[1] তাই আমি আমার মনে স্থির করেছিলাম যে, পুনরায় তোমাদের কাছে এক যন্ত্রণাদায়ক পরিদর্শন আমি করব না।
[2] কারণ, আমি যদি তোমাদের দুঃখ দিই, তাহলে যাদের দুঃখ দিয়েছি, সেই তোমরা ছাড়া আমাকে আনন্দ-প্রদানের জন্য আর কে থাকবে?
[3] পত্র লেখার সময় আমি এরকমই লিখেছিলাম যে, আমি যখন আসব, তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা, তাদের কাছ থেকে যেন দুঃখ না-পাই। তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে, তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে।
[4] আমি নিদারুণ কষ্ট ও মর্মযন্ত্রণায় ও অনেক অশ্রুপাতের সঙ্গে তোমাদের লিখেছিলাম, তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাবার জন্য।
[5] কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে, সে আমাকে তেমন দুঃখ দেয়নি, যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছে—কোনও অতিশয়োক্তি না করেই আমি একথা বলছি।
[6] অধিকাংশ লোকই তাকে যে শাস্তি দিয়েছে, তাই তার পক্ষে যথেষ্ট।
[7] বরং, এখন তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া, যেন সে দুঃখের আতিশয্যে ভেঙে না পড়ে।
[8] তাই, আমি তোমাদের অনুনয় করছি, তোমরা পুনরায় তার প্রতি তোমাদের প্রেম প্রদর্শন করো।
[9] তোমাদের কাছে আমার লেখার কারণ এই যে, আমি দেখতে চেয়েছিলাম, তোমরা সেই পরীক্ষা সহ্য করতে ও সর্ববিষয়ে অনুগত থাকতে পারো কি না।
[10] তোমরা যদি কাউকে ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর আমি যা ক্ষমা করেছি—যদি ক্ষমা করার মতো কিছু ছিল—আমি তোমাদেরই কারণে খ্রীষ্টের সাক্ষাতে তাকে ক্ষমা করেছি,
[11] যেন শয়তান ধূর্ততায় আমাদের পরাস্ত করতে না পারে, কারণ তার কৌশলগুলি আমাদের অজানা নয়।
[12] এখন খ্রীষ্টের সুসমাচার প্রচারের জন্য যখন আমি ত্রোয়াতে গেলাম, দেখলাম প্রভু আমার জন্য এক দুয়ার খুলে দিয়েছেন।
[13] তবুও আমার মনে শান্তি ছিল না, কারণ সেখানে আমি আমার ভাই তীতের সন্ধান পাইনি। তাই তাদের বিদায় জানিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
[14] কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি সর্বদা আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয়-যাত্রা করেন এবং আমাদের মাধ্যমে সর্বত্র তাঁর সম্পর্কীয় জ্ঞানের সৌরভ ছড়িয়ে দেন।
[15] কারণ যারা পরিত্রাণ পাচ্ছে এবং যারা ধ্বংস হচ্ছে, উভয়েরই কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রীষ্টের সৌরভস্বরূপ।
[16] এক পক্ষের কাছে আমরা মৃত্যুর ভীতিপ্রদ গন্ধস্বরূপ, অপর পক্ষের কাছে জীবনের সুগন্ধস্বরূপ। আর এধরনের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে?
[17] অনেকের মতো, আমরা লাভের জন্য ঈশ্বরের বাক্য ফেরি করে বেড়াই না। এর পরিবর্তে, ঈশ্বর প্রেরিত মানুষদের মতো, আমরা সরলতার সঙ্গে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টেই কথা বলি।