[1] সন্তজনেদের প্রতি এই যে সেবাকর্ম, সে সম্পর্কে তোমাদের কাছে আমার কিছু লেখার প্রয়োজন নেই।
[2] সাহায্যের জন্য তোমাদের আগ্রহের কথা আমি জানি। ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এ সম্পর্কে আমি গর্বও করে থাকি, তাদের বলি যে, আখায়ার মধ্যে তোমরা গত বছর থেকেই দান করার জন্য প্রস্তুত হয়েছ এবং তোমাদের উদ্যম তাদের অধিকাংশকেই এ বিষয়ে তত্পর করে তুলতে উত্সাহিত করেছে।
[3] কিন্তু আমি এজন্যই এই ভাইদের প্রেরণ করছি, যেন এ বিষয়ে তোমাদের সম্পর্কে আমাদের গর্ব মিথ্যা না হয়, বরং তোমরা যেন প্রস্তুত থাকো, যেমন তোমরা থাকবে বলে আমি বলেছিলাম।
[4] কারণ ম্যাসিডোনিয়ার কোনো লোক আমার সঙ্গে এসে যদি দেখে যে, তোমরা প্রস্তুত নও, আমরা—তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই না—এত আস্থাশীল বলে লজ্জিতই হব।
[5] তাই আমি ভাবলাম, এই ভাইদের অনুরোধ করা আবশ্যক, যেন তারা আগে তোমাদের পরিদর্শন করেন এবং যে মুক্তহস্ত দানের প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে, সেই ব্যবস্থাপনা সমাপ্ত করতে পারেন। তখন তা মুক্তহস্তের দান বলে প্রস্তুত থাকবে, অনিচ্ছাকৃত দানরূপে নয়।
[6] একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে বহুল পরিমাণে বীজ বোনে, সে বহুল পরিমাণে ফসলও কাটবে।
[7] প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর হর্ষোত্ফুল্ল দাতাকে ভালোবাসেন।
[8] আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সত্কর্মে উপচে পড়ো।
[9] যেমন লিখিত আছে: “সে ছড়িয়ে দিয়েছে দরিদ্রকে তার বহুল দান, তার ধার্মিকতা চিরস্থায়ী।”
[10] এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বর্ধিত করবেন।
[11] তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সর্ব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
[12] তোমাদের সাধিত এই সেবাকর্ম কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব মোচন করছে, তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ-জ্ঞাপনে উপচে পড়ছে।
[13] যে সেবাকর্মের দ্বারা তোমরা নিজেদের প্রমাণসিদ্ধ করেছ, সেই কারণে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্তহস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে।
[14] ঈশ্বর তোমাদের প্রতি যে অপার অনুগ্রহ প্রদান করেছেন, সেই কারণে তোমাদের জন্য তাদের প্রার্থনায়, তাদের হৃদয় তোমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে।
[15] বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।