[1] সন্তানেরা, তোমরা প্রভুতে পিতামাতার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সঙ্গত।
[2] “পিতা ও মাতাকে সম্মান কোরো,” এই হল প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি,
[3] “যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো।”
[4] পিতারা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ কোরো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের গড়ে তোলো।
[5] ক্রীতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে, হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রীষ্টের আদেশ মেনে থাকো।
[6] তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ক্রীতদাসদের মতো, অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছ, সেভাবে।
[7] তোমরা সর্বান্তঃকরণে তাদের সেবা করো, যেন তোমরা মানুষদের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ।
[8] কারণ তোমরা জানো যে, ক্রীতদাস হোক, বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন।
[9] আর গৃহস্বামীরা, তোমরাও ক্রীতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জানো, যিনি স্বর্গে বিরাজমান, তিনি তাদের এবং তোমাদের, উভয়েরই প্রভু। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।
[10] পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও।
[11] ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো।
[12] কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, তমসাচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং অন্তরীক্ষের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে।
[13] তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো।
[14] সুতরাং সত্যের কোমরবন্ধনী কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং
[15] শান্তির সুসমাচার প্রচারের তৎপরতাস্বরূপ চটিজুতো পরিহিত হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো।
[16] এর অতিরিক্তরূপে তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে।
[17] আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।
[18] সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সমস্ত সন্তজনের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো।
[19] তোমরা আমার জন্য প্রার্থনা কোরো, যেন আমি যখনই মুখ খুলি, সুসমাচারের গুপ্তরহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়।
[20] এরই জন্য শৃঙ্খলিত হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা কোরো, যেন যেমন করা উচিত, আমি অকুতোভয়ে সেই ঘোষণা করতে পারি।
[21] আমি কেমন আছি এবং কী করছি, তোমরাও যেন তা জানতে পারো, সেজন্য প্রিয় ভাই ও প্রভুতে বিশ্বস্ত সেবক তুখিক তোমাদের সবকিছু জানাবেন।
[22] শুধু এই উদ্দেশ্যেই আমি তাঁকে তোমাদের কাছেও পাঠাচ্ছি, যেন আমরা কেমন আছি তা তোমরা জানাতে পারো এবং তিনি তোমাদের অনুপ্রাণিত করতে পারেন।
[23] পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে শান্তি, বিশ্বাসসহ ভালোবাসা ভাইবোনদের উপরে বর্ষিত হোক।
[24] আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতি যাদের ভালোবাসা অমর, অনুগ্রহ তাদের সহায় হোক।