আর অধার্মিক, যারা মা-বাবারে মারি ফেলে, যারা খুন গরে,
[10] যারা জেনা গরে, যারা সমহামি, যারা গোলাম-ব্যবসা গরে, যারা মিছা হতা হঅ আর মিছা সাক্যি দেএ, আর যারা আঁসা শিক্যার বিরুদ্যে অইন্য হনঅ হাম গরে।
[11] গোরবময় আল্লাহ্র ডঁর সুহ্যবর ইসাবে যে শিক্যা, য়েই শিক্যাই অইল্ আঁসা শিক্যা। এই সুহ্যবর তবলিগর ভার তেঁই আঁর উঅরদি দিয়্যে।
[12] মসিহ্ ইসা, যিবা আঁরার ফভু, তেঁই আঁরে শক্তি দান গইজ্যে, তেঁইরে আঁই শুকরিয়া জানাই, হারন তেঁই আঁরে বিশ্যস্ত মনে গরিয়েনে তেঁইর এবাদত-হামত নিযুক্ত গইজ্যে।
[13] যুদিঅ আঁই আগদি মসিহ্র নিন্দা গইত্যাম আর জুলুমবাজ ও বদ্মেজাজি আছিলাম তঅঅ আাঁরেই তেঁই এই হামত নিযুক্ত গইজ্যে। আঁরে তেঁই দয়া গইজ্যে, হারন আঁই ইমান নঅঅ আনি বুলি আঁই নঅ জানিয়েনেই য়েগিন গইত্যাম।
[14] আঁরার ফভু আঁরে অশেষ দয়া গইজ্যে আর মসিহ্ ইসার লগে যুক্ত অইবার হারনে যে বিশ্যাস আর মহব্যত আইয়্যে য়িয়ান দান গইজ্যে।
[15] এই হতা বিশ্যাসযোইগ্য আর ফুরাফুরি গরিয়েনে গ্রঅনরঅ যোইগ্য দে, গুনাহ্গারঅক্যলরে নাজাত গরিবার লাইই মসিহ্ ইসা দুনিয়াত আইস্যেল্। য়েই গুনাহ্গারঅক্যলর মইধ্যে আঁইই মেইন।
[16] আর য়িয়ানর লাইই আল্লাহ্ আঁরে মমতা গইজ্যে, যেন্ মেইন গুনাহ্গার যে আঁই, আঁর মইধ্য দিয়েনেই মসিহ্ ইসা তেঁইর অসিম ধৈয্য দেহ্যাইত্ ফারে। তেঁইর উঅর ইমানর হারনে যারা আখেরি জিবন ফাইবো য়িতারা যেন্ আঁরে দেকিয়েনে শিখিত্ ফারে য়িয়ানর লাইই তেঁই আঁর লগে এই ডইল্যা গইজ্যে।
[17] যিবা অক্যল যুগর বাদশা, যিবার হনঅ হ্যয় নাই ও যিবারে দেহ্যা নঅ যাআ, চিরহাল য়েই একমাত্র আল্লাহ্র সম্যান আর গোরব অঅক। আমিন।
[18] আদরর সন্তান তিমথিয়, তোঁয়ার সম্যন্দে অইন্যতারা নবি ইসাবে যে হতা হইয়্যেল্ য়েই হতা মতন আঁই তোঁয়ারে এই নিদ্যেশ দিইর্। য়েই হতা মনত রাকিয়েনে তুঁই মসিহ্র ফক্যে জানেফরানে যুদ্য গরি যঅ,
[19] আর য়েই লগে ইমান ও ফরিষ্কার বিবেক রক্যা গর। কিছু মানুষ বিবেকর হতা নঅ উনিয়েনে য়িতারার ইমানত ভাংগন ধরাইয়্যে।
[20] য়েই মানুষঅক্যলর মাঝে আছে হুমিনায় আর আলেক্জান্ডার। য়িয়ানর লাই আঁই ইবিলিসর আতত্ য়িতারারে ছারি দিয়্যি, যেন্ য়িতারা এই শিক্যা ফাআ দে, কুফরি গইত্যে নাই।