Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:41

[1] ভাইবোনেরা, কেউ যদি কোনো পাপকর্মে ধরা পড়ে, তাহলে তোমরা যারা আত্মিক, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনো। কিন্তু নিজেদের সম্পর্কে সতর্ক থেকো, নইলে তোমরাও প্রলোভিত হতে পারো।

[2] প্রত্যেকে পরস্পরের ভারবহন করো, এভাবে তোমরা খ্রীষ্টের বিধান পূর্ণ করবে।

[3] কেউ যদি কিছু না হয়েও নিজেকে বিশিষ্ট মনে করে, সে নিজের সঙ্গে প্রতারণা করে।

[4] প্রত্যেকেই তার নিজের কাজগুলি যাচাই করে দেখবে। তাহলেই সে অপর কারও সঙ্গে নিজের তুলনা না করেই নিজের বিষয়ে গর্ব করতে পারবে।

[5] কারণ প্রত্যেকেরই উচিত, তার নিজের ভারবহন করা।

[6] যে ব্যক্তি ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা লাভ করে, সে তার শিক্ষককে অবশ্যই সমস্ত উৎকৃষ্ট বিষয়ের অংশ দেবে।

[7] তোমরা বিভ্রান্ত হয়ো না, ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বোনে, তাই কাটে।

[8] যে তার শারীরিক লালসা নিবৃত্তির উদ্দেশে বপন করে, সেই শরীর থেকেই সে বিনাশরূপ শস্য সংগ্রহ করবে। যে পবিত্র আত্মাকে প্রীত করার জন্য বপন করে, তা থাকে অনন্ত জীবনের ফসল আসবে।

[9] এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হতোদ্যম না হলে যথাসময়ে আমরা শস্যচয়ন করব।

[10] তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি, যারা বিশ্বাসীদের পরিজন।

[11] দেখো, আমি কত বড় বড় অক্ষরে নিজের হাতে তোমাদের কাছে লিখলাম!

[12] যারা ব্যহ্যিকরূপে এক সুন্দর ভাবমূর্তি গড়তে চায়, তারা তোমাদের সুন্নত পালনে বাধ্য করতে চেষ্টা করছে। কেবলমাত্র যে কারণের জন্য তারা এ কাজ করতে চাইছে, তা খ্রীষ্টের ক্রুশের কারণে নির্যাতিত হওয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য।

[13] যারা সুন্নতপ্রাপ্ত, এমনকি তারাও বিধান পালন করে না, তবুও তারা চায় তোমরা সুন্নত-সংস্কার পালন করো, যেন তারা তোমাদের শরীরের বিষয়ে গর্ব করতে পারে।

[14] কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয়ে গর্ব করি, তা দূরে থাকো, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে ক্রুশার্পিত।

[15] সুন্নত বা অত্বকছেদ, উভয়ই নিরর্থক, নতুন সৃষ্টিই হল মূলকথা।

[16] এই নীতি যারা অনুসরণ করে তাদের উপর, এমনকি ঈশ্বরের ইস্রায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক।

[17] সবশেষে বলি, কেউ যেন আমাকে কষ্ট না দেয়, কারণ আমার শরীরে আমি যীশুর ক্ষতচিহ্নগুলি বহন করছি।

[18] ভাইবোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সঙ্গে থাকুক। আমেন।

গালাতীয় — Chapters