[1] পবিত্রস্থানে পরিচর্যা করার জন্য তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো দিয়ে হাতে বোনা পোশাক তৈরি করলেন। এছাড়াও, সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশানুসারে তাঁরা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরি করে দিলেন।
[2] তাঁরা সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো, এবং মিহি পাকান মসিনা দিয়ে এফোদ তৈরি করলেন।
[3] তাঁরা সোনা পিটিয়ে পিটিয়ে সরু পাত তৈরি করলেন এবং তা থেকে সুতো কেটে নীল, বেগুনি ও লাল রঙের সুতোয় ও মিহি মসিনায় গেঁথে দিলেন—যা দক্ষ হস্তকলা হল।
[4] তাঁরা এফোদের জন্য কাঁধ-পটি তৈরি করলেন, ও এমনভাবে সেগুলি এফোদের দুটি কোণে জুড়ে দিলেন যেন তা বাঁধা থাকে।
[5] দক্ষ হাতে বোনা কোমরবন্ধটিও সেটিরই মতো করে তৈরি হল—এফোদের সাথে অখণ্ড এবং সোনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো, এবং মিহি পাকান মসিনা দিয়ে, সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেরকমই হল।
[6] সোনার তারের সূক্ষ্ম কারুকার্যে স্ফটিকমণি বসিয়ে তাঁরা তাতে ইস্রায়েলের ছেলেদের নামগুলি সিলমোহরের মতো খোদাই করে দিলেন।
[7] সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে পরে তাঁরা ইস্রায়েলের ছেলেদের জন্য স্মারক-মণিরূপে সেগুলি এফোদের কাঁধ-পটিগুলিতে বেঁধে দিলেন।
[8] তাঁরা বুকপাটাটি তৈরি করলেন—যা দক্ষ এক কারিগরের কাজ হল। এফোদের মতো করেই তাঁরা সেটি তৈরি করলেন: সোনা, এবং নীল, বেগুনি ও লাল রঙের সুতো, ও মিহি পাকান মসিনা দিয়ে সেটি তৈরি করা হল।
[9] সেটি বর্গাকার—23 সেন্টিমিটার করে লম্বা ও চওড়া হল—এবং তা দুই ভাঁজ করে রাখা হল।
[10] পরে তাঁরা সেটির উপর চার সারি মূল্যবান মণিরত্ন বসিয়ে দিলেন। প্রথম সারিতে ছিল চুণী, গোমেদ ও পান্না;
[11] দ্বিতীয় সারিতে ছিল ফিরোজা, নীলা ও হীরা;
[12] তৃতীয় সারিতে ছিল নীলকান্তমণি, অকীক ও নীলা;
[13] চতুর্থ সারিতে ছিল পোখরাজ, স্ফটিকমণি ও সূর্যকান্তমণি। সেগুলি সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা নকশার উপরে বসানো হল।
[14] ইস্রায়েলের ছেলেদের প্রত্যেকের নামে একটি করে, মোট বারোটি মণিরত্ন নেওয়া হল, এবং প্রত্যেকটি মণি বারোটি গোষ্ঠীর মধ্যে এক এক গোষ্ঠীর নামে সিলমোহরের মতো খোদাই করে দেওয়া হল।
[15] বুকপাটাটির জন্য তাঁরা খাঁটি সোনা দিয়ে দড়ির মতো দেখতে পাতা-কাটা শিকল তৈরি করলেন।
[16] তাঁরা সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা দুটি নকশা ও সোনার দুটি আংটা তৈরি করলেন, এবং সেই আংটা দুটি বুকপাটার দুই কোণে বেঁধে দিলেন।
[17] তাঁরা সোনার সেই দুটি শিকল বুকপাটার কোণগুলিতে রাখা আংটাগুলিতে বেঁধে দিলেন,
[18] এবং শিকলের অন্য প্রান্তগুলি নকশা দুটিতে বেঁধে দিয়ে, সেগুলি সামনের দিকে এফোদের কাঁধ-পটিতে জুড়ে দিলেন।
[19] তাঁরা সোনার দুটি আংটা তৈরি করলেন ও এফোদের পাশের বুকপাটার ভিতরদিকে অন্য দুই কোণে সেগুলি জুড়ে দিলেন।
[20] পরে তাঁরা সোনার আরও দুটি আংটা তৈরি করলেন এবং এফোদের কোমরবন্ধের ঠিক উপরে, যেখানে জোড়ের মুখের সেলাই পড়েছিল, তার কাছেই এফোদের সামনের দিকে কাঁধ-পটির তলায় সেগুলি জুড়ে দিলেন।
[21] নীল সুতো দিয়ে তাঁরা এফোদের আংটাগুলির সাথে বুকপাটার আংটাগুলি বেঁধে, সেটি কোমরবন্ধের সাথে জুড়ে দিলেন, যেন বুকপাটাটি নড়ে গিয়ে এফোদ থেকে খুলে না যায়—যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
