Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:12

[1] তীত, তুমি লোকদের অভ্রান্ত শাস্ত্র-শিক্ষা দাও।

[2] বয়স্ক ব্যক্তিদের মিতাচারী, শ্রদ্ধেয়, আত্মসংযমী হতে এবং বিশ্বাস, প্রেম ও ধৈর্যে মজবুত হতে শিক্ষা দাও।

[3] সেভাবে, বয়স্ক মহিলাদেরও শিক্ষা দাও, যেন তাঁরা সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করেন, যেন পরচর্চায় মত্ত বা অতিমাত্রায় মদ্যপানে আসক্ত হয়ে না পড়েন। কিন্তু যা কিছু মঙ্গলজনক, তাঁরা যেন সেই শিক্ষা দেন।

[4] তাহলেই তাঁরা তরুণীদের শিক্ষা দিতে পারবেন, যেন তারা পতিপ্রেমিক ও সন্তানপ্রেমিক হতে পারে;

[5] যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, গৃহকর্মে ব্যাপৃত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।

[6] একইভাবে, আত্মসংযমী হওয়ার জন্য তরুণদের অনুপ্রাণিত করো।

[7] সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও,

[8] আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে, তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

[9] ক্রীতদাসদের শেখাও, তারা যেন সব বিষয়ে তাদের মনিবদের অনুগত হয়, তাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, তাদের কথার প্রতিবাদ না করে;

[10] তাদের কিছু চুরি না করে, বরং তারা যেন নিজেদের সম্পূর্ণ বিশ্বস্ত দেখায়; আমাদের পরিত্রাতা ঈশ্বর সম্বন্ধীয় শিক্ষাকে তারা যেন সর্বতোভাবে আকর্ষণীয় করে তোলে।

[11] কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে।

[12] এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়,

[13] যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে, আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমাময় প্রকাশপ্রাপ্তির প্রতীক্ষায় আছি,

[14] যিনি আমাদের জন্য নিজেকে প্রদান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে, যারা তাঁর একান্তই আপন, তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সত্কর্মে আগ্রহী হয়।

[15] তাহলে এই বিষয়গুলি তুমি শিক্ষা দাও, পূর্ণ কর্তৃত্বের সঙ্গে তুমি তাদের উৎসাহ দান ও তিরস্কার করো। কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে।

তীত — Chapters