Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:31

[1] বাবলা কাঠ দিয়ে তাঁরা 1.4 মিটার উঁচু হোমবলির বেদি নির্মাণ করলেন; সেটি বর্গাকার, 2.3 মিটার করে লম্বা ও চওড়া হল।

[2] চারটি কোণের প্রত্যেকটিতে তাঁরা একটি করে শিং তৈরি করলেন, যেন শিংগুলি বেদির সাথে অখণ্ড হয়, এবং বেদিটি তাঁরা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।

[3] সেটির সব পাত্র তাঁরা ব্রোঞ্জ দিয়ে তৈরি করলেন: হাঁড়ি, বেলচা, জল ছিটানোর গামলা, মাংস তোলার কাঁটাচামচ ও আগুনে সেঁকার চাটু।

[4] বেদির জন্য তাঁরা একটি জাফরি, ব্রোঞ্জের পরস্পরছেদী একটি জাল তৈরি করলেন, যা বেদির মাঝামাঝিতে, সেটির তাকের নিচে বসানো হল।

[5] ব্রোঞ্জের জাফরির চার কোণের খুঁটিগুলি ধরে রাখার জন্য তাঁরা ব্রোঞ্জের আংটা ঢালাই করে দিলেন।

[6] বাবলা কাঠ দিয়ে তাঁরা খুঁটিগুলি তৈরি করলেন এবং সেগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।

[7] খুঁটিগুলি তাঁরা আংটায় ঢুকিয়ে দিলেন, যেন বেদি বহনের জন্য সেগুলি বেদির পাশেই থাকে। তাঁরা সেগুলি তক্তা দিয়ে, ফাঁপা করে তৈরি করলেন।

[8] যেসব মহিলা সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সেবাকাজ করত, তাদের ব্যবহৃত ব্রোঞ্জের আয়নাগুলি দিয়ে তাঁরা ব্রোঞ্জের গামলা ও সেটির মাচা তৈরি করলেন।

[9] পরে তাঁরা প্রাঙ্গণটি তৈরি করলেন। দক্ষিণ দিকটি ছিল 45 মিটার লম্বা এবং সেখানে মিহি পাকান মসিনা দিয়ে তৈরি পর্দা,

[10] এবং কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত ছিল, ও খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও বেড়ীও ছিল।

[11] উত্তর দিকটিও ছিল 45 মিটার লম্বা এবং সেখানে কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত ছিল, ও খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও বেড়ীও ছিল।

[12] পশ্চিম দিকটি ছিল 23 মিটার চওড়া এবং সেখানে পর্দা, এবং দশটি খুঁটি ও দশটি ভিত, এবং খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও বেড়ীও ছিল।

[13] সূর্যোদয়ের দিকে, পূর্ব দিকটিও ছিল 23 মিটার চওড়া।

[14] প্রবেশদ্বারের এক পাশে, তিনটি খুঁটি ও তিনটি ভিত সমেত 6.8 মিটার লম্বা পর্দা ছিল,

[15] এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের অন্য দিকেও তিনটি খুঁটি ও তিনটি ভিত সমেত 6.8 মিটার লম্বা পর্দা ছিল।

[16] প্রাঙ্গণের চারপাশের সব পর্দা মিহি পাকান মসিনা দিয়ে তৈরি করা হল।

[17] সব খুঁটির ভিতগুলি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হল। খুঁটির উপরের আঁকড়া ও বেড়ীগুলি রুপো দিয়ে তৈরি করা হল, এবং খুঁটির চূড়াগুলি রুপো দিয়ে মুড়ে দেওয়া হল; অতএব প্রাঙ্গণের সব খুঁটিতে রুপোর বেড়ী ছিল।

[18] প্রাঙ্গণের প্রবেশদ্বারের পর্দাটি নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে তৈরি করা হল—যা এক সূচিশিল্পীর হস্তকলা হল। সেটি 9 মিটার লম্বা এবং, প্রাঙ্গণের পর্দাগুলির মতো, 2.3 মিটার উঁচু হল,

[19] এবং সেটির সাথে চারটি খুঁটি ও ব্রোঞ্জের চারটি ভিতও ছিল। সেগুলির আঁকড়া ও বেড়ীগুলি রুপো দিয়ে তৈরি করা হল, এবং চূড়াগুলি রুপো দিয়ে মুড়ে দেওয়া হল।

[20] সমাগম তাঁবুর ও পার্শ্ববর্তী প্রাঙ্গণের সব তাঁবু-খুটা ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হল।

[21] মোশির আদেশানুসারে, যাজক হারোণের ছেলে ঈথামরের নেতৃত্বে লেবীয়েরা সমাগম তাঁবুতে, বিধি-নিয়মের সেই সমাগম তাঁবুতে ব্যবহারযোগ্য সামগ্রীর যে সংখ্যা নথিভুক্ত করলেন তা এইরকম।

[22] (সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেইমতোই যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি ও ঊরির ছেলে বৎসলেল সবকিছু তৈরি করলেন;

[23] তাঁর সাথে ছিলেন দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব—যিনি এক ক্ষোদক ও নকশাকার, এবং নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতোর ও মিহি মসিনার কাজ জানা এক সূচিশিল্পী ছিলেন)

[24] পবিত্রস্থানের শেকল অনুসারে, পবিত্রস্থানের সব কাজে ব্যবহৃত দোলনীয়-নৈবেদ্য থেকে সংগৃহীত সোনার মোট পরিমাণ দাঁড়িয়েছিল 29 তালন্ত ও 730 শেকল।

[25] পবিত্রস্থানের শেকল অনুসারে, সমাজভুক্ত যাদের সংখ্যা জনগণনায় স্থান পেয়েছিল, তাদের কাছ থেকে সংগৃহীত রুপোর পরিমাণ দাঁড়িয়েছিল 100 তালন্ত ও 1,775 শেকল—

[26] কুড়ি বছর ও ততোধিক বয়স্ক মোট 6,03,550 জন লোক, যারা গণিত হওয়ার জন্য পার হয়ে এসেছিল, তাদের মধ্যে প্রত্যেকের জন্য পবিত্রস্থানের শেকল অনুসারে এক বেকা, অর্থাৎ, আধ শেকল করে নেওয়া হল।

[27] 100 তালন্ত রুপো পবিত্রস্থানের ও পর্দার জন্য ভিত ঢালাইয়ের উদ্দেশে 100 টি ভিতের জন্য 100 তালন্ত, প্রত্যেকটি ভিতের জন্য এক এক তালন্ত রুপো ব্যবহৃত হল।

[28] খুঁটির আঁকড়া তৈরি করার, খুঁটির চূড়া রুপো দিয়ে মুড়ে দেওয়ার, ও সেগুলির বেড়ী তৈরি করার জন্য তাঁরা 1,175 শেকল রুপো ব্যবহার করলেন।

[29] দোলনীয়-নৈবেদ্য থেকে সংগৃহীত ব্রোঞ্জের পরিমাণ হল 70 তালন্ত ও 2,400 শেকল।

[30] সেই ব্রোঞ্জ তাঁরা সমাগম তাঁবুর প্রবেশদ্বারের ভিত, ব্রোঞ্জের বেদি ও সেটির সাথে যুক্ত ব্রোঞ্জের জাফরি এবং সেটির সব পাত্র,

[31] পার্শ্ববর্তী প্রাঙ্গণের ও সেটির প্রবেশদ্বারের ভিতগুলি এবং সমাগম তাঁবুর ও পার্শ্ববর্তী প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা তৈরি করার কাজে ব্যবহার করলেন।

যাত্রা পুস্তক — Chapters