Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:48

[1] আমি পিতর, যীশু খ্রীষ্টের একজন প্রেরিতশিষ্য, তাদের উদ্দেশে এই পত্র লিখছি, যারা ঈশ্বরের মনোনীত, পৃথিবীতে প্রবাসী এবং পন্ত, গালাতিয়া, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়াতে বিক্ষিপ্তভাবে বসবাস করছে,

[2] যারা পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুসারে, পবিত্র আত্মার পবিত্রীকরণের মাধ্যমে, যীশু খ্রীষ্টের প্রতি বাধ্যতার জন্য ও তাঁর রক্তসিঞ্চনের দ্বারা মনোনীত হয়েছে: অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে প্রচুররূপে বর্ষিত হোক।

[3] আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন

[4] এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, বিমল এবং অজর; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে।

[5] যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে।

[6] এই কারণে তোমরা মহা উল্লসিত হয়ে চলেছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের কষ্ট-দুঃখ ভোগ করতে হচ্ছে।

[7] এগুলি এজন্যই আসে, যেন যে স্বর্ণ আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়, তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস যেন অকৃত্রিম প্রমাণিত হয় এবং যীশু খ্রীষ্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সম্মানজনক হয়ে প্রত্যক্ষ হয়।

[8] তোমরা তাঁকে না-দেখেও ভালোবাসছ; আর যদিও তোমরা তাঁকে এখনই দেখতে পাচ্ছ না, তোমরা তাঁকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠছ,

[9] কারণ তোমরা তোমাদের বিশ্বাসের লক্ষ্য, অর্থাৎ তোমাদের প্রাণের পরিত্রাণ লাভ করছ।

[10] এই পরিত্রাণ সম্পর্কে ভাববাদীরা তোমাদের কাছে ইতিপূর্বে সন্নিকট যে অনুগ্রহের কথা বলেছিলেন, তাঁরা নিষ্ঠাভরে ও পরম যত্নের সঙ্গে তা অনুসন্ধান করেছিলেন।

[11] তাঁদের অন্তরে স্থিত খ্রীষ্টের আত্মা তাঁদের কাছে খ্রীষ্টের কষ্টভোগ ও পরবর্তী মহিমার কথা পূর্বঘোষণা করেছিলেন এবং কোন সময়ে ও কোন পরিস্থিতিতে তা ঘটবে, তার সন্ধান পেতে তাঁরা চেষ্টা করছিলেন।

[12] তাঁদের কাছে এ বিষয় প্রকাশিত হয়েছিল যে, তাঁরা নিজেদের সেবা করছেন না, কিন্তু করছেন তোমাদের, যখন তাঁরা সেই সমস্ত কথা বলেছিলেন, যা এখন তোমাদের কাছে স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার দ্বারা, যাঁরা তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছেন, তাঁদের মাধ্যমে তোমাদের কাছে বলা হয়েছে। আবার স্বর্গদূতেরাও সাগ্রহে এসব প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষা করছেন।

[13] অতএব, কর্মে তত্পর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো, আত্মসংযমী হও; যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে, তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো।

[14] বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত পূর্বে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না।

[15] কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনই সমস্ত আচার-আচরণে পবিত্র হও।

[16] কারণ লিখিত আছে, “তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র।”

[17] যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কর্মকে নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো।

[18] কারণ তোমরা জানো যে, তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলীক আচার-ব্যবহার থেকে, রৌপ্য বা স্বর্ণর মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি,

[19] কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, অর্থাৎ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ।

[20] জগৎ সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষের সময়ে প্রকাশিত হয়েছেন।

[21] তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।

[22] এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ, যেন ভাইবোনেদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে, তোমরা অন্তর থেকেই পরস্পরকে ভালোবাসো।

[23] কারণ তোমরা নশ্বর বীর্য থেকে নয়, কিন্তু অক্ষয় বীর্য থেকে, অর্থাৎ, ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারা নতুন জন্ম লাভ করেছ।

[24] কারণ, “সব মানুষই তৃণের মতো, আর তাদের সব সৌন্দর্য মেঠো-ফুলের সদৃশ; তৃণ শুষ্ক হয় ও ফুল ঝরে পড়ে,

[25] কিন্তু প্রভুর বাক্য থাকে চিরকাল।” আর এই বাণীই তোমাদের কাছে প্রচারিত হয়েছে।

1 পিতর — Chapters