[1] খ্রীষ্ট যীশুর দাস পৌল ও তিমথি, খ্রীষ্ট যীশুতে স্থিত ফিলিপীর সমস্ত সন্ত, অধ্যক্ষগণ ও পরিচারকবর্গ সমীপে,
[2] আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।
[3] আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই।
[4] প্রার্থনাকালে আমি তোমাদের সকলের জন্য সর্বদা সানন্দে প্রার্থনা করি,
[5] কারণ প্রথম দিন থেকে, আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ।
[6] এ বিষয়ে আমি সুনিশ্চিত যে, যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন, খ্রীষ্ট যীশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন।
[7] তোমাদের সকলের বিষয়ে এই মনোভাব পোষণ করাই আমার পক্ষে সঙ্গত, কারণ তোমরা আমার হৃদয় জুড়ে আছো। আমি বন্দিদশায় থাকি, অথবা সুসমাচারের পক্ষসমর্থনে বা প্রতিষ্ঠার কাজে ব্যাপৃত থাকি, তোমরা সকলেই আমার সঙ্গে ঈশ্বরের অনুগ্রহের সহভাগী।
[8] ঈশ্বরই আমার সাক্ষী, খ্রীষ্ট যীশুর স্নেহে আমি তোমাদের সাক্ষাৎ পাওয়ার জন্য কতই না ব্যাকুল!
[9] এখন, আমার প্রার্থনা এই: তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টিতে উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে ওঠে,
[10] যেন কোনটি উৎকৃষ্ট, তা তোমরা উপলব্ধি করতে পারো এবং খ্রীষ্টের পুনরাগমনের দিন পর্যন্ত পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারো;
[11] ঈশ্বরের গৌরব ও প্রশংসার জন্য তোমরা ধার্মিকতার সেই ফলে পরিপূর্ণ হয়ে ওঠো, যা যীশু খ্রীষ্টের মাধ্যমে পাওয়া যায়।
[12] ভাই ও বোনেরা, আমি চাই, তোমরা যেন জানতে পারো যে, আমার প্রতি যা ঘটেছে, তা প্রকৃতপক্ষে সুসমাচারের অগ্রগতির সহায়ক হয়েছে।
[13] ফলস্বরূপ, সমস্ত প্রাসাদরক্ষী এবং অন্য সকলের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে, খ্রীষ্টের জন্যই আমি শৃঙ্খলিত হয়েছি।
[14] আমার বন্দিদশার জন্যই প্রভুতে অধিকাংশ ভাইই আরও সাহসের সঙ্গে ও আরও নির্ভীকভাবে ঈশ্বরের বাক্য প্রচার করতে অনুপ্রেরণা লাভ করেছে।
[15] একথা সত্যি যে, কেউ কেউ ঈর্ষা ও প্রতিদ্বন্দ্বিতার বশে খ্রীষ্টকে প্রচার করে, কিন্তু অন্যেরা করে শুভ-ইচ্ছার বশবর্তী হয়ে।
[16] শেষোক্ত ব্যক্তিরা প্রচার করে ভালোবাসায়, কারণ তারা জানে যে সুসমাচারের পক্ষ সমর্থনের জন্যই আমাকে এখানে রাখা হয়েছে।
[17] পূর্বোক্ত লোকেরা আন্তরিকতায় নয়, স্বার্থসিদ্ধির উদ্দেশে খ্রীষ্টকে প্রচার করে। তারা মনে করে, আমার বন্দিদশায় তারা আমার কষ্ট আরও বেশি বাড়িয়ে তুলতে পারবে।
[18] কিন্তু তাতেই বা কী? গুরুত্বপূর্ণ বিষয় হল, সৎ কি অসৎ, যে কোনো উদ্দেশ্যেই হোক, খ্রীষ্ট প্রচারিত হচ্ছেন। আর এই কারণেই আমি আনন্দিত হচ্ছি।
[19] হ্যাঁ, আমার এই আনন্দ অব্যাহত থাকবে, কারণ আমি জানি, আমার জীবনে যা ঘটেছে, তোমাদের প্রার্থনার মাধ্যমে এবং যীশু খ্রীষ্টের আত্মা দ্বারা যে সহায়তা দত্ত হয়েছে, সেগুলি আমার মুক্তির কারণ হবে।
[20] আমার আকুল আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোক্রমেই লজ্জিত হব না, বরং পর্যাপ্ত সাহসভরে চলব, যেন বর্তমানের মতো সবসময়—জীবন দ্বারা হোক কি মৃত্যুর দ্বারা—আমার এই শরীরে খ্রীষ্ট মহিমান্বিত হন।
[21] কারণ আমার কাছে খ্রীষ্টই জীবনস্বরূপ, আর মৃত্যু লাভজনক।
[22] যদি এই শরীরে আমাকে বেঁচে থাকতে হয়, তাহলে আমার পরিশ্রম ফলপ্রসূ হয়েছে বলে মনে করব। তবুও কোনটি মনোনীত করব—তা আমি জানি না!
[23] এই দুয়ের মধ্যে আমি বিদীর্ণ হচ্ছি; আমার আকাঙ্ক্ষা এই, বিদায় নিয়ে আমি খ্রীষ্টের সঙ্গে থাকি, যা বহুগুণে বেশি শ্রেয়।
[24] কিন্তু তোমাদেরই জন্য আমার শরীরে বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি।
[25] এ বিষয়ে আমি নিশ্চিত যে, আমি জীবিত থাকব এবং বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য আমি তোমাদের সকলের সঙ্গেই থাকব,
[26] যেন তোমাদের মধ্যে আমার পুনরায় অবস্থিতির জন্য খ্রীষ্ট যীশুতে তোমাদের আনন্দ, আমার কারণে উপচে পড়তে পারে।
[27] যাই ঘটুক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের যোগ্য আচরণ করো। তাহলে আমি কাছে এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি বা আমার অনুপস্থিতিতে তোমাদের কথা শুধু শুনেই থাকি, আমি জানব যে তোমরা এক আত্মায় অবিচল আছো, সুসমাচারে বিশ্বাসের জন্য এক ব্যক্তির ন্যায় প্রতিরোধ করছ,
[28] যারা তোমাদের বিপক্ষতা করে, কোনোভাবেই তাদের ভয় পাওনি। এটিই হবে তাদের বিনাশের নিদর্শন, কিন্তু তোমরা লাভ করবে মুক্তি—ঈশ্বরই তা দান করবেন।
[29] কারণ খ্রীষ্টের পক্ষে তোমাদের এই অনুগ্রহ দত্ত হয়েছে, কেবলমাত্র তাঁর উপর বিশ্বাস করো, তা নয়, কিন্তু তাঁর জন্য যেন কষ্টভোগও করো,
[30] কারণ আমাকে যে-রকম দেখেছ ও শুনতে পাচ্ছ এবং এখনও যেমন হচ্ছে, তোমরাও সেই একই সংগ্রাম করে চলেছ।