Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:58

[1] কিন্তু একথা মনে রেখো: শেষের দিনগুলিতে ভীষণ দুঃসময় ঘনিয়ে আসবে;

[2] মানুষেরা হবে আত্মপ্রেমী, অর্থপ্রিয়, দাম্ভিক, অহংকারী, পরনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অপবিত্র,

[3] প্রেমহীন, ক্ষমাহীন, কুত্সা-রটনাকারী, আত্ম-সংযমহীন, নৃশংস, ভালো কিছুর অ-প্রেমিক,

[4] বিশ্বাসঘাতক, বেপরোয়া, গর্বান্ধ, ঈশ্বরকে ভালোবাসার চেয়ে তারা ভোগ-বিলাসকেই বেশি ভালোবাসবে।

[5] তারা ভক্তির ছদ্মবেশ ধারণ করবে, কিন্তু তার পরাক্রমকে তারা অস্বীকার করবে। তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না।

[6] তারা কৌশলে ঘরে ঘরে প্রবেশ করে পাপ-ভারাক্রান্ত ও সমস্ত রকমের দুষ্প্রবৃত্তির দ্বারা চালিত, দুর্বলচিত্ত স্ত্রীলোকদের উপরে আধিপত্য বিস্তার করে।

[7] তারা সর্বদা শিক্ষা লাভ করলেও, কখনোই সত্য স্বীকার করতে পারে না।

[8] যান্নি এবং যাম্ব্রি যেমন মোশির বিরুদ্ধতা করেছিল, তারাও তেমনই সত্যের প্রতিরোধ করে। তাদের মন দূষিত, যাদের বিশ্বাস সম্বন্ধে যতদূর বলা যেতে পারে, তারা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না।

[9] কিন্তু তারা বেশি দূর এগিয়ে যেতে পারবে না। সেই দুই ব্যক্তির ক্ষেত্রে যেমন ঘটেছিল, তাদের মূর্খতাও তেমনই সকলের সামনে প্রকাশ হয়ে পড়বে।

[10] তুমি অবশ্য আমার শিক্ষা, আমার জীবনচর্যা, আমার উদ্দেশ্য, বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা, সহিষ্ণুতা,

[11] লাঞ্ছনা, দুঃখকষ্ট, সবকিছু জানো—যেসব ঘটনা আন্তিয়খ, ইকনিয় ও লুস্ত্রাতে আমার প্রতি ঘটেছিল এবং যেসব নির্যাতন আমি সহ্য করেছিলাম। তবুও প্রভু সে সমস্ত থেকে আমাকে উদ্ধার করেছেন।

[12] প্রকৃতপক্ষে, খ্রীষ্ট যীশুতে যারা ভক্তিপূর্ণ জীবনযাপন করতে চায়, তারা তাড়িত হবেই।

[13] কিন্তু একই সময়ে, দুষ্ট প্রকৃতির লোকেরা ও প্রতারকেরা, ক্রমাগত মন্দ থেকে নিকৃষ্টতার দিকে যাবে, তারা অন্যদের প্রতারণা করবে, নিজেরাও প্রতারিত হবে।

[14] কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ, তা পালন করে চলো। কারণ, তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ, তা তুমি জানো

[15] এবং বাল্যকাল থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সকলই খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম।

[16] আবার সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী,

[17] যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।

2 তিমথি — Chapters