Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:06

[1] স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব, তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় আবদ্ধ কোরো না।

[2] আমার কথাগুলি লক্ষ্য করো। আমি পৌল তোমাদের বলছি যে, তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রীষ্টের কোনও মূল্য থাকবে না।

[3] যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে, সে সমস্ত বিধান পালন করতে বাধ্য।

[4] তোমরা যারা বিধানের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে চাইছ, তারা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ; তোমরা অনুগ্রহ থেকে পতিত হয়েছ।

[5] কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তা আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি।

[6] কারণ খ্রীষ্ট যীশুতে সুন্নতের কোনও মূল্য নেই, অ-সুন্নতেরও নেই। কেবলমাত্র বিষয় যা গণ্য হয়, তা হল বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে।

[7] তোমরা তো ভালোভাবেই দৌড়াচ্ছিলে। কে তোমাদের বাধা দিল এবং সত্য পালন করতে দিল না?

[8] এই ধরনের চাপ, যিনি তোমাদের আহ্বান করেন, তাঁর কাছে থেকে আসে না।

[9] অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে।

[10] প্রভুতে আমি দৃঢ়প্রত্যয়ী যে, তোমরা আর কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে না। যে তোমাদের বিভ্রান্ত করছে, সে যে-ই হোক না কেন, সে তার শাস্তি ভোগ করবে।

[11] ভাইবোনেরা, আমি যদি এখনও সুন্নতের বিষয় প্রচার করে থাকি, তাহলে কেন এখনও আমি নির্যাতিত হচ্ছি? সেক্ষেত্রে, ক্রুশের বিঘ্ন লুপ্ত হয়েছে।

[12] সেইসব বিভ্রান্তিকারী সম্পর্কে বলি, আমার ইচ্ছা, তারা সম্পূর্ণ পথ পরিক্রমা করে নিজেদের পুরুষাঙ্গও ছিন্ন করে ফেলুক।

[13] আমার ভাইবোনেরা, তোমরা স্বাধীনতার জন্য আহূত হয়েছ, কিন্তু তোমাদের স্বাধীনতাকে শারীরিক লালসা চরিতার্থ করার জন্য প্রশ্রয় দিয়ো না; বরং প্রেমে পরস্পরের সেবা করো।

[14] সমস্ত বিধান এই একটিমাত্র আজ্ঞায় সারসংক্ষিপ্ত হয়েছে: “তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো।”

[15] যদি তোমরা পরস্পরকে দংশন ও গ্রাস করো, সতর্ক হও, অন্যথায় তোমরা পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে।

[16] তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষগুলি চরিতার্থ করবে না।

[17] কারণ শারীরিক লালসাগুলি পবিত্র আত্মার অভিলাষের প্রতিকূল এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষগুলির প্রতিকূল। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও, তা করতে না পারো।

[18] কিন্তু তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হও, তাহলে তোমরা বিধানের অধীন নও।

[19] শারীরিক লালসার ক্রিয়াগুলি সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার, অশুদ্ধতা ও উচ্ছৃঙ্খলতা,

[20] প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা, ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও

[21] পরশ্রীকাতরতা, মত্ততা, রঙ্গরস ও এধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

[22] কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা,

[23] বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

[24] আর যারা খ্রীষ্ট যীশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশার্পিত করেছে।

[25] আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবনযাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি।

[26] এসো, আমরা গর্বিতমনা না হই, পরস্পরকে উত্তেজিত না করি ও পরস্পর পরস্পরের প্রতি হিংসা না করি।

গালাতীয় — Chapters