[1] অতএব ঠিক কীভাবে সদাপ্রভুর আদেশানুসারে পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে হবে তা জানার জন্য সদাপ্রভু বৎসলেলকে, অহলীয়াবকে ও প্রত্যেক দক্ষ লোককে দক্ষতা ও সামর্থ্য দিলেন।”
[2] পরে মোশি সেই বৎসলেল ও অহলীয়াব এবং দক্ষ এক একজন লোককে ডেকে পাঠালেন, যাদের সদাপ্রভু সামর্থ্য দিয়েছিলেন ও যারা এসে কাজ করতে ইচ্ছুক হল।
[3] পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত কাজটি সম্পন্ন করার জন্য ইস্রায়েলীরা যেসব উপহার এনেছিল, মোশির হাত থেকে তারা সেগুলি গ্রহণ করলেন। আর লোকেরা প্রতিদিন সকালবেলায় অব্যাহতভাবে স্বেচ্ছাদান এনেই যাচ্ছিল।
[4] অতএব যেসব দক্ষ কারিগর পবিত্রস্থানের সব কাজকর্ম করছিল, তারা নিজেদের কাজ থামিয়ে
[5] মোশির কাছে এসে বলল, “সদাপ্রভু যে কাজ করার আদেশ দিয়েছেন তা করার জন্য যা দরকার, লোকেরা তার চেয়েও বেশি উপকরণ নিয়ে এসেছে।”
[6] তখন মোশি এক আদেশ জারি করলেন এবং তাঁরা শিবিরের সর্বত্র একথা ঘোষণা করে দিলেন: “কোনও স্ত্রী বা পুরুষ যেন পবিত্রস্থানের জন্য এক উপহার রূপে আর কিছু না আনে।” আর তাই লোকেরা আরও বেশি কিছু আনা থেকে ক্ষান্ত হল,
[7] যেহেতু তাদের কাছে ইতিমধ্যেই যা ছিল, তা সব কাজ করার পক্ষে প্রয়োজনের তুলনায় অতিরিক্তই ছিল।
[8] কারিগরদের মধ্যে যারা দক্ষ ছিলেন, তাঁরা পাকা হাতে সেই সমাগম তাঁবু এবং পাকান মিহি মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো দিয়ে দশটি পর্দা তৈরি করলেন ও সেই পর্দাগুলিতে করূবদের নকশা বুনে দিলেন।
[9] সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।
[10] তাঁরা পাঁচটি পর্দা একসাথে জুড়ে দিলেন ও অন্য পাঁচটির ক্ষেত্রেও একই কাজ করলেন।
[11] পরে নীল সুতো দিয়ে তাঁরা এক পাটি পর্দার কিনারা ধরে ধরে ফাঁস তৈরি করে দিলেন, এবং অন্য পাটি পর্দার কিনারা ধরে ধরেও একই কাজ করা হল।
[12] এছাড়াও তাঁরা একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস ও অন্য পাটির শেষ প্রান্তের পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি করে দিলেন, এবং ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি ছিল।
[13] পরে তাঁরা সোনার পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন এবং দুই পাটি পর্দা একসাথে বেঁধে রাখার জন্য সেগুলি ব্যবহার করলেন, যেন সমাগম তাঁবুটি অক্ষুণ্ণ থাকে।
[14] তাঁরা ছাগ-লোম দিয়ে সমাগম তাঁবুর উপরের আচ্ছাদনের জন্য মোট এগারোটি পর্দা তৈরি করলেন।
[15] এগারোটি পর্দার সবকটি একই মাপের—14 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।
[16] তাঁরা পর্দাগুলির মধ্যে পাঁচটি একসাথে জুড়ে এক পাটি করলেন এবং অন্য ছটি জুড়ে আর এক পাটি করলেন।
[17] পরে এক পাটি পর্দার কিনারা ধরে ধরে তাঁরা পঞ্চাশটি ফাঁস তৈরি করলেন এবং অন্য পাটি পর্দার কিনারা ধরে ধরেও একইরকম করলেন।
[18] তাঁবুটি একসাথে অক্ষুণ্ণ অবস্থায় বেঁধে রাখার জন্য তাঁরা ব্রোঞ্জের পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন।
