[1] ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে এবং তাঁর আগমন ও তাঁর রাজ্যের প্রেক্ষিতে আমি তোমাকে এই দায়িত্ব অর্পণ করছি:
[2] তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শদানের মাধ্যমে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উত্সাহ প্রদান করো।
[3] কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না। বরং তাদের নিজস্ব কামনা-বাসনা চরিতার্থ করতে শ্রুতিসুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে।
[4] তারা সত্যের প্রতি কর্ণপাত না করে কল্পকাহিনীর দিকে ঝুঁকে পড়বে।
[5] কিন্তু সকল পরিস্থিতিতেই তুমি নিজেকে সংযত রেখো, দুঃখকষ্ট সহ্য কোরো, সুসমাচার প্রচারকের কাজ কোরো ও তোমার পরিচর্যার সমস্ত কর্তব্য সম্পাদন কোরো।
[6] আর আমি ইতিমধ্যে পানীয়-নৈবেদ্যর মতো সেচিত হয়েছি, আমার মহাপ্রস্থানের সময় এসে উপস্থিত হয়েছে।
[7] আমি উত্তম সমরে সংগ্রাম করেছি। আমার দৌড় সমাপ্ত হয়েছে। আমি বিশ্বাস রক্ষা করেছি।
[8] এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট। ধর্মময় বিচারক, সেই প্রভু, সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তাঁর প্রকাশপ্রাপ্তি ভালোবাসে, তাদের সবাইকেই তা দেবেন।
[9] তুমি অবিলম্বে আমার কাছে আসার জন্য যথাসাধ্য চেষ্টা কোরো,
[10] কারণ দীমা, এই জগৎকে ভালোবেসে আমাকে ত্যাগ করে থিষলনিকাতে চলে গেছে। ক্রিসেন্স গালাতিয়ায় এবং তীত গেছেন দালমাতিয়ায়।
[11] কেবলমাত্র লূক, একা আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে নিয়ে এসো, কারণ পরিচর্যার কাজে সে আমার উপকারী হবে।
[12] তুখিককে আমি ইফিষে পাঠিয়েছি।
[13] আসার সময়, ত্রোয়াতে কার্পের কাছে যে আলখাল্লাটি ফেলে এসেছি, সেটি নিয়ে এসো; আর আমার পুঁথিগুলি, বিশেষত চামড়ার পুঁথিগুলিও নিয়ে আসবে।
[14] ধাতু-শিল্পী আলেকজাণ্ডার আমার প্রভূত ক্ষতি করেছে। প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন।
[15] তুমি তার থেকে সাবধানে থেকো, কারণ আমাদের বার্তাকে সে প্রবলভাবে প্রতিরোধ করেছিল।
[16] প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এ তাদের বিপক্ষে না যাক।
[17] কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দান করেছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি।
[18] সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল প্রতি যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।
[19] প্রিষ্কা ও আক্বিলা এবং অনীষিফরের পরিজনদের শুভেছা জানিয়ো।
[20] ইরাস্ত করিন্থে থেকে গেছেন এবং ত্রফিমকে আমি পীড়িত অবস্থায় মিলেতায় রেখে এসেছি।
[21] তুমি শীতকালের আগেই এখানে আসার জন্য যথাসাধ্য চেষ্টা কোরো। উবুল, পুদেন্স্, লীন, ক্লডিয়া এবং ভাইবোনেরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
[22] প্রভু তোমার আত্মার সহবর্তী হোন। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।