[1] ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য, আমি পৌল, ইফিষ নগরীর সব সন্ত ও খ্রীষ্ট যীশুতে বিশ্বস্তজনদের সমীপে:
[2] আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।
[3] ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন।
[4] কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি।
[5] প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক গ্রহণের জন্য পূর্ব থেকে নির্ধারিত করেছিলেন—
[6] এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি ভালোবাসেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন।
[7] তাঁর দ্বারা, আমরা তাঁর রক্তে মুক্তি, অর্থাৎ পাপসকলের ক্ষমা লাভ করেছি। এ ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্যর কারণে হয়েছে,
[8] যা তিনি সমস্ত প্রজ্ঞা ও বোধশক্তির সঙ্গে আমাদের উপরে অপর্যাপ্তরূপে দান করেছেন।
[9] তিনি তাঁর সেই হিতসংকল্প অনুযায়ী সেই গুপ্তরহস্য আমাদের জানতে দিয়েছেন, যা তিনি খ্রীষ্টে পূর্বসংকল্প করেছিলেন,
[10] যা কালের পূর্ণতার সঙ্গে সঙ্গে রূপায়িত করার সংকল্প করেছিলেন, যেন স্বর্গে ও পৃথিবীতে সবকিছুই, এক মস্তক, অর্থাৎ খ্রীষ্টের অধীনে একত্র করেন।
[11] যিনি তাঁর সংকল্প অনুসারে সমস্ত কিছু সাধন করেন, তাঁরই পরিকল্পনামতো পূর্ব-নির্ধারিত হয়ে তাঁতে আমরা মনোনীতও হয়েছি,
[12] যেন আমরা যারা খ্রীষ্টের উপরে প্রথমে প্রত্যাশা রেখেছিলাম, সেই আমাদেরই মাধ্যমে তাঁর মহিমার গুণগান হতে পারে।
[13] আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রীষ্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তাঁতে প্রতিশ্রুত পবিত্র আত্মার মুদ্রাঙ্কণে চিহ্নিত হয়েছ,
[14] যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়নাস্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমার প্রশস্তির জন্য তাঁর আপনজনদের মুক্ত করেন।
[15] এই কারণে, প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাসের ও সন্তজনেদের প্রতি তোমাদের ভালোবাসার কথা যখন শুনেছি,
[16] তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে, আমি তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি।
[17] আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অধিকতররূপে জানতে পারো।
[18] আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, সন্তদের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের বৈভব
[19] এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়।
[20] তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর দক্ষিণ পার্শ্বে তাঁকে বসিয়েছেন,
[21] শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন।
[22] ঈশ্বর সমস্তই তাঁর পদানত করেছেন। সেই মণ্ডলী,
[23] তাঁর দেহ, তাঁর পূর্ণতাস্বরূপ, যিনি সব বিষয় সমস্ত উপায়ে পূর্ণ করেন।