Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:37

[1] পরে সদাপ্রভু মোশিকে বললেন,

[2] “দেখো, আমি যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছি,

[3] এবং আমি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছি—

[4] যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে চারুশিল্পসম্মত নকশা ফুটিয়ে তুলতে,

[5] পাথর কেটে তা বসাতে, কাঠের কাজ করতে, এবং সব ধরনের কারুশিল্পের কাজে লিপ্ত হতে পারে।

[6] এছাড়াও, তাকে একাজে সাহায্য করার জন্য আমি দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াবকেও নিযুক্ত করেছি। “যা যা করার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেসবকিছু তৈরি করার দক্ষতা আমি সব দক্ষ কারিগরকে দিয়েছি:

[7] “সমাগম তাঁবু, বিধি-নিয়মের সিন্দুক এবং সেটির উপরের প্রায়শ্চিত্ত-আচ্ছাদন, এবং তাঁবুর অন্যান্য সব আসবাবপত্র—

[8] টেবিল এবং সেটির সব জিনিসপত্র, খাঁটি সোনার দীপাধার এবং সেটির সব আনুষঙ্গিক উপকরণ, ধূপবেদি,

[9] হোমবলির বেদি এবং সেটির সব পাত্র, গামলা এবং সেটির মাচা—

[10] আর এছাড়াও হাতে বোনা পোশাকপরিচ্ছদ, যাজক হারোণের জন্য সেই পবিত্র পোশাক এবং তার ছেলেদের জন্যও সেই পোশাক, যেগুলি তারা যাজকরূপে সেবাকাজ করার সময় গায়ে দেবে,

[11] এবং পবিত্রস্থানের জন্য সেই অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ। “আমি তোমাকে যেমন আদেশ দিয়েছিলাম, ঠিক সেভাবেই তারা যেন সেগুলি তৈরি করে।”

[12] পরে সদাপ্রভু মোশিকে বললেন,

[13] ইস্রায়েলীদের বলো, “তোমাদের অবশ্যই আমার সাব্বাথ পালন করতে হবে। আগামী বংশপরম্পরায় এটি আমার ও তোমাদের মধ্যে এক চিহ্ন হবে, যেন তোমরা জানতে পারো যে আমিই সেই সদাপ্রভু, যিনি তোমাদের পবিত্র করেছেন।

[14] “সাব্বাথ পালন কোরো, কারণ তোমাদের কাছে এই দিনটি পবিত্র। যে কেউ এই দিনটিকে অপবিত্র করবে, তাকে মেরে ফেলতে হবে; যারা সেদিন কোনও কাজ করবে, তাদের অবশ্যই তাদের লোকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে।

[15] ছয় দিন কাজ করা যেতে পারে, কিন্তু সপ্তম দিনটি সাব্বাথ বিশ্রামের দিন, যা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র। যে কেউ সাব্বাথবারে কোনও কাজ করবে, তাকে মেরে ফেলতে হবে।

[16] আগামী বংশপরম্পরায় দীর্ঘস্থায়ী এক নিয়মরূপে সাব্বাথবার উদ্‌যাপন করার মাধ্যমে ইস্রায়েলীদের তা পালন করতে হবে।

[17] চিরকালের জন্য এটি আমার ও ইস্রায়েলীদের মধ্যে এক চিহ্ন হয়ে থাকবে, কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন, এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন ও চাঙ্গা হলেন।”

[18] সীনয় পর্বতে মোশির সঙ্গে সদাপ্রভুর কথা বলা শেষ হয়ে যাওয়ার পর, তিনি মোশিকে ঈশ্বরের আঙুল দিয়ে খোদাই করা প্রস্তর-ফলকগুলি, বিধি-নিয়মের সেই দুটি ফলক দিলেন।

যাত্রা পুস্তক — Chapters