[22] তাঁরা পুরোপুরি নীল কাপড় দিয়েই তাঁতির কাজের মতো করে এফোদের আলখাল্লাটি তৈরি করলেন,
[23] এবং সেই আলখাল্লার মাঝখানে মাথা ঢোকানোর মতো একটি ফাঁক, ও সেই ফাঁকের চারপাশে একটি বেড়ী রেখে দিলেন, যেন তা ছিঁড়ে না যায়।
[24] সেই আলখাল্লার আঁচল ধরে ধরে তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে ডালিম তৈরি করে দিলেন।
[25] আর তাঁরা খাঁটি সোনা দিয়ে ঘণ্টা তৈরি করলেন এবং ডালিমগুলির মাঝে মাঝে আঁচলের চারপাশে সেগুলি জুড়ে দিলেন।
[26] সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, পরিচর্যা করার সময় যে আলখাল্লাটি পরতে হত, সেটির আঁচলের চারপাশে পর্যায়ক্রমিকভাবে ঘণ্টা ও ডালিমগুলি লাগানো হল।
[27] হারোণ ও তাঁর ছেলেদের জন্য, তাঁরা মিহি মসিনা দিয়ে তাঁতির কাজের মতো করে নিমা
[28] এবং মিহি মসিনা দিয়ে পাগড়ি, মসিনার টুপি ও মিহি পাকান মসিনা দিয়ে অন্তর্বাসগুলি তৈরি করলেন।
[29] সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, একজন সূচিশিল্পীর হস্তকলার মতো করে মিহি পাকান মসিনা এবং নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো দিয়ে উত্তরীয়টি তৈরি করা হল।
[30] তাঁরা খাঁটি সোনা দিয়ে ফলক, সেই পবিত্র প্রতীকটি তৈরি করে, তাতে সিলমোহরে খোদাই করা লিপির মতো খোদাই করে লিখে দিলেন: সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
[31] সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই আদেশানুসারে, পরে তাঁরা পাগড়ির সাথে সেটি জুড়ে রাখার জন্য তাতে একটি নীল সুতো বেঁধে দিলেন।
[32] অতএব আবাসের, সমাগম তাঁবুর সব কাজ সম্পূর্ণ হল। ইস্রায়েলীরা সবকিছু সেভাবেই করল, যেমনটি করার আদেশ সদাপ্রভু মোশিকে দিয়েছিলেন।
[33] পরে তারা সেই সমাগম তাঁবুটি মোশির কাছে নিয়ে এল: সেই তাঁবু ও সেটির সব আসবাবপত্র, সেটির আঁকড়া, কাঠামো, আগল, খুঁটি ও ভিতগুলি;
[34] লাল রং করা মেষচর্মের আচ্ছাদন এবং অন্য একটি টেকসই চামড়ার আচ্ছাদন ও আচ্ছাদক-পর্দা;
[35] খুঁটি ও প্রায়শ্চিত্ত-আচ্ছাদন সমেত বিধি-নিয়মের সিন্দুক;
[36] সব উপকরণ সমেত টেবিল এবং দর্শন-রুটি;
[37] প্রদীপের সারি ও আনুষঙ্গিক উপকরণ সমেত খাঁটি সোনার দীপাধার, এবং আলোর জন্য জলপাই তেল;
[38] সোনার বেদি, অভিষেক-তেল, সুগন্ধি ধূপ, এবং তাঁবুর প্রবেশদ্বারের জন্য পর্দা;
[39] ব্রোঞ্জের জাফরি সমেত ব্রোঞ্জের বেদি, সেটির খুঁটি ও সব পাত্র; গামলা ও সেটির মাচা;
[40] খুঁটি ও ভিত সমেত প্রাঙ্গণের পর্দাগুলি, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের পর্দা; প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা ও দড়াদড়ি; আবাসের, সেই সমাগম তাঁবুর জন্য সব আসবাবপত্র;
[41] এবং হাতে বোনা যে পোশাক পরে পবিত্রস্থানে পরিচর্যা করতে হত, সেগুলি ও যাজক হারোণের জন্য পবিত্র পোশাক এবং যাজকরূপে সেবা করার সময় তাঁর ছেলেদের যে পোশাকগুলি পরতে হত, সেই পোশাকগুলিও।
[42] সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই ইস্রায়েলীরা সব কাজ করল।
[43] মোশি সেই কাজ পরিদর্শন করলেন এবং দেখলেন যে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই তারা তা করেছিল। তাই মোশি তাদের আর্শীবাদ করলেন।