Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:02

[1] পৌল, ঈশ্বরের একজন দাস ও যীশু খ্রীষ্টের একজন প্রেরিতশিষ্য, ঈশ্বরের মনোনীত ব্যক্তির বিশ্বাসের এবং সত্যের তত্ত্বজ্ঞানের জন্য, যা ভক্তিপরায়ণতার পথে চালিত করে—

[2] যে বিশ্বাস এবং জ্ঞান শাশ্বত জীবনের প্রত্যাশার উপর স্থাপিত, যা ঈশ্বর, যিনি মিথ্যা কথা বলতে পারেন না, তিনি কালের পূর্ব থেকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন,

[3] এবং তাঁর নির্ধারিত সময়ে তাঁর বাক্য আলোতে নিয়ে এলেন, যা প্রচারের ভার আমাদের পরিত্রাতা ঈশ্বরের আদেশে আমারই উপর অর্পিত হয়েছে।

[4] আমাদের যে সাধারণ বিশ্বাস আছে, তার বলে, আমার প্রকৃত বৎস, তীতের সমীপে: পিতা ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ ও শান্তি বর্তুক।

[5] আমি তোমাকে যে কারণে ক্রীটে রেখে এসেছিলাম, তা হল, তুমি যেন সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারো এবং আমার নির্দেশমতো প্রত্যেক নগরে প্রাচীনদের নিযুক্ত করতে পারো।

[6] একজন প্রাচীন অবশ্যই হবেন অনিন্দনীয়, তিনি এক স্ত্রীর স্বামী হবেন, যাঁর সন্তানেরা বিশ্বাসী এবং যাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার ও অবাধ্যতার কোনো অভিযোগ নেই।

[7] যেহেতু অধ্যক্ষের উপরে ঈশ্বরের কাজের ভার অর্পিত হয়েছে, তাই তাঁকে হতে হবে অনিন্দনীয়; তিনি উদ্ধত, বদমেজাজি, মদ্যপ, উগ্র বা অসৎ পথে অর্থ উপার্জনের জন্য লালায়িত হবেন না;

[8] বরং তাঁকে হতে হবে অতিথিবত্সল, মঙ্গলজনক সবকিছুর প্রতি অনুরক্ত, আত্মসংযমী, ন্যায়নিষ্ঠ, পবিত্র এবং শৃঙ্খলাপরায়ণ।

[9] বিশ্বাসযোগ্য যে বাণী, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, তা তাঁকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, যেন অভ্রান্ত উপদেশের দ্বারা তিনি অন্যদের অনুপ্রাণিত ও বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন করতে পারেন।

[10] কারণ বহু বিদ্রোহীভাবাপন্ন, অসার বাক্যবাগীশ এবং প্রতারক ব্যক্তি রয়েছে, বিশেষত সুন্নত-প্রাপ্তদের দলে আছে।

[11] এরা অসৎ লাভের জন্য এমন সব শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা দেওয়া উচিত নয়। ফলে পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে।

[12] এমনকি, তাদেরই একজন ভাববাদী বলেছেন, “ক্রীটের অধিবাসীরা সবসময়ই মিথ্যাবাদী, পশুবৎ হিংস্র, অলস পেটুক।”

[13] এই সাক্ষ্য যথাযথ। সুতরাং তাদের কঠোরভাবে তিরস্কার করো, যেন তারা অভ্রান্ত বিশ্বাসের অধিকারী হতে পারে

[14] এবং তারা যেন ইহুদি গালগল্পে, অথবা যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, এমন লোকদের আদেশের প্রতি মনোযোগ না দেয়।

[15] যারা শুচিশুদ্ধ, তাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ, কিন্তু যারা কলুষিত এবং অবিশ্বাসী, তাদের কাছে কোনো কিছুই শুচিশুদ্ধ নয়। প্রকৃতপক্ষে, তাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হয়ে পড়েছে।

[16] ঈশ্বরকে জানে বলে তারা দাবি করে, কিন্তু তাদের কাজকর্মের দ্বারা তারা তাঁকে অস্বীকার করে। তারা ঘৃণার পাত্র, অবাধ্য এবং কোনও সৎকর্ম করার পক্ষে অযোগ্য।

তীত — Chapters