[19] পরে তাঁরা সেই তাঁবুর জন্য লাল রং করা মেষচর্মের এক আচ্ছাদন এবং সেটিরও উপরে অন্যান্য টেকসই চামড়া দিয়ে এক আচ্ছাদন তৈরি করলেন।
[20] তাঁরা সমাগম তাঁবুর জন্য বাবলা কাঠ দিয়ে খাড়া কাঠামো তৈরি করলেন।
[21] প্রত্যেকটি কাঠামো 4.5 মিটার করে লম্বা ও 68 সেন্টিমিটার করে চওড়া হল,
[22] এবং কাঠামোর বেরিয়ে থাকা অংশ দুটি পরস্পরের সমান্তরাল করে বসানো হল। এভাবেই তাঁরা সমাগম তাঁবুর সব কাঠামো তৈরি করলেন।
[23] সমাগম তাঁবুর দক্ষিণ দিকের জন্য তাঁরা কুড়িটি কাঠামো তৈরি করলেন
[24] এবং সেগুলির তলায় দেওয়ার জন্য—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে, ও প্রত্যেকটি বেরিয়ে থাকা অংশের তলায় একটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
[25] অন্য দিকের, সমাগম তাঁবুর উত্তর দিকের জন্য তাঁরা কুড়িটি কাঠামো
[26] এবং প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
[27] শেষ প্রান্তের, অর্থাৎ, সমাগম তাঁবুর পশ্চিম প্রান্তের জন্য তাঁরা ছয়টি কাঠামো তৈরি করলেন,
[28] এবং শেষ প্রান্তে সমাগম তাঁবুর কোণাগুলির জন্যও দুটি কাঠামো তৈরি হল।
[29] এই দুই কোনায় কাঠামোগুলি নিচ থেকে একদম চূড়া পর্যন্ত দ্বিগুণ মাপের হল এবং একটিই চক্রে সেগুলি লাগানো হল; দুটি কোনা একইরকম ভাবে তৈরি করা হল।
[30] অতএব সেখানে আটটি কাঠামো এবং প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি ভীত ছিল।
[31] এছাড়াও তাঁরা বাবলা কাঠের আগল তৈরি করলেন: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি,
[32] অন্য দিকের কাঠামোগুলির জন্য পাঁচটি, এবং সমাগম তাঁবুর শেষ প্রান্তে, পশ্চিমদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি।
[33] তাঁরা এমনভাবে মধ্যবর্তী আগলটি তৈরি করলেন যে সেটি কাঠামোর মাঝখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সম্প্রসারিত হল।
[34] কাঠামোগুলি তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন এবং আগলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি করলেন। আগলগুলিও তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন।
[35] তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে পর্দা তৈরি করলেন, এবং দক্ষ কারিগর দ্বারা তাতে করূবদের নকশা বুনিয়ে দিলেন।
[36] সেটির জন্য তাঁরা বাবলা কাঠের চারটি খুঁটি তৈরি করলেন এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। সেগুলির জন্য তাঁরা সোনার আঁকড়া তৈরি করলেন এবং সেগুলির চারটি রুপোর ভিতও ঢালাই করে দিলেন।
[37] তাঁবুর প্রবেশদ্বারের জন্য তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রঙের সুতো এবং পাকান মিহি মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন—যা হল এক সূচিশিল্পীর হস্তকলা;
[38] এবং তাঁরা পাঁচটি খুঁটি ও সেগুলির জন্য আঁকড়াও তৈরি করলেন। তাঁরা খুঁটিগুলির চূড়া ও বেড়ীগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং ব্রোঞ্জ দিয়ে সেগুলির পাঁচটি ভিত তৈরি করলেন।