Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:35

[1] অতএব, খ্রীষ্ট তাঁর শরীরে কষ্টভোগ করেছেন বলে, তোমরাও সেই একই উপায়ে নিজেদের সুসজ্জিত করে তোলো, কারণ যে শরীরে কষ্টভোগ করেছে, সে পাপের সঙ্গে সম্পর্ক সমাপ্ত করেছে।

[2] এর ফলে, সে মন্দ মানবীয় কামনা-বাসনার উদ্দেশে তার পার্থিব অবশিষ্ট জীবনযাপন করে না, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই করে।

[3] পৌত্তলিকেরা যেমন করে—বেলেল্লাপনা, ভোগলালসা, রঙ্গরস, পানোন্মত্ততা, উচ্ছৃঙ্খলতা ও ঘৃণ্য প্রতিমাপূজা—এসব করে অতীতে তোমরা অনেক সময় কাটিয়ে দিয়েছ, যা তোমাদের পক্ষে যথেষ্ট হয়েছে।

[4] একই উচ্ছৃঙ্খলতার প্লাবনে এখন তোমরা তাদের সঙ্গে নিমজ্জিত হচ্ছো না দেখে তারা বিস্ময় বোধ করে ও তোমাদের উপরে অবমাননার বোঝা চাপিয়ে দেয়।

[5] কিন্তু যিনি জীবিত ও মৃতদের বিচার করতে প্রস্তুত, তাঁর কাছে তাদের কৈফিয়ত দিতে হবে।

[6] এই কারণেই এখন যারা মৃত, তাদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল, যেন শারীরিকরূপে মানুষের মতো তাদের বিচার করা গেলেও, আত্মায় ঈশ্বরের অভিমত অনুযায়ী তারা জীবিত থাকে।

[7] সবকিছুরই অন্তিমকাল সন্নিকট। অতএব তোমরা শুদ্ধমন ও আত্মসংযমী হও, যেন প্রার্থনা করতে পারো।

[8] সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপরাশিকে আবৃত করে।”

[9] বিরক্তি বোধ না করে তোমরা পরস্পরের আতিথ্য করো।

[10] প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশে যে কোনো বরদান লাভ করেছে, ঈশ্বরের সেই অনুগ্রহ তারা বিশ্বস্ত কর্মাধ্যক্ষের মতো ব্যবহার করুক।

[11] কেউ যদি কথা বলে, সে এমনভাবে বলুক, যেন ঈশ্বরের বাণীই বলছে। কেউ যদি সেবা করে, সে ঈশ্বর-প্রদত্ত শক্তির গুণে তা করুক, যেন সর্ববিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল তাঁরই হোক। আমেন।

[12] প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হয়ো না।

[13] কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরা অতিশয় আনন্দিত হতে পারো।

[14] খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন।

[15] তোমরা যদি কষ্টভোগ করো, তাহলে হত্যাকারী বা চোর অথবা অন্য কোনো প্রকার অপরাধী হয়ে, এমনকি, অনধিকার-চর্চাকারীরূপে না করো,

[16] কিন্তু যদি খ্রীষ্টিয়ান বলে কষ্টভোগ করো, তাহলে লজ্জিত হয়ো না, বরং সেই নামের জন্য ঈশ্বরের প্রশংসা করো।

[17] কারণ ঈশ্বরের গৃহেই বিচারের সময় আরম্ভ হল, আর তা যদি আমাদের দিয়ে শুরু হয়, তাহলে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য হয়, তাদের পরিণতি কী হবে?

[18] আবার, “পরিত্রাণ লাভ যদি ধার্মিকদেরই কষ্টসাধ্য হয়, তাহলে ভক্তিহীন ও পাপীদের কী হবে?”

[19] তাহলে, সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কষ্টভোগ করে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সত্কর্ম করে যাক।

1 পিতর — Chapters