Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:37

[1] ঈশ্বরের আত্মা সুস্পষ্টভাবে বলছেন যে, পরবর্তীকালে কিছু সংখ্যক মানুষ বিশ্বাস পরিত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্টাত্মা দ্বারা প্রভাবিত হবে ও এসব আত্মা ও তাদের বিষয়সমূহের অনুসারী হবে।

[2] এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক তপ্ত লোহার দ্বারা যেন দগ্ধ হয়ে গেছে।

[3] তারা লোকদের বিবাহ করতে নিষেধ করে ও কোনো কোনো খাদ্যগ্রহণ করা থেকেও দূরে থাকার জন্য আদেশ দেয়, যা ঈশ্বর এই অভিপ্রায়ে সৃষ্টি করেছেন, যেন যারা বিশ্বাসী এবং সত্য জানে, তারা ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সেইসব খাদ্যগ্রহণ করে।

[4] ঈশ্বরের সৃষ্ট সবকিছুই ভালো এবং ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে, কোনো কিছুই পরিত্যাজ্য নয়,

[5] কারণ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনায় এগুলি পবিত্র হয়ে যায়।

[6] এসব বিষয় যদি ভাইবোনেদের বুঝিয়ে দিতে পারো, তাহলে তুমি যীশু খ্রীষ্টের উত্তম পরিচর্যাকারী হয়ে উঠবে, কারণ বিশ্বাসের বিভিন্ন সত্যে এবং উত্তম শিক্ষায় তুমি লালিত হয়েছ, যা তুমি অনুসরণ করে এসেছ।

[7] ঈশ্বরবিহীন রূপকথা এবং বৃদ্ধা মহিলাদের গালগল্পে মগ্ন না হয়ে নিজেকে ভক্তিপরায়ণ হতে প্রশিক্ষিত করে তোলো।

[8] শরীরচর্চার কিছু মূল্য আছে, কিন্তু ভক্তির মূল্য আছে সর্ববিষয়ে। তা ইহকাল এবং পরকাল, উভয় জীবনেরই জন্য প্রতিশ্রুতি বহনকারী।

[9] একথা বিশ্বাসযোগ্য এবং সর্বতোভাবে গ্রহণযোগ্য;

[10] কারণ এজন্যই আমরা পরিশ্রম ও কষ্ট স্বীকার করছি। কারণ সেই জীবন্ত ঈশ্বরেরই উপরে আমরা প্রত্যাশা অর্পণ করেছি, যিনি সকল মানুষের, বিশেষত বিশ্বাসীদের পরিত্রাতা।

[11] তুমি এই সমস্ত বিষয়ে নির্দেশ ও শিক্ষা দাও।

[12] তুমি যুবক বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে, কিন্তু কথায়, আচার-ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায়, তুমি বিশ্বাসীদের আদর্শ হয়ে ওঠো।

[13] আমি না আসা পর্যন্ত প্রকাশ্যে শাস্ত্রপাঠ, প্রচার ও শিক্ষাদানে নিজেকে ব্যাপৃত রাখো।

[14] তুমি যে বরদান লাভ করেছ, তা অবহেলা কোরো না, যা ভাববাণীমূলক বার্তার মাধ্যমে তোমাকে দত্ত হয়েছিল, যখন প্রাচীনেরা তোমার উপরে হাত রেখেছিলেন।

[15] এসব বিষয়ে মনঃসংযোগ করো, সম্পূর্ণভাবে সেগুলিতে আত্মনিয়োগ করো, সকলে যেন তোমার উন্নতি দেখতে পায়।

[16] তোমার জীবন ও শাস্ত্রশিক্ষা সম্বন্ধে একান্তভাবে সচেতন থেকো। এগুলি পালন করেই চলো, তাহলে তুমি নিজেকে এবং তোমার কথা যারা শোনে, তাদেরও রক্ষা করতে পারবে।

1 তিমথি — Chapters