[1] চোদ্দো বছর পরে, আমি আবার জেরুশালেমে গেলাম; এসময় সঙ্গে ছিলেন বার্ণবা। আমি তীতকেও সঙ্গে নিলাম।
[2] ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হওয়ার আগে আমি সেখানে গিয়েছিলাম ও যে সুসমাচার আমি অইহুদি জাতিবৃন্দের কাছে প্রচার করি, তা তাদের সামনে বললাম। কিন্তু এ কাজ আমি গোপনে, যাঁদের নেতৃস্থানীয় বলে আমার মনে হয়েছিল, তাঁদের কাছে করলাম, কারণ ভয় হচ্ছিল, আমি হয়তো অনর্থক পরিশ্রম করেছি বা করছি।
[3] এমনকি, আমার সঙ্গী তীত, যিনি জাতিতে গ্রিক ছিলেন, তাঁকেও সুন্নত করতে বাধ্য করা গেল না।
[4] কারণ খ্রীষ্ট যীশুতে আমরা যে-স্বাধীনতা ভোগ করি, তার উপরে গুপ্তচরবৃত্তির জন্য ও আমাদের ক্রীতদাসে পরিণত করার জন্য কয়েকজন ভণ্ড ভাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল।
[5] আমরা এক মুহূর্তের জন্যও তাদের বশ্যতাস্বীকার করলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের জন্য রক্ষা করতে পারি।
[6] আর যাঁরা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল—তাঁরা যে-ই হোন না কেন, আমার কিছু আসে-যায় না; ঈশ্বর বাহ্যিক রূপ দেখে বিচার করেন না—সেই ব্যক্তিরা আমার বার্তার সঙ্গে অতিরিক্ত কিছুই যোগ করেননি।
[7] এর বিপরীতে, তাঁরা দেখলেন যে, পিতরকে যেমন ইহুদিদের কাছে, তেমনই আমাকে অইহুদি জাতিদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে।
[8] কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিতশিষ্যরূপে পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তেমনই অইহুদি জাতিদের কাছে প্রেরিতশিষ্যরূপে, তিনি আমারও পরিচর্যায় সক্রিয় ছিলেন।
[9] যাকোব, পিতর ও যোহন—যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন—তাঁরা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্ণবার হাতে হাত মিলিয়ে সহকর্মীরূপে গ্রহণ করলেন। তাঁরা সম্মত হলেন যে, অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাঁদের ইহুদিদের কাছে।
[10] তাঁরা শুধু চাইলেন, যেন আমরা নিয়ত দরিদ্রদের স্মরণে রাখি, যে কাজ করার জন্য আমিও আগ্রহী ছিলাম।
[11] পিতর যখন আন্তিয়খে এলেন, আমি মুখের উপর তাঁর প্রতিবাদ করলাম, কারণ স্পষ্টতই তিনি উচিত কাজ করেননি।
[12] যাকোবের কাছ থেকে কিছু লোক আসার আগে তিনি অইহুদিদের সঙ্গে আহার করতেন; কিন্তু তারা উপস্থিত হলে পর তিনি পিছিয়ে পড়া শুরু করলেন ও অইহুদিদের কাছ থেকে নিজেকে পৃথক করতে লাগলেন, কারণ যারা সুন্নতপ্রাপ্ত ছিল, তিনি তাদের ভয় পেলেন।
[13] অন্য সব ইহুদিরাও তাঁর এই ভণ্ডামিতে যোগ দিল, এমনকি, তাঁদের ভণ্ড আচরণে বার্ণবাও ভুল পথে পা বাড়িয়েছিলেন।
[14] আমি যখন দেখলাম, তাঁরা সুসমাচারের সত্য অনুযায়ী কাজ করছেন না, আমি তাঁদের সকলের সামনে পিতরকে বললাম, “আপনি একজন ইহুদি, তবুও আপনি একজন অইহুদির মতো জীবনযাপন করছেন, কোনো ইহুদির মতো নয়। তাহলে, এ কী রকম যে, আপনি অইহুদিদের ইহুদি রীতিনীতি পালন করতে বাধ্য করছেন?
[15] “আমরা, যারা জন্মসূত্রে ইহুদি, কিন্তু ‘অইহুদি পাপী’ নই,
[16] আমরা জানি যে, বিধান পালন করে কোনো মানুষ নির্দোষ প্রতিপন্ন হয় না, কিন্তু হয় যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা। তাই আমরাও খ্রীষ্ট যীশুতে আমাদের বিশ্বাস স্থাপন করেছি, যেন আমরা খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে পারি, বিধান পালনের দ্বারা নয়, কারণ বিধান পালনের দ্বারা কেউই নির্দোষ প্রতিপন্ন হবে না।
[17] “যদি খ্রীষ্টে নির্দোষ হওয়ার চেষ্টা করে এরকম প্রত্যক্ষ হয় যে আমরা, ইহুদিরা পাপী প্রতিপন্ন হয়েছি, তার অর্থ কি এই নয় যে খ্রীষ্ট পাপের পরিচারক হয়েছেন? অবশ্যই নয়!
[18] যদি আমি যা-ধ্বংস করেছি, তাই আবার তৈরি করি, আমি নিজেকে আইন-ভঙ্গকারী বলে প্রমাণ করি।
[19] “কারণ বিধানের মাধ্যমে বিধানের উদ্দেশে আমি মৃত্যুবরণ করেছি, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি।
[20] আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন।
[21] আমি ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্য করতে পারি না, কারণ যদি বিধান দ্বারা ধার্মিকতা লাভ করা যায়, তাহলে বৃথাই খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন!”