Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:12

[1] এই কারণে, তোমরা যারা ইহুদি নও, তাদের জন্য খ্রীষ্ট যীশুর বন্দি আমি, পৌল—

[2] তোমাদের জন্য ঈশ্বর তাঁর যে অনুগ্রহের পরিচালনা আমাকে প্রদান করেছেন, তোমরা সেকথা নিশ্চয় শুনেছ।

[3] অর্থাৎ, ঈশ্বরের যে গুপ্তরহস্য আমাকে জ্ঞাপন করা হয়েছে, সেকথা আমি সংক্ষেপে আগেই লিখেছি।

[4] এই লিপি পাঠ করলে খ্রীষ্টের গুপ্তরহস্যে আমার অন্তর্দৃষ্টির কথা তোমরা বুঝতে পারবে।

[5] অন্য প্রজন্মের মানুষদের কাছে এই সত্য ব্যক্ত হয়নি, যেমন বর্তমান প্রজন্মে ঈশ্বরের পবিত্র প্রেরিত-শিষ্যদের এবং ভাববাদীদের কাছে পবিত্র আত্মা তা প্রকাশ করেছেন।

[6] এই গুপ্তরহস্য হল, সুসমাচারের মাধ্যমে অইহুদিরা ইস্রায়েলীদের সঙ্গে একই উত্তরাধিকারের শরিক, একত্রে একই দেহের বিভিন্ন অঙ্গ এবং খ্রীষ্ট যীশুতে একই প্রতিশ্রুতির যৌথ অংশীদার।

[7] ঈশ্বরের পরাক্রমের সক্রিয়তায়, তাঁরই অনুগ্রহ দানের দ্বারা আমি এই সুসমাচারের পরিচারক হয়েছি।

[8] ঈশ্বরের সকল সন্তের মধ্যে আমি যদিও সর্বাপেক্ষা তুচ্ছজনেরও অধম, এই অনুগ্রহ আমাকে দত্ত হয়েছিল, যেন খ্রীষ্টের অননুসন্ধেয় বৈভবের কথা অইহুদিদের কাছে প্রচার করি

[9] এবং এই গুপ্তরহস্যের প্রয়োগ প্রত্যেকের কাছে স্পষ্ট করে দিই, যা অতীতকালে সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত অবস্থায় রাখা ছিল।

[10] তাঁর অভিপ্রায় ছিল এই যে, এখন মণ্ডলীর মাধ্যমে যেন ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা, স্বর্গীয় স্থানের আধিপত্য ও কর্তৃত্বসকলের কাছে জ্ঞাত করা যায়।

[11] এ ছিল তাঁর চিরকালীন অভিপ্রায়, যা তিনি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে সাধন করেছেন।

[12] তাঁতে এবং তাঁর প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা অবাধে এবং প্রত্যয়ের সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি।

[13] তাই, আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের জন্য আমার যে কষ্টভোগ, তা দেখে তোমরা নিরাশ হয়ো না। এসবই তোমাদের গৌরব।

[14] এই কারণের জন্য আমি পিতার কাছে নতজানু হই,

[15] যাঁর কাছ থেকে স্বর্গে ও পৃথিবীতে তাঁর সমগ্র পরিবার এই নাম প্রাপ্ত হয়েছে।

[16] আমি প্রার্থনা করি, যেন তাঁর গৌরবময় বৈভব থেকে তিনি তাঁর আত্মার মাধ্যমে তোমাদেরকে আন্তরিক সত্তায়, শক্তিতে সবল করে তোলেন,

[17] যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। আমি প্রার্থনা করি, তোমরা প্রেমে দৃঢ়মূল ও সংস্থাপিত হয়ে,

[18] সকল সন্তের সঙ্গে যেন পরাক্রমের অধিকারী হতে পারো এবং খ্রীষ্টের ভালোবাসার বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা হৃদয়ঙ্গম করতে পারো, আর

[19] জ্ঞানাতীত এই ভালোবাসা অবগত হয়ে তোমরা যেন ঈশ্বরের সকল পূর্ণতায় ভরপুর হয়ে ওঠো।

[20] এখন আমাদের অন্তরে যিনি তাঁর সক্রিয় ক্ষমতা অনুসারে আমাদের সকল চাওয়া পূর্ণ করতে, অথবা কল্পনারও অতীত বেশি কাজ করতে সমর্থ,

[21] মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে, যুগ যুগ ধরে সকল প্রজন্মে চিরকাল তাঁর গৌরব কীর্তিত হোক। আমেন।

ইফিষীয় — Chapters